CPIM Protest Rally

সিপিআই(এম) অফিস ভাঙচুর অগ্নিসংযোগ, প্রতিবাদ মিছিল দত্তপুকুর-বসিরহাটেও

রাজ্য জেলা

প্রতিবাদ মিছিল বসিরহাটে। ছবি প্রবীর দাস

শুক্রবার রাতে দত্তপুকুর ২ নম্বর রেলগেটের পাশে সিপিআই(এম) এরিয়া কমিটির অফিস সহ মোট পাঁচটি অফিস ভাঙচুর করা হয়েছে। রাত ১১টার পর বিজেপি আশ্রিত জনাকয়েক দুষ্কৃতী অফিসগুলি ভাঙচুর করে। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি সহ প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট করে ফেলে। অফিসের চেয়ার টেবিল, বৈদ্যুতিক সরঞ্জাম, লাল পতাকা ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে শনিবার এলাকার মানুষদের নিয়ে এক বিশাল মিছিল দত্তপুকুরের বিভিন্ন এলাকা ঘুরে এরিয়া কমিটির অফিসের সামনে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) নেতা আহমেদ আলী খান, শম্ভু দাশগুপ্ত প্রমুখ। রাতের অন্ধকারে পার্টি অফিসে হামলার ঘটনায় এলাকার মানুষদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় শুধু দত্তপুকুরেই নয় প্রতিবাদ মিছিল সংগঠিত হয় বসিরহাট শহরেও। শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে পরিকল্পিত বর্বরোচিত আক্রমণ চালায় বিজেপি। বিরাটী, দত্তপুকুর, বিলকান্দা, হাবড়া অশোকনগর সহ অন্যান্য জায়গায় সিপিআই(এম)’র সভায় হামলা ,পার্টি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে শনিবার বিকালে মিছিল সংগঠিত হয় বসিরহাট শহরে। সিপিআই (এম) বসিরহাট -১ এবং ২নম্বর এরিয়া কমিটির আহ্বানে এদিন বসিরহাট বৌবাজার সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু হয়। ইটিন্ডা রোড ধরে মিছিল দীর্ঘ পথ পরিক্রমা করে বোটঘাটে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন সিপিআই(এম) উত্তর ২৪পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রতাপ নাথ, উভয় এরিয়া কমিটির সম্পাদক বিশ্বজিৎ বসু ও কিঙ্করকান্তি রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment