Bhangor College SFI Bail

ভাঙড় কলেজের প্রতিবাদী ছাত্রদের জামিন, আইনজীবীদের আক্রমণ এবিভিপি’র

রাজ্য জেলা

মঙ্গলবার বারুইপুর আদালতে বিজেপি ও এবিভিপির সমর্থকরা।

অনিল কুণ্ডু: বারুইপুর

ভাঙড় কলেজে বিজেপি নেতাকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনায় ধৃত ৪ ছাত্র কর্মীকে জামিন দিল বারুইপুর আদালত। ২টি পৃথক মামলায় তাঁদের গ্রেপ্তার করে ভাঙড় থানার পুলিশ। মঙ্গলবার ধৃত এসএফআই কর্মী শাহরুখ আখতার আলি মোল্লা ও আসলাম হাবিব এবং ছাত্র ফ্রন্টের কর্মী রবিউল মিস্ত্রী ও রবিউল জামান শেখকে বারুইপুর মহকুমা আদালতে হাজির করলে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন। গতকাল, ২১ সেপ্টেম্বর, বিজেপি নেতা সায়ন্তন বসুকে ভাঙড় কলেজের পরিচালন সমিতির সভাপতি মনোনীত করার প্রতিবাদে ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। সোমবার কলেজের পরিচালন সমিতির দায়িত্বভার নিতে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ হয়। পুলিশ কলেজ ক্যাম্পাসের ভিতরে ঢুকে লাঠিচার্জ করে ছাত্রদের ওপর।
মঙ্গলবার ধৃত ছাত্র কর্মীদের বারুইপুর মহকুমা আদালতের বিচারক জামিন দেওয়ায় আদালত চত্বরে ধৃতদের আইনজীবীদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় বারুইপুরের বিজেপি ও এবিভিপির সমর্থকরা। আদালত চত্বরে পুলিশের উপস্থিতিতে সায়ন ব্যানার্জি আইনজীবীদের ডিম ও ঢিল ছোঁড়া হয়। দফায় দফায় উত্তেজনা হয়। এসএফআই কর্মী, সমর্থকদের সঙ্গে বিজেপি,এবিভিপির সমর্থকদের মধ্যে মুখোমুখি শ্লোগান, পাল্টা শ্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আদালত চত্বরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বিজেপি, এবিভিপি সমর্থকদের ধাক্কাধাক্কি হয়। দীর্ঘ সময় ধরে বহিরাগতরা আদালত চত্বরে ভিড় করে থাকে। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী আদালত চত্বর থেকে বহিরাগতদের সরিয়ে দেয়। 
এদিকে ধৃত ছাত্রকর্মীদের পক্ষের আইনজীবীরা আদালত থেকে বেরনোর সময় ফের তাঁদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়। আইনজীবী ও এসএফআই কর্মীদের আদালত থেকে বেরোতে বাধা দিতে আদালতের বাইরে বিজেপি ও এবিভিপি’র সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। সায়ন ব্যানার্জিসহ আইনজীবীদের লক্ষ্য করে ‘গো ব্যাক‘ শ্লোগান দেয়। পাল্টা এসএফআই সমর্থকরা শ্লোগান দেয়। 
সায়ন ব্যানার্জি বলেন, আদালত চত্বরে আইনজীবীরা আক্রান্ত হচ্ছেন। ডিম, ইট ছুড়ে মারা হয়েছে। আদালতে চত্বরে ২ ঘন্টা ধরে আইনজীবীদের আটকে থাকতে হয়েছে। আইনের শাসন কোথায়। বিচারক বারবার পুলিশকে ডেকে বলেছেন বহিরাগতদের সরিয়ে দিতে। এই আক্রমণ সমগ্র আইনজীবীদের উপর আক্রমণ। আদালত জামিন দেওয়ায় আইনজীবীদের উপর আক্রমণ করা হচ্ছে। 

Comments :0

Login to leave a comment