কর্পোরেট স্বার্থবাহী জনবিরোধী কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে মিছিল, রাস্তা অবরোধ, বাজেটের কপি পোড়ানো হলো হাওড়া জেলা জুড়ে। এদিন শ্যামপুর ২নং ব্লক অফিসের সামনে, শ্যামপুর ১নং ব্লকের হোগলাসী মোড়, জগৎবল্লভপুর ব্লকের প্রতাপপুর মোড়, উদয়নারায়নপুর ব্লকের উদয়নারায়নপুর বাসস্ট্যান্ড ও কৃষ্ণচক, আমতা ১নং ব্লকের কুরিটপোল, আমতা ২নং ব্লকের নারিট বাজার এবং বাগনান ১নং ব্লক এলাকায় বাজেটের কপি পোড়ানো হয়।
কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বাজেটের প্রতিবাদে মিছিলের মধ্য দিয়ে বিক্ষোভ জানালেন কৃষক ও ক্ষেত মজুররা। মঙ্গলকোট ব্লক কৃষক সভা এবং ক্ষেত মজুর শ্রমজীবী ইউনিয়নে ডাকে এই মিছিল সংগঠিত হয়। মিছিল থেকে আওয়াজ তোলা হয়- কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বাজেটে বিরুদ্ধে সমস্ত মানুষ গর্জে উঠুন, আনন্দপুর এ শ্রমিকদের নির্মম ভাবে পুড়িয়ে মারা হল কেন রাজ্য সরকার জবাব দাও, শ্রমিক মারা শ্রম কোড আইন বাতিল করতে হবে, ১০০ দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে, এস আই আর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা চলবে না।
মঙ্গলকোটের কৈচর এরিয়া অফিস থেকে শুরু হয়ে এই মিছিল গঞ্জের বিভিন্ন রাস্তা পরিক্রমা শেষে রেলস্টেশন চত্বরে জমায়েত হয়ে এখানে বিক্ষোভ দেখান এবং বাজেটের কপি পুড়িয়ে দিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
কৃষক শ্রমিক বিরোধী কর্পোরেট স্বার্থবাহী ও জনস্বার্থবিরোধী কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে মঙ্গলবার সারা ভারত কৃষক সভা আলিপুরদুয়ার ১ নং ব্লক কমিটির অন্তর্গত পূর্ব কাঠালবাড়ি অঞ্চল কমিটির উদ্যোগে একটি মিছিল এলাকা পরিক্রমা করে সিলবাড়ি হাট বাজারে বাজেটের কপি পোড়ানো কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে কৃষক, কৃষি শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থবিরোধী বাজেটের তীব্র প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, এই বাজেট কর্পোরেটদের সুবিধা বাড়িয়ে কৃষক শ্রমিকদের অধিকার খর্ব করেছে। অবিলম্বে জনমুখী, কৃষকবান্ধব ও শ্রমিক স্বার্থরক্ষাকারী বাজেট দাবি জানানো হয়। কর্মসূচিতে সংগঠনের নেতৃত্ববৃন্দ ও এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন। এতে সরকারের নীতির বিরুদ্ধে গণআন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয় এবং ঐক্যবদ্ধ লড়াইয়ের শপথ নেওয়া হয়।
Comments :0