Md Salim Rejinagar

পুলিশ, কমিশনকে দিয়ে ভোট করানো যাবে না: রেজিনগরে সেলিম

রাজ্য জেলা

রেজিনগর উপনির্বাচনের প্রচারে মহম্মদ সেলিম।

গণতন্ত্রে মানুষ ঠিক করে। গোটা দেশে গণতন্ত্র কেড়েছে বিজেপি। গণতন্ত্রে মানুষ ঠিক করে কী হবে। আর বিজেপি মানুষের অধিকার কেড়েছে, তাই মানুষের ভোটাধিকারও কেড়ে নিয়েছে এসআইআর’র নামে। পুলিশকে দিয়ে মমতার কায়দায় বিধানসভা উপনির্বাচন দখল করতে নেমেছে বিজেপি। আমরা বলছি কোনও নেতার কথায় নয়, পুলিশ বা নির্বাচন কমিশনকে আইন মেনে কাজ করতে হবে।
বৃহস্পতিবার রেজিনগর কেন্দ্রের উপনির্বাচনে প্রচারে অংশ নিয়ে একথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বামফ্রন্ট প্রার্থী মহম্মদ সইদকে নিয়ে প্রচারে অংশ নেন মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা, আফরিন বেগম সহ নেতৃবৃন্দ।
সেলিম বলেন, মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবিতে সারা দেশের মানুষ রাস্তায় নেমেছেন। সুতরাং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যদি মনে করেন কমিশনের সিইও-কে দিয়ে ভোট করাবেন, আমরা বলছি, এত সহজ হবে না। তিনি বলেন, বিজেপি সরকারের অন্যায়ের বিরুদ্ধে বারবার রাস্তায় বামপন্থীরাই নেমেছে। হকার উচ্ছেদ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্যায়ের বিরুদ্ধে বামপন্থীরা থেকেছে। সেজন্য ওদের এত ভয় লাল ঝান্ডাকে।
এদিন প্রচারে সেলিম মনে করিয়েছেন যে বামপন্থীরা বিধানসভায় কী বলেছিলেন। তিনি বলেন, বামপন্থীরা বারবারই বলেছি যে তৃণমূলের বিকল্প বিজেপি নয়। কারণ দুই দলেরই নীতি এক। আর ভোটের পরই দেখা গেল বিধায়ক আর সাংসদরা পালে পালে বিজেপি’র সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে। তৃণমূলের সময়ে লুট, গণতন্ত্রের ওপর আক্রমণ, বিরোধীদের কন্ঠরোধের ঘটনাক্রম উল্লেখ করেন তিনি। সেলিম বলেন, সে সময়ে তৃণমূলের হয়ে যারা এ কাজ করেছিল তার মধ্যে শুভেন্দু অধিকারীর নামও আছে। সেই শুভেন্দুই আজ বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হয়েছে। তিনি বলেন, সরকারে আসীন হয়েই বিজেপি গরিব মানুষের ওপর আক্রমণ নামিয়েছে। হকারদের উচ্ছেদ করেছে। 
সেলিম মুর্শিদাবাদে তৃণমূলের সাংসদদের নিয়ে এক প্রশ্নে বলেন, এদের রাজনীতির ঠিক আছে? কোনও নীতি আছে? ভোটের সময় বিজেপি-কে বিপদ বলে জিতেছে। এখন সেই বিজেপি’র হাতে মোয়া খাচ্ছে। তিনি বলেন, লোকসভার ভোট হয়নি। হয়েছে বিধানসভার ভোট। রাজ্যের সরকার বদলেছে। অথচ তৃণমূলের এক কুড়ি সাংসদ বিজেপি’র কোলে গিয়ে উঠেছে।

Comments :0

Login to leave a comment