SFI Delhi announces strong protests against NTA

পরীক্ষায় অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ, এনটিএ বাতিলের দাবিতে জোরালো প্রতিবাদের ঘোষণা এসএফআই দিল্লির

জাতীয়

নেট পরীক্ষা পরিচালনায় ত্রুটির কথা স্বীকার করে নিয়ে রবিবারই পুনঃপরীক্ষার নির্ঘন্ট প্রকাশ করে এনটিএ, সেই ঘটনার প্রতিবাদেই সোমবার এনটিএ-র দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই দিল্লি, প্রগতিশীল বাম ছাত্র সংগঠনের কর্মীরা। সেইসময় তাঁদের ওপর দিল্লি পুলিশ ব্যাপক অত্যাচার চালায়, সেইসঙ্গে এসএফআই-র বহু কর্মীকে এদিন আটক ও করে দিল্লি পুলিশ। 
এদিনই প্রেস বিজ্ঞপ্তি জারি করে এসএফআই কর্মীদের প্রতি দিল্লি পুলিশের অত্যাচারের তীব্র নিন্দা জানিয়েছে এসএফআই দিল্লি রাজ্য কমিটি।  
প্রেস বিজ্ঞপ্তিটিতে বলা হয়, জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা পরিচালনায় এনটিএ -র ব্যর্থতার বিরুদ্ধে এসএফআই দিল্লি ও অন্যান্য প্রগতিশীল সংগঠনের ডাকা প্রতিবাদ কর্মসূচিতে শত শত শিক্ষার্থী অংশ নেয়। ইউজিসি-নেটের  তিনটি  বিষয় পরীক্ষা বাতিলের প্রতিবাদে দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এনটিএ-র কার্যালয়ের সামনে সমবেত হয়। দিল্লি পুলিশ অত্যন্ত নিন্দনীয়ভাবে নারী সহ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। সেইসঙ্গে,  এসএফআই দিল্লি রাজ্য সম্পাদক সুরজ এলামন ও রাজ্য সভানেত্রী নাদিয়া সহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক ও করে দিল্লি পুলিশ।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত দশ বছরে ৮০টিরও বেশি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং এনটিএ -র প্রাতিষ্ঠানিক ব্যর্থতার কারণে আরও অনেক ক্ষেত্রে পুনরায় পরীক্ষা নিতে হয়েছে। জুন মাসে নেওয়া ইউজিসি-নেট পরীক্ষার , ৪৫ দিন অতিক্রান্ত হওয়ার পর এনটিএ ঘোষণা করে যে প্রশ্নপত্রের ব্যাপক ভুল থাকায় ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিজ্ঞান বিষয়ের পরীক্ষাগুলি পুনরায় নেওয়া হবে।
এসএফআই  দিল্লি জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষায় এনটিএ -র অব্যবস্থাপনার ফলে লক্ষ লক্ষ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে, বিজেপি সরকারের বিরুদ্ধে ওঠা প্রতিবাদকে নির্মমভাবে দমাতে দিল্লি পুলিশকে ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি, অযোগ্য এনটিএ-কে বাতিল না করা পর্যন্ত এই প্রতিবাদ আরও জোরদার হবে বলেও এদিন জনিয়েছে তাঁরা ।

Comments :0

Login to leave a comment