Ram Navami Rally

দুবরাজপুরে রামনবমীর মিছিলে একসঙ্গে তৃণমূল-বিজেপি’র প্রার্থী

জেলা

দুবরাজপুরের রামনবমীর শোভাযাত্রায় পাশাপাশি তৃণমূল প্রার্থী নরেশ বাউড়ি ও বিজেপি প্রার্থী অনুপ সাহা।

রামনবমীর মিছিলে ‘রামভক্তি’র উগ্র আস্ফালনে মিলে গেল তৃণমূল-বিজেপি! পাশাপাশি রামনবমীর শোভাযাত্রায় পথ হাঁটলেন দুই দলের বিধায়ক। জড়িয়ে ধরলেন একে অপরকে। এটা স্রেফ সৌভাতৃত্বের বিনিময়, দাবি ভোটের লড়াইয়ে ‘যুযুধান’ দুই পক্ষের প্রার্থীর। 
এদিন দুবরাজপুরের শোভাযাত্রায় পাশাপাশি হেঁটেছেন তৃণমূল প্রার্থুী নরেশ বাউড়ি ও বিজেপি প্রার্থী তথা বর্তমান বিধায়ক অনুপ সাহা। জড়িয়ে ধরেছে একে অপরকে। তবে ভোটের আবহে যাতে এ নিয়ে খুব বেশি চর্চা না হয় সেদিকেও পুরোমাত্রায় নজর ছিল দুজনেরই। তাই কিছুক্ষন মিছিলের সামনে পাশপাশি হাঁটার পর তারা নিজেদের মধ্যে দূরত্ব বাড়িয়ে নেন। তবে এই চিত্রকে ‘অন্যভাবে’ দেখার পক্ষে জেলার প্রবীন করসেবক, প্রাকত্ন সংঘ প্রচারক ও বর্তমানে ময়ূরেশ্বর বিধানসভার প্রার্থী দুধকুমার মন্ডল। তৃণমূল নেতার রামনবমীর মিছিলে শামিল হওয়া প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘এটা হিন্দুত্ববাদী মনোভাবের জাগরণ।’’ 
তিনি নিজেও এদিন ময়ূরেশ্বের রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। এদিন দুধকুমার মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ‘‘তৃণমূলের লুটের টাকার শেষ নেই। অল্পবয়সী ছেলেদের নানা প্রলোভনে বেপথে চালিত করছে। তাতে সংঘ পরিবারের ছেলেরাও প্রলোভিত  হচ্ছে।’’ এককথায়, তৃণমূলের রামনবমীতে শামিলের অর্থ হিন্দুত্ববাদী মনোভাবের জাগরণ আর অন্যদিকে সংঘ পরিবারের ছেলেদের তৃণমূলে যাওয়া প্রলোভনে পা দেওয়া, এমনই মনোভাব ব্যক্ত করে প্রবীন করসেবক তথা বিজেপির ময়ূরেশ্বর বিধানসভার প্রার্থী দুধকুমার মন্ডলের তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘‘ধর্ম নিয়ে রাজনীতি নয় ঠিক, তবে রাজনীতির একটা ধর্ম আছে।’’
দুবরাজপুরের শোভাযাত্রায় হাঁটতে হাঁটতে তৃণমূল প্রার্থী নরেশ বাউড়ির বক্তব্য, ‘‘রাম সকলের। রামের অর্থ দূর্নীতিমুক্ত। তৃণমূল প্রার্থীর সাথে পথ হাঁটা, জড়িয়ে ধরা সৌভ্রাতৃত্বের বিনিময়।’’ অপরদিকে বিজেপি প্রার্থী অনুপ সাহার মন্তব্য, ‘‘আজ সারাদেশ রামময় হয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গেও রামরাজত্ব তৈরি হবে।’’ 

Comments :0

Login to leave a comment