West Bengal Election 2026

সন্ত্রাস কবলিত চোপড়ায় বাম প্রার্থীর সমর্থনে বাইক মিছিল

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

তপন বিশ্বাস: ইসলামপুর 
উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভার অন্তর্গত কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকা দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সন্ত্রাস ও আতঙ্কের আবহে আবদ্ধ। তৃণমূলী দুষ্কৃতীরা গত পঞ্চায়েত ভোটে বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেয়নি। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় চোপড়ায় সিপিআই(এম)’র কর্মীদের ওপরে তৃণমূলী দুষ্কৃতীদের বেপরোয়া গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৯ বছরের যুবক মনসুর আলম। সেদিন আহত হন বেশ কয়েকজন সিপিআই(এম) কর্মী। স্থানীয়দের বক্তব্য শাসকদল ছাড়া অন্য কোনও রাজনৈতিক দলের নাম উচ্চারণ করাও এখানে ঝুঁকিপূর্ণ। এমন পরিস্থিতিতেই সিপিআই(এম) প্রার্থী মোকলেশ্বর রহমানের সমর্থনে একটি বাইক মিছিল ঘিরে এলাকায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই এই মিছিলকে পরিবর্তনের সম্ভাবনার ইঙ্গিত হিসেবে দেখছেন। এদিনের মিছিল দেখতে ঘর থেকে বেরিয়ে আসেন আবাল বৃদ্ধ বনিতারা। তাঁরা বলছেন, তৃণমূলের শাসনকালে চোপড়ার রাজনীতি দুর্বৃত্তদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। রাজনৈতিকভাবে পরাধীন চোপড়া। এবারের নির্বাচনকে পাখির চোখ করে স্বাধীনতার স্বাদ পেতে চায় চোপড়ার মুক্তিকামী মানুষ। কারণ হিসাবে স্থানীয়দের অভিযোগ, সুজালি গ্রাম পঞ্চায়েতে শাসকদলের বিরুদ্ধে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করলে তাঁকে মোটা অঙ্কের জরিমানা কিংবা সামাজিক বয়কটের মুখে পড়তে হয়। ফলে ভয়ের পরিবেশে বিরোধী মতপ্রকাশ প্রায় অসম্ভব হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক এই বাইক মিছিল কিছুটা হলেও সাধারণ মানুষের মনে সাহস জুগিয়েছে বলে মত অনেকের।
এলাকার এক প্রবীণ বাসিন্দা, যিনি একসময় বাম সমর্থক ছিলেন। তিনি পরিচয় গোপন রাখার শর্তে বলেন, প্রকাশ্যে কিছু বলা সম্ভব নয়, তবে ভোটে ইভিএমের মাধ্যমেই তাঁরা নিজেদের মতামত জানাবেন। অনেক অত্যাচার সহ্য করেছি, এবার জবাব দেব ভোটে’’ এই কথাগুলি এদিন বলতে শোনা যায় তাঁকে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই এলাকা একসময় কুখ্যাত দাপটের জন্য পরিচিত ছিল। স্থানীয়দের অভিযোগ, অতীতে আব্দুল হকের নেতৃত্বে বোমা ও বন্দুকের দাপটে বিরোধীদের দমিয়ে রাখা হতো। পরবর্তীতে দলীয় কোন্দলের জেরে তার প্রভাব কমে গেলে সেই জায়গা নেন আব্দুস সাত্তার। নেতৃত্ব বদলালেও এলাকার পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি বলেই অভিযোগ রয়ে গেছে। সিপিআই(এম) প্রার্থী মোকলেশ্বর রহমান বলেন, ‘‘আমাদের অনেক সমর্থক রয়েছেন, কিন্তু ভয়ের কারণে তাঁরা সামনে আসতে পারছেন না। তবুও তাঁরা গোপনে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।’’ তিনি আরও জানান, সুজালিতে বাইক মিছিল করা একটি বড় চ্যালেঞ্জ ছিল, যা তাঁদের কর্মীরা সফলভাবে সম্পন্ন করেছেন। তবে তিনি স্পষ্ট করে দেন, সমর্থকদের নিরাপত্তার কথা ভেবেই তাঁদের প্রকাশ্যে আসতে নিরুৎসাহিত করা হয়েছে। বাম সমর্থকদের মতে, সুজালির রাজনৈতিক পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ হলেও, পরিবর্তনের প্রত্যাশায় কিছু মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হচ্ছে।

Comments :0

Login to leave a comment