বারাসাত ব্লক ২ কৃষক সভার নেতৃত্বে বৃহস্পতিবার বাকবান সাইবেরিয়াতে অবস্থিত ব্লক দপ্তরের সামনে এক বিরাট সমাবেশ হয়। সমাবেশ থেকে কৃষকের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। ভোটার লিস্ট থেকে ন্যায্য ভোটারদের নাম বাতিল করার প্রতিবাদে এইখানে সমাবেশ করায় সম্প্রতি সেই সমাবেশের উপরে নিশংস আক্রমণ চালিয়েছিল তৃণমূল বাহিনী। সিপিআই(এম) সম্পাদক মন্ডলী সদস্য আহমেদ আলী খান সহ অনেক পার্টি কর্মী এবং মহিলারা জখম হয়েছিলেন। সেই স্থানেই বৃহস্পতিবার ফের সমাবেশের আহ্বান করায় হাজারে হাজারে সমবেত হন এলাকার মানুষজন। বক্তাদের মধ্যে ছিলেন সিপিআই (এম) উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক পলাশ দাশ, কৃষক সভার নেতা আহমেদ আলী খান, ইমতিয়াজ আলী, সন্তোষ ব্যানার্জি। সভাপতিত্ব করেন মহাদেব ঘোষ। কুতুব উদ্দিন আহমেদের নেতৃত্বের ১০ জনের প্রতিনিধি দল স্মারকলিপি দেন।
বারাসাত ব্লক ২ তে খাস জমিতে পাট্টা ও বর্গা পাওয়া সমস্ত উচ্ছেদ হওয়া কৃষককে পুনরায় তাদের জমিতে প্রতিষ্ঠিত করতে হবে। কৃষি সরঞ্জাম সার বীজের দাম কমাতে হবে, কৃষকদের থেকে সরাসরি ভাবে ন্যায্য দামে কিষাণ মান্ডিকে ধান কিনতে হবে। পাটের দাম কুইন্টাল প্রতি ১৮ হাজার টাকা করতে হবে এবং জেসিআই'কে পাট কিনতে হবে। ২০০ দিনের কাজ চালু করতে হবে এবং মজুরী বৃদ্ধি করতে হবে। এই দাবিগুলি সহ ১৮ দফা দাবি স্মারকলিপিতে লেখা হয়।
উল্লেখ্য; চলতি বছরের ২০ জানুয়ারি বারাসাত ২ বিডিও অফিসে এসআইআর’র নামে জনগনের হেনস্থার প্রতিবাদ করতে গেলে মঙ্গলবার তৃণমূল দুষ্কৃতীরা সিপিআই(এম) নেতা কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায়। তূণমূলের হামলায় গুরুতর জখম হন সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য আহমেদ আলি খান সহ অনেকে। তাঁদের বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই আক্রমণের পরে এদিন ফের বারাসাত ব্লক ২ দপ্তরের সামনে বিরাট সমাবেশ কৃষক সভার নেতৃত্বে।
Farmers Rally In Barasat
১৮ দফা দাবিতে স্মারকলিপি, বিশাল কৃষক সভার সমাবেশ বারাসাতে
×
Comments :0