Bridge Collapses

কোচবিহারে ভেঙে পড়ল সেতু, বিপাকে বহু মানুষ

জেলা

তৃণমূল আমলে সেতু সংস্কারের নামে হয়েছে প্রহসন। তার ফলস্বরূপ সোমবার সকালে মাল বোঝাই লরির ভার সহ্য করতে না পেরে ভেঙে পড়ল কোচবিহার  ২নং ব্লকের আমবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধনীরাম রেলগেট সংলগ্ন কংক্রিটের সেতু। এই পরিস্থিতিতে আমবাড়ি ও বোকালির মঠ এলাকার মধ্যে সড়ক যোগাযোগ রীতিমতো বিপন্নতার মুখোমুখি। লরিটি উদ্ধারের পাশাপাশি এই ভেঙে পড়া সেতুর পাশে অস্থায়ী ভাবে বাঁশের সাঁকো নির্মাণের তৎপরতা চলছে জোর কদমে। তবে বাঁশের সাঁকো দিয়ে যোগাযোগ ব্যবস্থা সুগম হবেনা বলেই মনে করছেন স্থানীয় মানুষেরা।
এই দুই এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা সুগম করতে ঘরঘরি নদীর একটি শাখার ওপর বাম আমলে নির্মিত হয় এই পাকা সেতুটি। সেতুটির পূর্ব দিকে আমবাড়ি এবং পশ্চিম দিকে রয়েছে বোকালির মঠ এলাকা। এই দুই গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তায় এই সেতুটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার সকালে রেলের কাজের লোহা বোঝাই লরির ভারে এই সেতুটি ভেঙে পড়ায় সীমাহীন সংকট এর মুখোমুখি দাঁড়িয়ে এই দুই গ্রামের বাসিন্দারা।
আমবাড়ি এলাকায় রয়েছে আমবাড়ি ধনীরাম হাইস্কুল, প্রাথমিক স্কুল, ধনীরাম চৌপথি বাজার, সরকারি চিকিৎসার সাব সেন্টার, অন্যদিকে বোকালির মঠ এলাকায় রয়েছে নরনাথ হাইস্কুল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র।  এই সেতুটি ভেঙে পড়ায় সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ীদের পাশাপাশি সীমাহীন সমস্যা পড়তে হলো স্কুল পড়ুয়াদের। চিকিৎসা পরিষেবা নেবার ক্ষেত্রেও বিপাকে পড়তে হলো স্থানীয় বাসিন্দাদের।
সর্বোপরি প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার এই বোকালির মঠ এলাকায় বসে হাট। আমবাড়ি এলাকার বড় অংশের কৃষিজীবি মানুষ তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে নিয়ে যান সংশ্লিষ্ট এই হাটে। এই সেতুটি ভেঙে পড়ায় বড়সড় ক্ষতির সম্মুখীন হবেন তারা বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত শিক্ষক অঞ্জন সিংহ। দ্রুততার সাথে এই সেতুটি পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন সিপিআই(এম) নেতা উত্তম অধিকারী।

Comments :0

Login to leave a comment