নরেন্দ্র মোদীরা বুঝে গেছেন তাঁদের পায়ের নিচের শক্ত মাটিটা আর শক্ত নেই, দ্রুত শিথিল হয়ে সরে যাচ্ছে। বড় মাপের মাপকাঠি না হলেও রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ইঙ্গিত দিচ্ছে সাধারণ মানুষের মধ্যে মোহভঙ্গ শুরু হয়ে গেছে। গেরুয়া ঝান্ডা আর সনাতনী বুলি আওড়ালে যে পেট ভরে না, কাজ জোটে না, মজুরি বাড়ে না সেটা গ্রামীণ রাজস্থানের মানুষ উপলব্ধি করছেন। এই রাজ্যেই কয়েকদিন আগে পৌর নির্বাচনের ফলাফল সেই অর্থে লাল সঙ্কেত না হলেও বোঝা গেছে মানুষের ভাবনা বদলাচ্ছে। হিন্দুত্ববাদী আরএসএস-বিজেপি’র উপর মানুষের আস্থা টলে যাচ্ছে।
মোদীরা ভেবেছিলেন একান্ত অনুগত ও অন্ধ ভক্ত জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনকে ব্যবহার করে নানা কৌশলে ভোট চুরি ও কারচুপির মাধ্যমে রাজ্যে রাজ্যে ও কেন্দ্রে ক্ষমতা ধরে রাখা যাবে। মহারাষ্ট্রে, হরিয়ানায়, বিহারে, পশ্চিমবঙ্গে, আসামে বিস্তর সুফলও মিলেছে। কর্নাটক, মধ্য প্রদেশেও অনেক সুবিধা মিলেছে। বস্তুত গত লোকসভা নির্বাচনে জ্ঞানেশ কুমারের তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা ও মদত না মিললে মোদীদের পক্ষে ক্ষমতায় ফেরা অসম্ভব ছিল। অতি উচ্চাকাঙ্ক্ষা ও অতি আত্মবিশ্বাসে ভর করে মোদীরা ৪০০ পার করার ডাক দিয়েছিলেন। শেষ পর্যন্ত ৪০০ তো অনেক দূরের ব্যাপার, সরকার গড়ার জন্য ন্যূনতম সংখ্যাও জোগাড করা যায়নি। ২৪০ আসনেই মোদী-শাহ-দের অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিয়েছেন জনগণ। বিহারের নীতিশ কুমার এবং অন্ধ্রে চন্দ্রবাবুর কাঁধে ভর দিয়েই শেষ পর্যন্ত তৈরি হয়েছে মোদীদের খোঁড়া সরকার।
ইতিমধ্যে এই সরকার দু’বছর অতিক্রম করেছে। কিন্তু মানুষের আস্থা একটুও বাড়েনি। নানা প্রশ্নে ক্রমাগত বেড়ে চলেছে ক্ষোভ আর অসন্তোষ। ধর্মীয় আবেগ, দেশপ্রেমের জোয়ার, সাম্প্রদায়িক বিদ্বেষ-বিভাজনের গোলোক ধাঁধায় মানুষকে ভুলিয়ে রেখে ক্ষোভ চাপার প্রাণপণ চেষ্টা চালানো হয়েছে। কিন্তু উচ্চ হারে মূল্যবুদ্ধি কাঁটা, রোজগার না বাড়ায় যন্ত্রণা, কর্মহীন, বিশেষ করে অল্প বয়সি শিক্ষিত ছেলে-মেয়েদের স্বপ্ন চৌপাট হয়ে যাবার আশঙ্কা বেশি দিন চাপা দিয়ে রাখা যায়নি। জেন জি’দের প্রতিবাদ-বিক্ষোভের মধ্য দিয়ে সেসব বিস্ফোরকের মতো সামনে চলে এসেছে। স্বাভাবিকভাবেই মোদী ভীত। এই অবস্থায় দেশের বাস্তব দুরবস্তার ছবি যত বেশি বেশি সামনে আসছে, বিরোধীরা তাকে কেন্দ্র করে যত বেশি সরকারকে কাঠগড়ায় দাঁড করাচ্ছেন, সরকার বিরোধী আন্দোলনের তীব্রতা যত বাড়ছে ততই মোদীয় অসহায়বোধ করছেন। জ্ঞানেশ কুমারের ছলচাতুরিও মানুষ ধরে ফেলেছেন। লোকসভার আসন বাড়িয়ে এবং নিজেদের সুবিধা মতো পুনর্বিন্যাস করে ২০২৭ সালে উতরে যাওয়ার ছকও বিশ বাঁও জলে।
এখন ১২ বছরের ব্যর্থতার পর ব্যর্থতার ফর্দ যখন দীর্ঘায়িত হয়েছে মানুষ যখন সেসব নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে মোদী তখন নিজের ব্যর্থতার দাঁয় কিছুকা কর্পোরেটের ঘাড়ে চাপিয়ে দিয়ে বাঁচার রাস্তা খুঁজছেন। মনে রাখতে হবে দেশ চলে সরকারের নীতিতে ও পরিকল্পনায়, কর্পোরেটের মর্জিতে নয়। কর্পোরেট যা অপকর্ম করছে তা মোদীদের জ্ঞাতসারেই করছে। সরকার তাদের অবাধ সুযোগ দিয়েছে, যথেচ্ছ মুনাফা লোটার। কাজের সুযোগ তৈরি না করে, মজুরি না বাড়িয়ে, বিনিয়োগ না করে দেদার মুনাফা ঘরে তুলেছে। এর দায় মোদীদেরই।
Editorial
বাঁচার রাস্তা খুঁজছেন মোদীরা
×
Comments :0