NATUNPATA | PARBAN 1433 | STORY | BRAZIL, BRISHTI R AMI | SOURISH MISHRA | 21 NOVEMBER 2026 | 4th YEAR

নতুনপাতা | পার্বণ ১৪৩৩ | গল্প | ব্রাজিল, বৃষ্টি আর আমি | সৌরীশ মিশ্র | ২১ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

NATUNPATA  PARBAN 1433  STORY  BRAZIL BRISHTI  R AMI  SOURISH MISHRA  21 NOVEMBER 2026  4th YEAR

নতুনপাতা

পার্বণ ১৪৩৩

গল্প : ব্রাজিল, বৃষ্টি আর আমি

সৌরীশ মিশ্র

২১ নভেম্বর ২০২৬ - ৪র্থ বর্ষ 

কিছুদিন আগে যখন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল ভারতের সঙ্গে ম্যাচটা খেলতে এল কলকাতায়, তখন সেই খেলাটা টিভিতে দেখতে-দেখতেই মনে পড়ে গেল ব্রাজিল টিমকে নিয়ে আমার ছোটবেলার একটি সুন্দর স্মৃতি। শৈশবের সেই গল্পটাই তোমাদের বলবো বলে আজ কলম থুড়ি কিবোর্ড ধরেছি!
সে কয়েক দশক আগের কথা। আমি তখন ক্লাস সিক্স কি সেভেনের ছাত্র। দু'জন মাস্টারমশাই-এর কাছে প্রাইভেট টিউশন নিতাম আমি। বিষয় দু'টি ছিল অঙ্ক আর ইংরেজি। তা, অঙ্ক করতাম যাঁর কাছে, তিনি সপ্তাহে এক দিন পড়াতেন, এক সন্ধ্যাবেলায়। তা, আমার বাবা-ই আমাকে নিয়ে যেতেন ওনার বাড়ি। আবার টিউশন শেষে নিয়েও আসতেন। এমনিতে অঙ্ক সাবজেক্টটা আমার ভালোই লাগতো। কিন্তু, যেদিনের কথা বলছি সেইদিন, স্কুল থেকে ফিরে কেন জানি না ইচ্ছাই করছিল না যে ঐদিন টিউশনে যাই। মা-কে বলব সে কথা, না কি বলবো না, সেই কথা ভাবতে-ভাবতে আমার ঘরের জানলার পাশে এসে দাঁড়িয়ে যেই না আকাশের দিকে তাকিয়েছি, দেখি, গোটা আকাশটাই কালো-কালো মেঘে পুরো ঢেকে গেছে। আর ঐ দেখেই, আমার মনের মধ্যে যে কি আনন্দ হোলো, কি বলবো আর! মনে মনে ভাবলাম, যেমন মেঘ করেছে, ঝমঝমিয়ে বৃষ্টি এলো বলে। আর, আমার যে ভীষণ রকম সর্দি-কাশির ধাত, বাবা চাইলেও মা আমাকে কিছুতেই ঐ বৃষ্টির মধ্যে যেতে দেবেন না টিউশনে। মনে-মনে নিজেকেই নিজে আশ্বস্ত করলাম, না, আর কোনো চিন্তার ব্যাপারই নেই, আজ আর যেতে হবে না টিউশনে। বৃষ্টি জোরসে নামলো বলে!
কিন্তু, কপাল মন্দ হলে যা হয়! বাবা ঘন্টাখানেক বাদে অফিস থেকে এলেন। তারপর টিফিন করলেন। আমরা যে সময় বেরোই বাড়ি থেকে সেই সময়ও এসে গেল, তবু, একটা ফোঁটা বৃষ্টিও পড়ল না! 
কি আর করা যাবে! বাবার সাথে বেড়িয়ে পড়লাম। বাস ধরে পৌঁছলাম স্যারের বাড়ির বাসস্টপে। আর ঠিক তখনই, আকাশ ভেঙে একেবারে হুড়মুড়িয়ে বৃষ্টি শুরু হোলো! কি বলব, তখন আমার যে কি রাগ হয়েছিল বৃষ্টির উপর তা বলার কথা নয়!
যাই হোক। ঘন্টা দুয়েক বাদে স্যারের টিউশন ক্লাস শেষ হোলো। বন্ধুদের সাথে হইহই করতে করতে করতে বেরোলাম স্যারের বাড়ি থেকে। টিপ-টিপ বৃষ্টি পড়ছে তখনো।
বেড়িয়েই দেখলাম বাবা দাঁড়িয়ে গেটের সামনে আমার বন্ধুদের অভিভাবকদের সাথে। 
আমাকে দেখেই বাবা এগিয়ে এলেন আমার কাছে। তারপর বললেন, "চল্। ও দাঁড়া, এই নে, এইটা ঢুকিয়ে নে তোর ব্যাগে।" বলে ব্রাজিলের বিখ্যাত ফুটবলার রোমারিও-র একটা পোস্টার এগিয়ে দিলেন আমার দিকে।
"রোমারিও-র পোস্টার! কোথায় পেলে বাবা?" উচ্ছ্বসিত আমি বলে উঠি সাথে-সাথে।
এক্কেবারে ছোটোবেলা থেকেই ফুটবল-পাগল আমি। তার উপর আবার, ঐদিনের মাত্র ক'দিন আগেই শেষ হয়েছিল ফুটবল বিশ্বকাপ। সেই বিশ্বকাপের ঘোর কাটেনি তখনও আমার। আমি তো তাই ভীষণই খুশি। পোস্টারটা ঘুরিয়ে-ফিরিয়ে দেখতে লাগলাম।
বাবা বললেন, "সামনের মার্কেটটায় গেছিলাম। দেখি, এই সান্ধ্য পত্রিকাটা আজ দিচ্ছে ফ্রি তে রোমারিও-র এই পোস্টারটা। ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতল না! তোর জন্য তাই নিয়ে নিলাম একটা। তোর ঘরের দেওয়ালে লাগিয়ে নিস।"
"থ্যাংক ইউ বাবা।" বলে বাবাকে জড়িয়ে ধরি। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে একটু আদর করে দিলেন। তখনই খেয়াল হোলো আরো একজনকে থ্যাংক্স জানানো তো কর্তব্য আমার। কাকে? কেন বৃষ্টির একটা থ্যাংক্স তো প্রাপ্যই! আজ যদি টিউশন আসার সময় খুব জোর বৃষ্টি হোতো, তাহলে, না বাবার সাথে আমার আসা হোতো টিউশনে, না বাবা এখানকার মার্কেটে যেতেন, না এই সান্ধ্য পত্রিকাটা যে রোমারিও-র পোস্টার দিচ্ছে আজ তা বাবা জানতে পারতেন, না আমি পেতাম রোমারিও-র এই দারুণ পোস্টারটা। আমি আর দেরী করিনা, আকাশের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলি, "থ্যাংক ইউ বৃষ্টি!"

 

Comments :0

Login to leave a comment