Editorial

শুভবু‍‌দ্ধি না ভান

সম্পাদকীয় বিভাগ

অনেকটা ভূতের মুখে রাম নামের মতো শিল্প মহলের সামনে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন তুলেছেন সরকার তো কর্পোরেটের জন্য অনেক কিছু করেছে। কিন্তু বিনিময়ে তারা কর্মসংস্থান বাড়িয়েছে কি? মজুরি বাড়িয়েছে কি? অবিশ্বাস্য মনে হলেও দেশের অন্যতম শীর্ষ বণিকসভা ফিকি’র বার্ষিক অধিবেশনে মোদী বলতে বাধ্য হয়েছেন তাঁর জমানায় কর্পোরেট কর ৩০ শতাংশ থেকে ২২ শতাংশ হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আরও কমানো হয়েছে। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড় হয়েছে। ব্যবসা-বাণিজ্যের নিয়ম-কানুন সহজ-সরল ও কর্পোরেট বান্ধব করা হয়েছে। কমানো হয়েছে জিএসটি। সর্বক্ষেত্রে এবং সর্ব বিষয়ে সরকারের কাছে কর্পোরেটের জন্য জামাই আদরের সুবন্দোবস্ত হয়েছে। কর্পোরেটপতিরা যখন যা আবদার করেছে মোদী সরকার তা পূরণ করেছে। দে‍‌শের যাবতীয় খনিজ, বনজ, জলজ সম্পদ কর্পোরেট লুটের জন্য অবারিত হয়েছে। সরকারি মালিকানাধীন বিমান বন্দর ও সমুদ্র বন্দরগুলি কর্পোরেট মুনাফার স্বার্থে জলের দরে বেসরকারিকরণ হয়েছে। গুচ্ছ গুচ্ছ রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারি হাতে হন্তান্তর হয়েছে। রেল ও সড়ক পরিবহণ ধাপে ধাপে যাচ্ছে বেসরকারি হাতে। শিক্ষা ও স্বাস্থ্যে চলছে বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণ। অর্থাৎ অর্থনীতির সর্বক্ষেত্রে এমনকি মানুষের মৌলিক ক্ষেত্রেও নেমে এসেছে মুনাফার লক্ষ্যে বেসরকারি থাবা। সরকারি নীতি ভাষ্য বার বার জানিয়েছে দেশের দ্রুত বিকাশ, সার্বিক উন্নয়ন, বিনিয়োগ, শিল্পায়ন, কর্মসংস্থান ইত্যাদির জন্য বেসরকারি উদ্যোগই পথ। এমন কথাও শোনানো হয়েছে কারখানা চালানো, ব্যবসা করা সরকারের কাজ নয়। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা অধুনিক ও উন্নত করতে দরকার দেশি-বিদেশি বেসরকারি বিনিয়োগ।
দীর্ঘ ১২ বছর নীতি আঁকড়ে ধরে কর্পোরেটমুখী সরকার পরিচালনা করে এই প্রথম প্রধানমন্ত্রী কর্পোরেটকে প্রশ্ন করছেন কাজের সুযোগ বাড়েনি কেন? কর্মীদের মজুরি বাড়েনি কেন? যে অনিবার্য ও নির্মম সত্যটা বিগত বছরগুলিতে অর্থনীতিবিদরা বলেছেন, বিরোধীরা এইসব প্রশ্নে সরকারকে লাগাতার কাঠগড়ায় তুলছে, শ্রমিক, কৃষকরা দেশ জুড়ে একটার পর একটা আন্দোলন সংগঠিত করে আলোড়ন তুলছে সেটা বুঝতে ৫৬ ইঞ্চির বিশ্বগুরুর এক যুগ লেগে গেছে। ধর্মান্ধ সনাতনী ভাবধারার অন্ধকূপে পড়ে থাকলে এসব বোধ জন্মায় না। কে এদের বোঝাবে ছাতির জোরে বা পেশি শক্তির আস্ফালন করে অর্থনীতির বিকাশ হয় না। কর্মসংস্থান বাড়ে না, মানুষের আয় বাড়ে না, জীবনযাত্রার মান উন্নত হয় না। তার জন্য দরকার আধুনিক চিন্তা চেতনায় শাণিত হওয়া দেশ বলতে নির্দিষ্ট নির্দিষ্ট ভূখণ্ডের ঊর্ধ্বে গিয়ে দেশের মানুষকে বোঝা। দেশের উন্নয়ন মা‍‌নে কর্পোরেট উন্নয়ন বা বিত্তবানদের উন্নয়ন নয়। দেশের প্রকৃত উন্নয়ন মানে দেশের সকল মানুষের উন্নয়ন। সকলের জন্য উন্নত আধুনিক শিক্ষা, সকলের জন্য সাধ্যের মধ্যে উন্নত চিকিৎসা। সকলের জন্য কাজ, পর্যাপ্ত মজুরি বা আয়।
১২ বছর ধরে মোদীরা এই প্রকৃত উন্নয়নের পথের বিপরীতে হেঁটেছেন। তাই দেশে বিনিয়োগ হচ্ছে না। তরুণ সমাজ কাজ পাচ্ছে না। মজুরি বা আয় বাডছে না। কৃষক ফসলের দাম পাচ্ছে না। দেশ এগিয়ে যাচ্ছে এক গভীর সঙ্কটের দিকে। এখনই পথ না বদলালে ভয়ঙ্কর পরিণতি অনিবার্য।

Comments :0

Login to leave a comment