Post Editorial

সামন্ততন্ত্রের নয়া রূপ: ‘গিগ ইকনমি’

উত্তর সম্পাদকীয়​ সম্পাদকীয় বিভাগ

দেবাশিস মিথিয়া
 

আজকের ঝাঁ চকচকে নগরজীবন আর আকাশছোঁয়া শপিং মল আমাদের প্রতিনিয়ত এক মায়াবী ‘উন্নয়নের’ গল্প শোনায়। আমাদের হাতের মুঠোয় থাকা স্মার্টফোনের স্ক্রিনেও সেই একই চটকদার বিজ্ঞাপনের প্রচার—মাত্র দশ মিনিটে দোরগোড়ায় পণ্য পৌঁছে দেওয়ার ‘ইনস্ট্যান্ট ডেলিভারি’-র হাতছানি, নিমেষে সস্তায় বিলাসবহুল দ্রব্য পাওয়ার লোভনীয় অফার, কিংবা অন্যের শ্রম সস্তায় কিনে নেওয়ার হাজারো স্টার্ট-আপের বিজ্ঞাপন। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, গতি এনেছে—এ কথা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই গ্ল্যামারাস বিজ্ঞাপনের আড়ালে পুঁজিবাদ কীভাবে অত্যন্ত বুদ্ধি করে মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক শোষণকে ফিরিয়ে আনছে, তা আজ তলিয়ে দেখার সময় এসেছে। শপিং মলে ঘণ্টা পিছু সামান্য পারিশ্রমিকে অন্যের ব্যাগ বওয়ার জন্য নিযুক্ত ‘ক্যারিম্যান’, কিংবা বাড়িতে এসে বাথরুম পরিষ্কার করে দেওয়া ‘আর্বান কোম্পানি’-র কর্মী—এঁরা কেউই মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের প্রতীক নন। প্রত্যেকেই আসলে প্রযুক্তির চটকদার মোড়কে মোড়া একবিংশ শতাব্দীর নতুন ‘কর্পোরেট দাস’।
অতীতের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় জমিদার বা অভিজাতদের বাড়িতে একদল মানুষ থাকত, যাদের কাজ ছিল মনিবদের আরাম-আয়েশের দেখভাল করা। মালিক কেনাকাটা করতে বেরোলে পেছন পেছন ভারী ব্যাগ বয়ে নিয়ে যাওয়া, রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে কাজ করে দেওয়া, কিংবা বাড়ির ভিতরে মালিকের পা টিপে দেওয়া—এগুলোই ছিল তাদের কাজ। সমাজ তখন একে ‘শোষণ’ বা ‘দাসত্ব’ বলে চিনত। আজকের উন্নত পুঁজিবাদ সেই একই শোষণকে এক নতুন রূপে বাজারে নামিয়েছে, যার পোশাকি নাম ‘গিগ ইকনমি’ বা ‘অন-ডিমান্ড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস’। এই নতুন  শ্রমব্যবস্থাকে বাস্তবে রূপ দিয়েছে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম। আমেরিকার ‘টাস্ক-র্যা বিট’ থেকে অনুপ্রাণিত হয়ে ভারতে আজ ডানজো, সুইগি জিনি, ক্যারিম্যান বা আর্বান কোম্পানির মতো প্ল্যাটফর্মগুলো গড়ে উঠেছে।
এই ব্যবস্থাকে গ্রহণযোগ্য করে তুলতে এবং শোষণের প্রকৃত চরিত্র আড়াল করতে প্রথমেই বদলে দেওয়া হয়েছে তার ভাষা। এখন আর কাউকেই ‘চাকর’ বা ‘ভৃত্য’ বলা হয় না; তাঁদের গায়ে সেঁটে দেওয়া হয়েছে নতুন তকমা—‘সার্ভিস পার্টনার’ বা ‘ডেলিভারি পার্টনার’। কিন্তু নাম বদলালেও কাজের চরিত্র বদলায়নি। রেস্টুরেন্টে আপনি লাইনে দাঁড়াবেন না—আপনার হয়ে দাঁড়াবে অন্য এক ক্ষুধার্ত মানুষ; আপনি শপিং মলে কেনাকাটা করে ক্লান্ত হবেন না—আপনার ভারী ব্যাগ বয়ে নিয়ে গিয়ে গাড়িতে তুলে দেবে ভাড়া করা ‘ক্যারিম্যান’। এটি আসলে শ্রমের এমন এক পণ্যকরণ, যা মানুষের আত্মসম্মানকে টাকার অঙ্কে নামিয়ে আনে।
টাকার বিনিময়ে অন্যকে দিয়ে ব্যক্তিগত কাজ করিয়ে নেওয়া বা সামান্য পারিশ্রমিক ছুঁড়ে দিয়ে নিজের ব্যাগ অপরের কাঁধে চাপিয়ে দেওয়ার এই সংস্কৃতির আমদানি মূলত মার্কিন যুক্তরাষ্ট্র তথা পশ্চিমী দুনিয়া থেকে। তবে অন্যের শ্রম ও সময়কে পরিষেবার আকারে বাজারে বিক্রি করার ধারণা নতুন নয়। গৃহপরিচারক, ব্যক্তিগত সহায়ক কিংবা দৈনিক মজুরিভিত্তিক শ্রমের মধ্যে এর পুরোনো সামাজিক রূপ দেখা যায়। কিন্তু ২০১০ সালের পর উবার, ইনস্টাকার্ট ও টাস্ক-র্যা বিটের মতো ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারের ফলে এই বিচ্ছিন্ন শ্রমবাজার একটি প্রযুক্তিনির্ভর ও সংগঠিত বাণিজ্যিক কাঠামো পেতে শুরু করে। তখন থেকেই অন্যের শ্রম ও সময় কিনে নেওয়ার এই সংস্কৃতি প্রাতিষ্ঠানিক রূপ নিতে থাকে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৬ কোটিরও বেশি মানুষ, যা মোট শ্রমশক্তির প্রায় ৩৬ শতাংশ বলে বিভিন্ন সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, কোনো না কোনোভাবে এই শ্রমব্যবস্থার সঙ্গে যুক্ত। তাঁদের একাংশের কাছে এটি প্রধান জীবিকা, অন্যদের কাছে অতিরিক্ত আয়ের উৎস। তবে এই বিপুল অংশগ্রহণের আড়ালে রয়েছে কর্মসংস্থানের অনিশ্চয়তা ও সামাজিক সুরক্ষার অভাব। একসময় ধনী দেশগুলোতে আভিজাত্য টিকিয়ে রাখতে যে ব্যক্তিগত পরিচারক বা ‘বাটলার’ রাখা হতো, বর্তমানের কর্পোরেট ব্যবস্থা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মধ্যবিত্তের হাতে ঠিক সেই সামন্ততান্ত্রিক সুবিধাই এনে দিয়েছে, যার চটকদার নাম ‘কনসিয়ার্জ সার্ভিস’। এটি এমন এক ধরনের পরিষেবা, যেখানে একজন ব্যক্তির দৈনন্দিন জীবনের যেকোনো ব্যক্তিগত প্রয়োজন ও সুযোগ-সুবিধা টাকার বিনিময়ে অন্য কোনো ব্যক্তি বা সংস্থা সামলে দেয়।
পশ্চিমের জনপ্রিয় ‘কনসিয়ার্জ সার্ভিস’ গ্লোবাল সাউথের উন্নয়নশীল দেশগুলোতে এসে একেবারেই অন্য রূপ নিয়েছে। আজ ভারতসহ এশিয়ার দেশগুলোর তীব্র বেকারত্বকে পুঁজি করে বড় বড় কোম্পানিগুলো আধিপত্য বিস্তার করছে। বাংলাদেশে কর্মসংস্থানের তীব্র সংকটের সুযোগ নিয়ে ‘পাঠাও’ বা ‘ফুডপান্ডা’-র মতো অ্যাপ-নির্ভর প্ল্যাটফর্ম গড়ে উঠেছে, যেখানে হাজার হাজার শিক্ষিত যুবক নামমাত্র পারিশ্রমিকে ডেলিভারি কর্মী হতে বাধ্য হচ্ছেন। একই ছবি দেখা যায় দক্ষিণ আফ্রিকাতেও। সেখানে বর্ণবৈষম্য ও বেকারত্বের সুযোগ নিয়ে ‘উবার’ বা ‘বোল্ট’-এর মতো বহুজাতিক সংস্থাগুলো তরুণ সমাজকে কোনো চুক্তি বা সুরক্ষা ছাড়াই ডিজিটাল শ্রমদাসে পরিণত করছে। রাষ্ট্রগুলোর চাকরি দিতে না পারার এই ব্যর্থতাকে মূলধন করে পুঁজিবাদের এই নতুন শোষণমূলক মডেল আজ এই দেশগুলোর আনাচে-কানাচে থাবা বসাচ্ছে।
গত এক দশক ধরে, বিশেষ করে ২০১৫-২০১৬ সালের পর থেকে—ভারতের শ্রমবাজারে এই সংস্কৃতির প্রবেশ ঘটে।এই সাময়িক স্বাচ্ছন্দ্যের আড়ালে বেকারত্ব ও কর্মসংস্থানের অনিশ্চয়তার যে ভয়ঙ্কর ছবি লুকিয়ে রয়েছে, তার একটি ইঙ্গিত মেলে নীতি আয়োগের রিপোর্টে। ২০২২ সালের রিপোর্ট অনুযায়ী, ২০২০-২১ সালে ভারতে গিগ কর্মীর সংখ্যা ছিল প্রায় ৭৭ লক্ষ। সংস্থাটির অনুমান, ২০২৯-৩০ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে প্রায় ২ কোটি ৩৫ লক্ষে পৌঁছতে পারে। অর্থাৎ, আগামী দিনে ভারতের শ্রমবাজারে এই কর্মব্যবস্থার গুরুত্ব আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
অন্যান্য মেট্রো শহরের এই পরিবর্তন খুব দ্রুত কলকাতার বুকেও চলে আসে। এখানে এই গিগ ইকোনমি বা অন-ডিমান্ড সার্ভিসের আসল বাড়বাড়ন্ত শুরু হয় মূলত ২০১৮-২০১৯ সালের পর থেকে, যা পরবর্তীতে কোভিড মহামারির সময়ে আরও ভয়ানক চেহারা নেয়। সেই সময় নজিরবিহীন বেকারত্ব ও মানুষের চরম অসহায়তাকে পুঁজি করে ডিজিটাল প্ল্যাটফর্ম নির্ভর এই শোষণের তীব্রতা বাড়ে। গত দুই-তিন বছরে এই পরিষেবার বিস্তার শহরের বুকে ক্রমশ দৃশ্যমান হয়ে উঠেছে। আধুনিকতার প্রলেপে ঢাকা এই নব্য-সামন্ততান্ত্রিক মানসিকতা আজ কলকাতার মধ্যবিত্ত সমাজকেও গ্রাস করছে।
‘ক্যারিম্যান’ যদি শপিং মলের মতো প্রকাশ্য জায়গায় মানুষের বড়লোকিপনা দেখানোর উপায় হয়, তবে ‘আর্বান কোম্পানি’ সেই একই সামন্ততান্ত্রিক মানসিকতাকে টেনে এনেছে মানুষের একেবারে শোবার ঘর আর বাথরুমে। এ দেশের শহুরে মধ্যবিত্ত ও উচ্চবিত্তের নিজের কাজ নিজে না করার যে মজ্জাগত বাবুয়ানি—তাকেই স্রেফ ব্যবসার মূলধন করেছে এই কোম্পানিগুলো। এই কর্পোরেট মডেলে পুঁজির এক অদ্ভুত চালাকি দেখা যায়, যেখানে ব্যবসার সমস্ত পুঁজি ও পরিকাঠামোর দায় চাপিয়ে দেওয়া হয় কর্মীর কাঁধে, অথচ মুনাফার সিংহভাগ চলে যায় কোম্পানির পকেটে। আর্বান কোম্পানির একজন বাথরুম পরিষ্কার করার কর্মীকে যেমন পরিচ্ছন্নতার নানাবিধ রাসায়নিক, সাবান কিংবা ভ্যাকুয়াম ক্লিনারের মতো সমস্ত সরঞ্জাম নিজের পকেটের টাকা খরচ করে কিনতে হয়, তেমনই যিনি রূপচর্চা বা সেলুনের কাজ করেন, তাঁকে কিনতে হয় দামি ক্রিম, কাঁচি কিংবা লোশন। এমনকি কোম্পানির প্রচারের জন্য লোগো লাগানো যে টি-শার্ট বা ব্যাগ তাঁরা ব্যবহার করেন, সেটিও এই পরিষেবা প্রদানকারীদের চড়া দামে কিনতে বাধ্য করা হয়। এভাবে নিজের খরচে সমস্ত রসদ জোগাড় করে হাড়ভাঙা খাটুনি খাটার পর কর্মী যখন কিছু টাকা রোজগার করেন, তখন কোম্পানি অত্যন্ত নির্মমভাবে সেই আয়ের প্রায় ২০ থেকে ৩০ শতাংশ কমিশন হিসাবে কেটে নেয়। অথচ,  তাঁদের কপালে জোটে না প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি কিংবা নির্দিষ্ট কর্মঘণ্টার মতো কোনও সামাজিক নিরাপত্তা। কাজ করতে গিয়ে কোনও বড় দুর্ঘটনা ঘটলে বা অসুস্থ হলে কোম্পানি অনায়াসে সমস্ত দায় অস্বীকার করে হাত ঝেড়ে ফেলে। যা প্রমাণ করে যে এই চাকচিক্যময় ডিজিটাল পরিষেবার আড়ালে আসলে লুকিয়ে রয়েছে এক চরম নিরাপত্তাহীন ও অমানবিক ব্যবস্থা।
সামন্ততন্ত্রে ভৃত্যের ভাগ্য নির্ভর করত মনিবের খামখেয়ালিপনা বা মেজাজ-মরজির ওপর। মনিব রুষ্ট হলে চাকরি যেত, জুটত চাবুকের ঘা। আজকের কর্পোরেট সামন্ততন্ত্রে সেই মনিবের জায়গা নিয়েছে ‘অ্যালগরিদম’ এবং ‘কাস্টমার রেটিং’। ফলে গিগ কর্মীদের প্রতিনিয়ত গ্রাহকের সন্তুষ্টি বজায় রাখা এবং নির্দিষ্ট রেটিং ধরে রাখার চাপের মধ্যে কাজ করতে হয়। একজন কর্মী মাথার ঘাম পায়ে ফেলে কাজ করার পরও যদি কোনও গ্রাহকের সামান্য খামখেয়ালিপনা বা খারাপ মেজাজের কারণে আকাঙ্ক্ষিত রেটিং না পান, তবে ডিজিটাল প্ল্যাটফর্মের অ্যালগরিদম তাঁকে কাজ দেওয়া কমিয়ে দেয়। কোনও কোনও ক্ষেত্রে ওই প্ল্যাটফর্ম তাঁকে সম্পূর্ণ ‘ব্লক’ করে দেয়, যার সহজ অর্থ হলো এক ঝটকায় ওই ব্যক্তির বেঁচে থাকার অবলম্বনটুকু কেড়ে নেওয়া। তাই গ্রাহককে সন্তুষ্ট রাখতে এই কর্মীদের সবসময় মুখে কৃত্রিম হাসি নিয়ে, মেরুদণ্ড বাঁকিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। এই মানসিক দাসত্ব, মধ্যযুগের চাবুকের চেয়ে কোনও অংশে কম নির্মম নয়।
দেশ বা রাজ্যের জিডিপি বৃদ্ধির নানা খতিয়ান দেওয়া হয়, বড় বড় শপিং মল বা বিলাসবহুল আবাসনকে তুলে ধরা হয় উন্নয়নের চিহ্ন হিসাবে। কিন্তু ‘ক্যারিম্যান’ বা ‘আর্বান কোম্পানি’-র এই মডেল সেই উন্নয়নের কঙ্কালসার চেহারাটাকেই সামনে এনে ফেলে। সরকার আজ যুবসমাজের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান তৈরি করতে ব্যর্থ। তীব্র বেকারত্ব মানুষকে চারদিক থেকে কোণঠাসা করে ফেলেছে। ফলে শুধু বেঁচে থাকার তাগিদে, পেট চালাতে মানুষ নিজের আত্মসম্মান সস্তায় বিক্রি করতে বাধ্য হচ্ছে। পুঁজির মালিকেরা মানুষের এই অসহায়তা আর খিদেরই সুযোগ নিয়ে একে ‘কর্মসংস্থান’ বা ‘স্মার্ট লিভিং’ বলে প্রচার করছে। কিন্তু বাস্তবে এটি আর কিছুই নয়, মানুষের চরম অসহায়তাকে কাজে লাগিয়ে গড়ে ওঠা এক প্রাতিষ্ঠানিক শোষণব্যবস্থা।
তবে পুঁজির এই মারপ্যাঁচ এবং রেটিংয়ের এই একতরফা জুলুমকে আজ শ্রমিকেরা আর মুখ বুজে মেনে নিচ্ছেন না। এই শোষণমূলক কাঠামোর ভেতর থেকেই আস্তে আস্তে দানা বাঁধছে প্রতিরোধের এক নতুন ভাষা। ভারতের দিল্লি, মুম্বাই বা বেঙ্গালুরুর মতো শহরে অল ইন্ডিয়া গিগ ওয়ার্কার্স ইউনিয়নের ছাতার তলায় এসে ডেলিভারি পার্টনাররা ধর্মঘট করছেন, ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তার দাবিতে রাজপথে নামছেন। এমনকি, বেসরকারি প্ল্যাটফর্মের একচেটিয়া আধিপত্যের বিকল্প হিসাবে কেরল সরকারের উদ্যোগে ‘কেরালা সাওয়ারি’-র মতো সরকারি ও কো-অপারেটিভ পরিষেবার জন্ম হয়েছে, যেখানে চালকদের আয়ের সিংহভাগ কমিশন হিসাবে কোনও বিদেশি কোম্পানির পকেটে যায় না। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ যত বাড়ছে, তার বিরুদ্ধে শ্রমিকদের প্রতিরোধের হাতিয়ারও ততটাই সংগঠিত হয়ে উঠছে।
প্রযুক্তির ক্রমশ উন্নতিতে মানুষের শ্রম লাঘব হওয়ার কথা ছিল, কথা ছিল মানুষকে শোষণের জোয়াল থেকে মুক্তি দেওয়ার। কিন্তু বর্তমান পুঁজিবাদী ব্যবস্থায় প্রযুক্তি হয়ে উঠেছে মানুষকে আরও নিখুঁতভাবে নিয়ন্ত্রণ ও শোষণ করার ডিজিটাল হাতিয়ার। টাকার জোরে অন্য একজন মানুষের শরীর, শ্রম এবং সময়কে সম্পূর্ণ দাসে পরিণত করার এই যে মানসিকতা, তা সভ্যতার কোনও বিকাশ ঘটাতে পারে না। শপিং মলের ঝলমলে আলোর নিচে দাঁড়িয়ে থাকা ক্লান্ত ক্যারিম্যান কিংবা পিঠে ভারী ব্যাগ নিয়ে বাথরুম পরিষ্কার করতে আসা আর্বান কোম্পানির কর্মীর চোখের দিকে তাকালে বোঝা যায়, আমরা আসলে এগোইনি; আমরা একবিংশ শতাব্দীর প্রযুক্তিকে সঙ্গে নিয়ে সুদূর মধ্যযুগের সামন্ততান্ত্রিক অন্ধকারে ফিরে গিয়েছি।
 

Comments :0

Login to leave a comment