Post editorial

উৎসবের নামে পরিবেশ তাণ্ডব

সম্পাদকীয় বিভাগ

ছবি AI

সৌরভ চক্রবর্তী
‘‘অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু,
চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ-উজ্জ্বল পরমায়ু।’’
বিশ্ব কবির আর্তি ভুলে দীপাবলির উৎসব রাতেই বিষাক্ত হয়ে উঠেছিল কলকাতার বাতাস। কার্যত নজিরবিহীনভাবে শব্দ আর ধোঁয়ার উল্লাসে মেতে উঠেছিল কলকাতার পরিবেশ তাণ্ডবকারীরা! রাত ভোর গগনবিদারী শব্দ আর ধোঁয়ায় ঘরে আগল দিয়েও  ভীত-কম্পিত অসুস্থ মানুষ, শিশু, বৃদ্ধজন— প্রাণ ভয়ে আড়াল খোঁজা পশু পাখিকুল। 
'ইন্ডিয়ান এক্সপ্রেস' এর প্রতিবেদন অনুযায়ী, দীপাবলিতে কলকাতায় রাত এগারোটায় AQ.com-এর হিসাবে বায়ুমান পৌঁছেছিল ৬২৩-এ, ভয়াবহ! ১০১ থেকেই তো খারাপ! এ তো হাড় হিম করা ভয়ঙ্কর। টাইমস অব ইন্ডিয়ার ১০ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, সল্টলেকে বাতাসে ভাসমান সূক্ষ্ম কণা পিএম ২.৫ প্রতি ঘনমিটারে ১১৫ মাইক্রোগ্রাম থেকে বেড়ে প্রতি ঘনমিটারে ৪৪৪ মাইক্রোগ্রামে পৌঁছায়, যা ভয়াবহ বিপদের। যাবতীয় আইন কানুন, সময়ের নিষেধাজ্ঞা ভেঙে কলকাতায় ব্যাপকভাবে উচ্চশব্দের বাজি পোড়ানো হয়েছে, যার অনেকটাই আদৌ গ্রিন ক্র্যাকার নয়। নিষিদ্ধ বাজি, নিষিদ্ধ সময়ের পরেও রাতভর বাজি পুড়েছে। হাসপাতালের নীরব এলাকায় শব্দের তাণ্ডবে রোগীদের প্রাণ ওষ্ঠাগত। 
টেলিগ্রাফের প্রতিবেদন, ৯ নভেম্বর রাতে দিল্লির বায়ুমান (AQI)  ১৭০০ ছাড়িয়েছিল, আর কলকাতার ৫৬৫ তে পৌঁছেছিল—এমন উল্লেখ করা হয়েছে। ভাবা যায়!  
যা আমাদের আরও উদ্বেগের মধ্যে ফেলেছে তা হলো, সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী দিল্লির ৫৯টি বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণে দেখা যায় যে, রাত ১টায় এই ৫৯টির মধ্যে মাত্র ২৩টি কেন্দ্র থেকে তথ্য পাওয়া যাচ্ছিল। এজন্যই তা বিশেষভাবে উদ্বেগজনক, কারণ ওই সময়েই বাজি পোড়ানোর ফলে দূষণ দ্রুত বাড়ছিল। তথ্যের বিশ্লেষণে দেখা যায়, দীপাবলির রাতে ৫৯টি কেন্দ্রের মধ্যে ৪৫টি কেন্দ্রের অন্তত একটি দূষক সংক্রান্ত ঘণ্টাভিত্তিক তথ্য অনুপস্থিত ছিল। লোধী রোড কেন্দ্রে ১৯২টি প্রত্যাশিত তথ্যের মধ্যে ৯৬টি পাওয়া যায়নি। AQ.in-এর প্রতিবেদন অনুযায়ী, দীপাবলির পরদিন ৯ নভেম্বর সকালে বিশ্বের দূষিততম শহরগুলোর তালিকায় দিল্লি তৃতীয় এবং কলকাতা চতুর্থ স্থান অর্জন করল। ১৬ নভেম্বর, ছট পুজোর রাতে কলকাতা বিশ্বের প্রথম দূষিততম নগরীর অভিধায় ভূষিত হলো এবং দিল্লি ১২তে নেমে এল। 
শব্দ দৈত্যেরা উন্মুক্ত হলো হাসপাতালেও। সবুজ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন হাসপাতালে সরেজমিনে সমীক্ষার ফল পাওয়া গেল এইরকম: বিসি রায় হাসপাতালে সর্বোচ্চ ৯৬.৪ ডেসিবেল, আরজি কর হাসপাতালে ৯৪.৭ ডেসিবেল, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ৯২.৮ ডেসিবেল। কোথায় প্রশাসন! কতো মুমূর্ষু মানুষের আতঙ্কে রাত কাটলো! কতোজনের মৃত্যু ত্বরান্বিত হলো? পরিবেশ সঙ্কট নিয়ে চারদিকে এতো ঘটনা, এতো আলোচনা মানুষ শুনছে, দেখছে, তবু কেন এই উন্মত্ততা?
এর পর ছট পুজো। ছট পুজোয় নদী-জলাশয়ে পূজা সামগ্রী ফেলার দূষণ। এ বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রতিটি বড় উৎসবের আগে ও পরে সংশ্লিষ্ট জলাশয়ের জল পরীক্ষা বাধ্যতামূলক করা দরকার এবং জল শোধনে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ প্রয়োজন। বিভিন্ন পরীক্ষার ফল জনসমক্ষে প্রকাশও করতে হবে। বলাই বাহুল্য, উৎসবমুখর মানুষকেও জল দূষণে সচেতন হতে হবে। সেজন্যও উদ্যোগ নিতে হবে সরকারকেই।
কালীপুজো থেকে ছট পুজো— দূষিত বায়ুর বলয় গ্রাস করল কলকাতাকে। মাঝে একদিন বৃষ্টিতে কিছুটা বায়ুদূষণ কমলেও আবার বেড়ে গেল। কলকাতা দিল্লিকে পরাস্ত করল। যারা বাজি পুড়িয়ে শিশুর শ্বাসবায়ুকে দূষিত করল, তারা অপরাধী।
বিশ্বে প্রতিবছর বায়ুদূষণের কারণে মৃত্যু শুধু শ্বাসকষ্টে নয়, বরং হার্ট অ্যাটাক, স্ট্রোক, ফুসফুসের ক্যানসার ও অন্যান্য দীর্ঘস্থায়ী রোগে মৃত্যু ঘটে।
বায়ুদূষণজনিত কারণে ২০২৩ সালের স্টেট অব গ্লোবাল এয়ার রিপোর্ট অনুযায়ী, বিশ্বে ৭৯ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর আনুমানিক প্রতি ৮ জনের মধ্যে ১ টি মৃত্যু হলো বায়ুদূষণজনিত কারণে। ভারতে বায়ুদূষণজনিত কারণে, ২০২৩ সালের হিসাবে ২০.০৬ লক্ষ মানুষের মৃত্যু ঘটে, যা বিশ্বের মোট বায়ুদূষণজনিত মৃত্যুর প্রায় ২৫.৩৪ শতাংশ।
ল্যন্সেট প্ল্যনেটরি হেলথ-এর  ২০২৪ সালের গবেষণায় বার্ষিক পিএম ২.৫ মাত্রা প্রতি ঘনমিটারে ১০ মাইক্রোগ্রাম বাড়লে মৃত্যুহার ৮.৬ শতাংশ বেশি হওয়ার সম্পর্ক পাওয়া গেছে। ভারতীয় পিএম ২.৫ মানদণ্ডের ভিত্তিতে ২০০৯ থেকে ২০১৯ সময়ে আনুমানিক ৩৮ লক্ষ মৃত্যুকে পিএম ২.৫ এক্সপোজারের সঙ্গে সম্পর্কিত বলে হিসেব করা হয়েছে। WHO-নির্দেশিত মান ব্যবহার করলে গবেষকদের মডেল অনুযায়ী মৃত্যুর সংখ্যা হয় ১ কোটি ৬৬ লক্ষ।
বায়ুদূষণ কেবল পরিবেশের অবক্ষয় নয়। এটি মানুষের আয়ু, শ্রমক্ষমতা, শারীরিক সক্ষমতা এবং জীবনযাত্রার মানের উপর আঘাত। তাই বিশুদ্ধ বাতাসের অধিকারকে জনস্বাস্থ্য, পরিবেশগত ন্যায়বিচার এবং সামাজিক অধিকারের অবিচ্ছেদ্য অংশ হিসাবে দেখতে হবে।
বিশুদ্ধ পরিবেশে বেঁচে থাকার অধিকার মৌলিক অধিকার। সংবিধানের ২১ নম্বর ধারায় উল্লিখিত বেঁচে থাকার অধিকারের মধ্যে সুস্থ ও নিরাপদ ও দূষণমুক্ত পরিবেশে বেঁচে থাকার অধিকার অন্তর্ভুক্ত। ২৫ নম্বর ধারায় ধর্মাচরণের অধিকার জনস্বাস্থ্য, নৈতিকতা ও অন্যান্য সাংবিধানিক বিচারের অধীন। ধর্মীয় বা সাংস্কৃতিক প্রথা জনস্বাস্থ্যের ঊর্ধ্বে নয়।
২০২৬ সালের ২৯ অক্টোবর বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন ভারালের বেঞ্চ কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে। তারা বলেছেন, শিশু, প্রতিবন্ধী ও প্রবীণ মানুষ সবচেয়ে বেশি বিপন্ন। পিএম কণা কয়েকদিন বাতাসে থাকতে পারে। বাজি থেকে নির্গত সূক্ষ্ম কণা কয়েকদিন পর্যন্ত বায়ুমণ্ডলে থাকতে পারে। শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে রক্তপ্রবাহে পৌঁছে স্বাস্থ্যের ক্ষতি করে।
তবে এটাও ঠিক যে, বায়ুদূষণে সবটাই বাজির দূষণ নয়। বায়ুদূষণের উৎস শুধুই বাজি এটা বলা যায় না। গৃহস্থালি ও বাণিজ্যিক রান্নার জ্বালানি, শিল্প নির্গমন, যানবাহনের ধোঁয়া, রাস্তার ধুলো, বর্জ্য পোড়ানো—সবই বায়ুদূষণের উৎস। কিন্তু বাজি পোড়ানো সার্বিক পরিস্থিতিকে পালটে দেয়। অবস্থা বেশ কিছুদিনের জন্য ভয়ঙ্কর করে তোলে।
এই প্রসঙ্গে বাজি পোড়ানোর মনস্তত্ত্বও কিছুটা আলোচনা করা যেতে পারে। কেন এই আদিম আনন্দ? যে তাৎক্ষণিক আনন্দের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতি হয়। একে পরিভাষায় বর্তমানমুখী পক্ষপাত বা Present Bias বলা হয়। রয়েছে দলগত উন্মাদনা ও সামাজিক অনুকরণ। ২০২৩-এর একটি গবেষণায় দেখা যায়, সামাজিক পরিচয় ও সামাজিক নিয়মাবলি অনেক ক্ষেত্রে গণসমাবেশে মানুষের ঝুঁকিপূর্ণ আচরণকে প্রভাবিত করতে পারে। তাছাড়া থাকে নিষেধাজ্ঞার বিরুদ্ধে মানসিক প্রতিক্রিয়া। ঝুঁকির গুরুত্বকে ছোট করে দেখার প্রবণতাও থাকে। ব্যক্তিগত দায়িত্ববোধের অবক্ষয়ও একটা বড় কারণ। শব্দের মাধ্যমে ক্ষমতা ও আধিপত্য প্রদর্শন। আবার ধর্মীয় পরিচয়ের প্রকাশ্য প্রদর্শনও একটা কারণ। আইন আছে, কিন্তু প্রয়োগ নেই—সামাজিক নিয়ন্ত্রণের ব্যর্থতা। 
প্রশ্ন এখানে তাহলে কি মানুষ ক্রমশ অসংবেদনশীল হয়ে উঠছে? মানবিতার প্রাণস্পর্শ রহিত হচ্ছে? সমাজবদ্ধ জীব কেন সমাজকেই অস্বীকার করছে? 
তাহলে সরকার কি করছে? দায়িত্ব তো সরকারকেই  নিতে হবে। সরকার নিজেই বাজি শিল্পের পরিকাঠামো তৈরি করেছে। ২০২৬ সালের বাজেট বক্তৃতায় স্পষ্টভাবে তার উল্লেখ আছে। সরকারি জমিতে গ্রিন বাজির উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির জন্য সাতটি জেলার নয়টি জমি চিহ্নিত করা হয়েছে। কিন্তু পরিকল্পনার বাসরঘরে এতো ছিদ্র কেন? 
প্রথমে আসা যাক লাইসেন্সে— পরিবেশ সংগঠন সবুজ মঞ্চের দায়ের করা মামলায় রাজ্য সরকারের পেশ করা তথ্য অনুযায়ী, বাজি উৎপাদনের লাইসেন্সের আবেদন সংখ্যা ৯৩, বাজি বিক্রির লাইসেন্স ৮৫২- মোট ৯৪৫। ‘ডাউন টু আর্থ’ পত্রিকার  অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য হলো, পশ্চিমবঙ্গের ২৫১টি অনুমোদিত প্রস্তুতকারকদের মধ্যে কেবলমাত্র ৬টি পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অনুমোদন পেয়েছে। বাকি অজস্র প্রস্তুতকারকেরা অনুমোদনহীন? এতো সরকারের না জানার কারণ নেই। তাহলে দেখাই যাচ্ছে সর্ষের মধ্যেই ভূত— ঢালাও বেআইনি! 
গ্রিন বাজির কিউআর কোড নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এক প্রতিবেদনে দেখা যাচ্ছে, অনুমোদিত সংস্থাগুলো এ বছর গ্রিন বাজির জন্য কিউআর কোড দেবে না বলে রাজ্যকে জানিয়েছিল। অথচ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, গ্রিন বাজির প্রতিটি বাক্সে নির্দিষ্ট কিউআর কোড থাকতে হবে। NEERI-র তালিকায় এ দেশের ১৭০০ প্রস্তুতকারকের মধ্যে পশ্চিমবঙ্গের ২৫১ জন রয়েছেন। পরিবেশকর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন, কিউআর কোড না থাকলে ভুয়ো গ্রিন বাজি বাজারে ঢোকার সুযোগ পাবে, বকলমে নিষিদ্ধ বাজি বাজারে আসবে! এই আশঙ্কাই সত্যি হয়েছে।
রাজ্যের স্বরাষ্ট্র সচিব প্রকাশ্যে জানিয়েছিলেন, বেআইনি বাজির উৎপাদন, বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অথচ দেখাই যাচ্ছে বেআইনি বাজি কলকাতার বাজারে পৌঁছেছে। কোনও ব্যবস্থা নেওয়া হলো না আটকাবার। ২০২৩ সালে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ শব্দ উৎপাদক বাজির সীমা পূর্বের ৯০ ডেসিবেল থেকে বাড়িয়ে ১২৫ ডেসিবেল করেছে। এতে তো পরিবেশ তাণ্ডবকারীরা উৎসাহিতই হবে আর এতে গ্রিন বাজিইতো অর্থহীন হয়ে যায়! এর কোনও উত্তর নেই!
আরও একটি কথা বলে নেওয়া ভালো, গ্রিন বাজিও কোনও দূষণমুক্ত বাজি নয়। এটি সর্বোচ্চ প্রচলিত বাজির তুলনায় নির্দিষ্ট দূষণ কমানোর প্রযুক্তিগত প্রচেষ্টা মাত্র। বলা হয়, এতে ৩০ শতাংশ বায়ুদূষণ কম হয়, শব্দের মাত্রা ১১৫ ডেসিবেল পর্যন্ত বাঁধা থাকে। একে পরিবেশবান্ধব বলে প্রচার করা বৈজ্ঞানিক সত্যের অতি সরলীকরণ। সবুজ নাম দিয়ে কালো দূষণকে আড়াল করার অপচেষ্টা মাত্র। বর্তমান পরিবেশ সঙ্কটে সব ধরনের বাজিকে নিষিদ্ধ করতে হবে।
ভারতের শব্দ দূষণ আইন ২০০০ অনুযায়ী আবাসিক এলাকায় দিনে ৫৫ ডেসিবেল, রাতে ৪৫ ডেসিবেল; নীরব এলাকায় দিনে ৫০ ডেসিবেল, রাতে ৪০ ডেসিবেল নির্ধারিত। 
বোঝাই যায়। সরকারি নীতি, পরিকল্পনা, প্রশাসনিক ব্যবস্থা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাব  সমস্যার উৎসে আছে।  
সরকারের বাজি শিল্পকে ঘরোয়া শিল্প থেকে প্রথাগত শিল্প ক্ষেত্রে আনার আইনি এবং আইনকে কার্যকর করার ব্যর্থতা এমন অবস্থাকে উৎসাহিত করেছে। এর সঙ্গে অযাচিতভাবে মোহন ভাগবতের বাজি পোড়ানোর উপকারিতা সম্পর্কে মন্তব্য পরিবেশ তাণ্ডবকারীদের উৎসাহিত করেছে, নিষিদ্ধতার ঘেরাটোপ ভাঙতে প্রণোদিত করেছে।
জলবায়ু সঙ্কটের এই সময়ে, যখন পৃথিবীর প্রতিটি অপ্রয়োজনীয় গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো জরুরি, তখন উৎসবের নামে বাজি পুড়িয়ে বায়ুমণ্ডলে অতিরিক্ত দূষক ও গ্রিনহাউস গ্যাস নির্গমন পরিবেশের প্রতি চরম দায়িত্বজ্ঞানহীনতা।
এই মুহূর্তের দাবি, সমস্ত ধরনের বাজি নিষিদ্ধ করতে হবে। উৎসবে আলোয় ভাসুক গ্রাম- শহর। পরিবেশের চরম সঙ্কটে জীবনশৈলীর নব অনুশীলন হোক, রক্ষা পাক মানব সভ্যতা।

Comments :0

Login to leave a comment