বিদ্যুৎ রাজগুরু
‘‘রক্তমাখা অস্ত্র হাতে যত রক্তআঁখি, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি।’’
— রবীন্দ্রনাথ ঠাকুর
দেশজুড়ে শিশু হত্যা ও নির্যাতনের খবর আজ রোজকার ঘটনা। দুনিয়াজুড়ে যুদ্ধবাজদের অমানবিক নীতির কারণে শিশুরা কীভাবে বলি হয়েছে, ইতিহাস তার সাক্ষী। এ দেশে সস্তায় সহজলভ্য শিশু শ্রম। চোরাকারবারি, মাদক পাচারসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী শক্তিও আকছার শিশুদের ব্যবহার করছে। তার কতটা সুরাহা করতে পেরেছে রাষ্ট্র?
দেশের মধ্যেই যেন শিশুদেরও দুটো দেশ। একদিকে পথশিশু ও দারিদ্র্যের অভিশাপে অভিশপ্ত শিশুরা, অন্যদিকে প্রাচুর্যের প্রহেলিকায় গা ভাসিয়ে দেওয়া অভিভাবকদের সন্তানরা। উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিশুদের মধ্যে চলছে সোনার হরিণ ধরার এক অশুভ প্রতিযোগিতা।
প্রথম চার বছরেই জ্ঞান, অভিজ্ঞতা ও অনুভূতির মিশেলে শিশুমন গঠিত হয়। তাদের কোনও পূর্ব অভিজ্ঞতা বা ধারণা থাকে না। একটি ফাঁকা সিডির মতোই মস্তিষ্কের কোষগুলি শূন্য থাকে। জ্ঞান, অভিজ্ঞতা ও অনুভূতির মাধ্যমেই শিশুমন গঠিত হয়। কবিগুরু বলেছেন,‘আনন্দহীন শিক্ষা কোনও শিক্ষাই নয়।’ বিভিন্ন ধরনের শিক্ষা, অভিজ্ঞতা ও প্রবণতা অর্জনের মধ্য দিয়েই শিশু থেকে পূর্ণবয়স্ক মানুষের বিকাশ ঘটে। বুদ্ধি ও মেধার বীজ একটি শিশু জন্ম থেকেই বিভিন্ন মাত্রায় ধারণ করে। ক্রমশ তা প্রস্ফুটিত হতে থাকে জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে। আর এর জন্য প্রয়োজন অনুকূল পরিবেশ ও আনন্দময় শিক্ষা। পরিবার হল সেই শাশ্বত বিদ্যালয়।
আর্থ-সামাজিক কারণে বর্তমানে একান্নবর্তী পরিবারগুলি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। যে পরিবার ছিল একাত্মতার পাঠশালা, মূল্যবোধের সূতিকাগার, আজ তার অস্তিত্ব ক্রমশ সংকুচিত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুরা জেদি হয়। কিন্তু সংসারে সেই জেদ সামলানোর মানুষ আজ কোথায়? একসময় আমাদের জেদ সামলাতেন ঠাকুমা, রাঙামা, আরিমা, রেনুমা কিংবা বড়মারা। আজ সেই জেদ সামলানোর জায়গা নিয়েছে স্মার্টফোন ও বিভিন্ন ডিজিটাল গেম। এতেই মগ্ন আজকের শিশুরা।
উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত নির্বিশেষে সবার সন্তান কমবেশি ডিজিটাল আসক্তির শিকার। বৈজ্ঞানিকভাবেই ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার মারাত্মক ক্ষতিকর। এর মধ্যে রয়েছে মারামারি, হিংস্রতা ও দখলদারির প্রবণতা। যা শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে বিরূপ প্রভাব ফেলে। শুরু হয় চোখ ও মাথাব্যথা। পরাজয় মেনে নিতে চায় না কেউ। স্বাভাবিক সামাজিক বিকাশ ব্যাহত হয়।
খেলনা নিয়ে খেলা কিংবা বিভিন্ন ধরনের পুতুল খেলার চল আজ যেন ইতিহাসের পাতায়। যে খেলনার মধ্য দিয়ে একসময় ঘটত সমাজের সবকিছুর ক্ষুদ্র প্রতিফলন। ছোট্ট শিশুর পুতুলকে মাতৃস্নেহে মানুষ করা থেকে শুরু করে ডাক্তার, উকিল কিংবা শিক্ষকতার চর্চাটিও আমাদের অজান্তেই অনুকরণের মাধ্যমে সেরে ফেলত শিশুরা। আপনমনে কত কথাই না বলত তারা। মনোজগতের মহার্ঘ বোধগুলি অঙ্কুরিত হত তখন থেকেই। এ যেন ‘ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে’।
কিন্তু বর্তমানে খেলনা শিল্পেও ঘটেছে আমূল পরিবর্তন। বাজার অর্থনীতি সুকৌশলে ঠিক করে দিয়েছে, কবে আমার-আপনার ঘরের শিশুর খেলনার সংসার কেমন হবে। এখন খেলাচ্ছলে শিশু খেলনা পিস্তলের পরিবর্তে হাতে তুলে নিচ্ছে অটোমেটিক রাইফেল। ট্রিগারে আঙুল চেপে দিলেই কম্পমান শব্দে প্রতিপক্ষ ঘায়েল হয়ে পড়ছে, বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া নিহত সৈনিকের মতো। নির্লিপ্ত, উদাসীন হত্যাকারীর বীজ কখন যে রোপিত হয়ে যাচ্ছে, ইঁদুরদৌড়ে মগ্ন অভিভাবকরা তা টেরই পাচ্ছেন না। শিশু-সারল্য ও মানবিকতার বোধকে চিরতরে পিষে ফেলা হচ্ছে। বিপন্ন হয়ে যাচ্ছে শিশুমনের সুকুমার বৈশিষ্ট্যগুলি।
অন্যদিকে আত্মকেন্দ্রিকতা শিশুদের কল্পনা ও চিন্তাশক্তিকে ধ্বংস করছে। ডিজিটাল গেমে নিমগ্ন আমাদের সন্তানসন্ততিদের সৃজনশীল শক্তি আঘাতপ্রাপ্ত হচ্ছে। সংবাদে প্রকাশ, শিশুদের স্ক্রিন-আসক্তি বিষয়ে ১০১৩ জন শিশুর ওপর একটি সমীক্ষা করা হয়। যারা পাঁচ ঘণ্টা টিভি বা ডিজিটাল স্ক্রিনের সামনে থাকে এবং যারা একেবারেই টিভি দেখে না বা গেম খেলে না কিংবা অল্প সময় খেলে, তাদের ২৫টি করে প্রশ্ন করা হলে দেখা যায়, যারা কম সময় স্ক্রিনের সামনে থাকে, তারাই বেশি নম্বর পেয়েছে। শিশুদের স্ক্রিন-আসক্তিকে মাদকাসক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। জানা যায়, সাইকোথেরাপিস্ট নিকোলাস কারদারাস তাঁর লেখা বইয়ে স্ক্রিন-অ্যাডিকশনকে হেরোইনের থেকেও ভয়ঙ্কর ‘নতুন শতাব্দীর মাদক’ বলে উল্লেখ করেছেন।
স্বপ্ন দেখার বয়স তো কৈশোর আর শৈশব। পবিত্র মন তাদের স্বপ্ন দেখতে শেখায় শিশু সাহিত্যের হাত ধরে। আল মাহমুদের কবিতায় বলি,‘মন হয়ে যায় পাখি তখন, মন হয়ে যায় মেঘ/মন হয়ে যায় চিলের ডানা, মিষ্টি হাওয়ার বেগ।’
সেই ছেলে-ভুলানো গান—‘চাঁদ মামা আয় আয়, চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। মাছ কাটলে মুড়ো দিব, ধান ভানলে কুড়ো দিব, কালো গরুর দুধ দিব, দুধ খাবার বাটি দিব...।’ ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এল বান’ কিংবা ‘আয় বৃষ্টি ঝেঁপে, ধান দেব মেপে’—এরকম অজস্র ছড়া ও ছন্দে তৈরি হত কল্পনার এক অপূর্ব জগৎ।
আত্মকেন্দ্রিক সাফল্যের জন্য শিশুদের শৈশবকে পিষ্ট করে সকল অভিভাবকই চান তাঁদের সন্তান বীরের সম্মান অর্জন করুক। নামী-দামি বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য চলছে অশুভ প্রতিযোগিতা, অর্থাৎ ভারবাহী হওয়ার প্রস্তুতি। সীমিত আসনসংখ্যার মধ্যে চলছে ছোট ছোট শিশুদের মরণপণ লড়াই। প্রত্যেকের চোখেমুখে শিকারি যোদ্ধার তীক্ষ্ণতা। শিশুর সরল শৈশব আজ আত্মকেন্দ্রিকতার ঘেরাটোপে বন্দি। একদল উচ্চাকাঙ্ক্ষী অথচ অন্তঃসারশূন্য মানুষের জন্ম হচ্ছে আমাদেরই তত্ত্বাবধানে। গড়ে তুলছি জড় শিশু, যন্ত্রমানব। যারা আপন আপন সাফল্যের চিন্তায় দিনরাত নিমগ্ন। আমাদের অজান্তেই আমরা এক আত্মঘাতী দর্শনের দিকে ছুটে চলেছি। কখনও শিশুরা হয়ে যাচ্ছে অতিরিক্ত সহনশীল, আবার কখনও প্রাপ্তবয়স্ক মানুষের মতো ক্রোধের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। এমন বিসদৃশ অভিব্যক্তি চিন্তার বিষয় বইকি।
শৈশবের সংবেদনশীল মননজগতে বিকশিত হত সৃজনশীল ধীশক্তি। কিন্তু এখন আর নিষ্পাপ শিশুর ঘুমের দেশে নেমে আসে না স্বপ্নের মমতাময়ী পরিরা। ব্যাঙ্গমা-ব্যাঙ্গমীরা আর শোনায় না মেঘবরণ কন্যার কাহিনি। শিশুমন থেকে হারিয়ে যাচ্ছে রূপকথার সম্ভার। ভারতীয় শিশুদের স্বপ্নের জগৎ পাশ্চাত্যের অতিনায়কদের দখলে। রূপকথার জগৎ থেকে শিশুদের নির্বাসন দিয়ে নিক্ষেপ করছি দর্শনহীন, বোধহীন এক ফাঁপা জগতে। ব্যাধিগ্রস্ত সমাজের ভয়ংকর জীবনদর্শন আমাদের জীবনকে আচ্ছন্ন করছে। প্রতিপক্ষকে বিধ্বস্ত করে সবার আগে থাকার মারাত্মক প্রবণতা শিশুদের সুকুমার প্রবৃত্তিগুলিকে নষ্ট করছে।
নবজাতকের কাছে ‘দৃঢ় অঙ্গীকার’ তখনই সফল হবে, যেদিন সত্যিকারের বাসযোগ্য করে তুলতে পারব এই পৃথিবীকে। তা না হলে শিশু দিবস নিছক উদযাপনের আনুষ্ঠানিকতায় পর্যবসিত হবে। আর বনস্পতি হওয়ার সম্ভাবনা অঙ্কুরেই ধ্বংস হয়ে চিন্তাচেতনাহীন এক ফাঁপা প্রজন্মের জন্ম হবে। যার দায় রাষ্ট্র, সমাজ ও পরিবারকেই নিতে হবে।
শিশু অপরাধীর সংখ্যা হু হু করে বাড়ছে। লালসায় মত্ত ‘ছেলেধরা’র দল দারিদ্র্যের সুযোগ নিয়ে অসহায়, সম্বলহীন শিশুদের দুর্বিষহ জীবনের পথে ঠেলে দিচ্ছে। সামাজিক সুরক্ষাসহ দেশের শ্রম আইন সম্পর্কে বিন্দুবিসর্গও তারা জানে না। বিভিন্ন সামাজিক সংস্থা ও এনজিও সমস্যা নিরসনে কাজ করছে। কিন্তু শিক্ষার প্রসার ও সচেতনতা বৃদ্ধি আশু প্রয়োজন। তবে যাদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যের এত আয়োজন, তারাই থাকে ব্রাত্য, থাকে অন্ধকারে।
শিশুদের ওপর চলে নৃশংস অত্যাচার। কন্যাশিশুদের ওপর যৌন লাঞ্ছনার খবর রোজকার ঘটনা। রক্ষকদেরই অনেক সময় ভক্ষকের ভূমিকায় দেখা যায়। প্রায়-অন্ধকার কুঠুরিতে আর অভিজাত বস্তিতে (আবাসনে) শিশুদের কান্নার লোনা জলে ভেসে যায় সভ্যতার অহংকার। বিভিন্ন ভয়ংকর ঝুঁকিপূর্ণ কাজে সহায়ক হিসেবে ব্যবহৃত হচ্ছে শিশুরা।
বারুদের কারখানায় বিভিন্ন ধরনের আতসবাজি তৈরি থেকে শুরু করে ইটভাটা, পাথর খাদান, কারুশিল্প, রাসায়নিক কারখানা, হোটেল-রেস্তোরাঁয় বয়ের কাজ—সর্বত্রই তাদের দেখা যায়। কোলিয়ারি এলাকায় কয়লাখাদান থেকে কয়লা পাচারের কাজেও ব্যাপকভাবে দারিদ্র্যপীড়িত শিশুদের ব্যবহার করা হচ্ছে। মাফিয়া চক্রের কাছে এ ধরনের শিশুরা একপ্রকার মুশকিল আসান। ভিক্ষাবৃত্তির কাজেও তাদের ব্যবহার করা হয় হামেশাই। গৃহকর্ম, অটোমোবাইল গ্যারাজ, বিড়ি তৈরি, জঙ্গলমহলে পাতার থালা তৈরি, আবর্জনা ঘেঁটে কাগজ কুড়ানোর কাজ, চায়ের দোকানে অদক্ষ শ্রমিক হিসেবে এদের কাজে লাগানো হচ্ছে। রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে পথশিশুদের দেখা যায়।
দেশে শিক্ষার অধিকার আইনে ৬ থেকে ১৪ বছর বয়সি শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলকভাবে স্কুলে পাঠানোর কথা বলা হয়েছে। মিড-ডে মিলসহ বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধারও আশ্বাস রয়েছে। এই বয়সের শিশুদের বিদ্যালয়-আঙিনায় নিয়ে এসে তাদের কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য। শিক্ষার অধিকার আইন অনুযায়ী, যাদের বাধ্যতামূলক লেখাপড়া এখনও শেষ হয়নি, তারাও শিশু। জাতীয় শিশুশ্রম নীতি অনুসারে শিশু শ্রমিকদের পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিপজ্জনক পেশায় নিযুক্ত শিশুদের পুনর্বাসনের দিকে নজর দিয়ে আনুষ্ঠানিক শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত করা এবং তাদের বিশেষ বিদ্যালয়ের মাধ্যমে পুনর্বাসনের পরিকল্পনা গৃহীত হয়েছে।
শুধুমাত্র আইন প্রয়োগ করেই সমস্যার সমাধান সম্ভব নয়। শিশুদের বিশেষ বিদ্যালয়ে পুনর্বাসন এবং তাদের পরিবারগুলির আর্থিক অবস্থার উন্নতিতেও যথাযথ গুরুত্ব দিতে হবে। এছাড়াও দেশ ও রাজ্যজুড়ে জাতীয় শিক্ষানীতির নামে রাষ্ট্রের মদতে ধর্মান্ধতার অন্ধগলিতে হাঁসফাঁস করছে এই প্রজন্মের শিশুরা। যার বিরূপ প্রভাব পড়ছে শিশুমনে।
‘‘রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে’’—এই ধারণার বদল ঘটাতেই হবে। তাই শিশুরা আর মাঠে নয়, বাঁচুক এক বুক স্বপ্ন নিয়ে। সব শিশুমন মগ্ন হোক পাঠে। উইলিয়াম ক্যান্টমির ভাষায়,‘ছোট মণিদের প্রশংসায় আমি বলব... সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর এবং দেবোপম হচ্ছে শিশু।’ আবার কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতায় পাই, ‘জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ/আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ।’
‘এই পৃথিবীকে শিশুদের বাসযোগ্য করে যাব আমি’—সুকান্তের এমনই কালজয়ী পঙ্ক্তিটিকে সামনে রেখে জঞ্জালমুক্ত সমাজ গড়ার শপথ নিতেই হবে আমাদের।
Comments :0