সুদীপ দত্ত
১ ডিসেম্বরের শীতের সকালে এক লক্ষ শ্রমিক লাল পতাকা উঁচিয়ে দিল্লিতে সমবেত হবেন। মিছিল করে এগিয়ে যাবেন সংসদের দিকে, যাতে শাসকরা তাঁদের যন্ত্রণা, দুর্দশা ও দাবির কথা শুনতে বাধ্য হয়। ভারতের শ্রমিকশ্রেণির এই সমাবেশ হবে এক নজিরবিহীন শক্তির প্রকাশ। দেশের সামাজিক ও রাজনৈতিক জীবনে নিজেদের ন্যায্য অধিকার ও মর্যাদার জায়গা পুনরুদ্ধার করতেই এই পদক্ষেপ। কিন্তু কী এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যার জন্য এত বিপুল সংখ্যায় শ্রমিকরা দেশের রাজধানীতে সমবেত হচ্ছেন?
ভারতের শ্রমিকরা দাবি করছেন একটি সভ্য সমাজের আর আমাদের সংবিধানের সবচেয়ে মৌলিক অধিকার— বেঁচে থাকার অধিকার ও জীবিকার অধিকার। হ্যাঁ, আমাদের প্রতিদিন মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে! স্বাধীনতার ৮০ বছর পরেও, এনসিআরবি’র তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৫২,৯১০ জন দৈনিক মজুরির শ্রমিক আত্মহত্যা করেছেন—অর্থাৎ প্রতি দশ মিনিটে একজন। এছাড়াও, বিপজ্জনক কর্মক্ষেত্রে পুড়ে, গরমে কিংবা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে হাজার হাজার শ্রমিকের মৃত্যু হচ্ছে। আমাদের শিশুরা পৃথিবীকে ঠিকমতো চিনে ওঠার আগেই অভাবের শিকার হচ্ছে। অপুষ্টি ও বঞ্চনার শিকার লক্ষ লক্ষ মানুষের জীবন।
এর পাশাপাশি, এসআইআর-এর মাধ্যমে কোটি কোটি মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক ও পরিযায়ী শ্রমিকরা এর শিকার হয়েছেন। তাঁরা সামাজিক সুরক্ষার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন। অর্থাৎ, তাঁদের গণতান্ত্রিক কণ্ঠস্বর এবং সামাজিক সুরক্ষা—দুটিই কেড়ে নেওয়া হচ্ছে।
শ্রমিকরা যখন তাঁদের ন্যায্য মজুরি ও জীবিকার দাবিতে লড়াই করছেন, তখন তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে, ফৌজদারি মামলা চাপানো হচ্ছে এবং দীর্ঘদিন জেলে আটকে রাখা হচ্ছে। ফলে জীবিকার অধিকারের লড়াই, ইতিমধ্যেই মৌলিক গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই— সংগঠন গড়ার অধিকার, প্রতিবাদ করার অধিকার, ভিন্নমত প্রকাশের অধিকার এবং ন্যায়বিচারের দাবিতে লড়াইয়ে পরিণত হয়েছে ।
তাই শ্রমিকরা দিল্লিতে আসছেন তাঁদের বেঁচে থাকার অধিকার, জীবিকার অধিকার এবং সংগঠন গড়া, প্রতিবাদ ও ভিন্নমত প্রকাশের অধিকার রক্ষা করতে! দেশের শাসনব্যবস্থায় যে কর্পোরেট-সাম্প্রদায়িক আঁতাত প্রতিষ্ঠিত হয়েছে, তার বিরুদ্ধে এই লড়াই এক শক্তিশালী প্রতিবাদ। শ্রমিকশ্রেণি তার ঐক্য, সাহস ও আপসহীন মনোভাবের এক বিরাট প্রকাশ ঘটাতে চলেছে।
আর এই লড়াই হতে চলেছে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে, যখন ভারত সহ সারা বিশ্ব ক্ষোভ ও প্রতিরোধের আগুনে উত্তাল! ফ্রান্স, স্পেন, বেলজিয়াম ও ব্রিটেনে যুব সমাজের নেতৃত্বে বিক্ষোভ, ইতালি, আর্জেন্টিনা ও কলম্বিয়ায় শ্রমিক ধর্মঘট এবং অনশন, বৈষম্য ও গণতান্ত্রিক অধিকারের ওপর আক্রমণের বিরুদ্ধে গণআন্দোলন— সবই শাসকগোষ্ঠীকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ব্রাজিলের নির্বাচনী জয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও এই ক্রমবর্ধমান প্রতিরোধের প্রতিফলন দেখা যাচ্ছে। রাজপথ থেকে ব্যালট বাক্স—সব জায়গাতেই মানুষ গণতান্ত্রিক বিকল্পের পক্ষে নিজেদের মত প্রকাশ করছেন এবং শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন। বিশ্ব আজ উত্তাল।
আজকের নয়া-উদারবাদী পুঁজিবাদ এক ব্যর্থ ব্যবস্থায় পরিণত হয়েছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র আবারও কমিউনিজমের আতঙ্কে ভুগছে। নিজেদের আধিপত্য ধরে রাখার মরিয়া চেষ্টায় তারা বহুজাতিক একচেটিয়া পুঁজি, সাম্রাজ্যবাদী আর্থিক প্রতিষ্ঠান এবং সামরিক জোটগুলির নগ্ন শক্তি প্রয়োগ করছে। এর ফলে বিশ্বশান্তি বিপন্ন হচ্ছে, ধ্বংস হচ্ছে লক্ষ লক্ষ মানুষের জীবন ও জীবিকা।
নয়া-উদারবাদী সঙ্কট আসলে পুঁজিবাদের অভ্যন্তরীণ স্ববিরোধিতার আরও গভীর হয়ে ওঠারই প্রতিফলন। দীর্ঘস্থায়ী মন্দা ও মূল্যবৃদ্ধি, বেকারত্ব, বৈষম্য এবং একই সঙ্গে মানুষের ক্রয়ক্ষমতার অভাবে চাহিদা কমে যাওয়া ও বাজারে পণ্যের অতিরিক্ত উৎপাদন—সবই এই ব্যবস্থার সীমাবদ্ধতাকে স্পষ্ট করে দিচ্ছে। উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়লেও শ্রমিকদের ক্রয়ক্ষমতা কমিয়ে রাখা হচ্ছে। এই সঙ্কট মোকাবিলায় যে সরকারি ব্যয় বৃদ্ধি বা অতি ধনীদের ওপর কর বসানো প্রয়োজন, আন্তর্জাতিক অর্থপুঁজি তাতে বাধা দিচ্ছে। অন্যদিকে, সঙ্কটের সময় কোনও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে গেলেই তারা কৃচ্ছ্রসাধনের শর্তাবলী চাপিয়ে দিচ্ছে। এর ফলে মানুষের ক্রয়ক্ষমতা আরও কমছে এবং দেশগুলি অনির্দিষ্টকালের জন্য ঋণের ফাঁদে আটকে পড়ছে।
এই অমানবিক আর্থ-সামাজিক পরিস্থিতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এবং সংগঠিত আন্দোলন গোটা পুঁজিবাদী ব্যবস্থাকেই নাড়িয়ে দিচ্ছে। মানুষের এই ক্ষোভকে দমন করতে স্বাভাবিকভাবেই শাসকশ্রেণি বিভেদমূলক পরিচয়ভিত্তিক রাজনীতি ও কর্তৃত্ববাদী শাসনের আশ্রয় নিচ্ছে। একচেটিয়া পুঁজির মদতে নয়া-ফ্যাসিবাদী শক্তিগুলি মাথাচাড়া দিয়ে উঠছে। উগ্র-জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাকে কাজে লাগিয়ে তারা মানুষের ক্ষোভকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে। এর লক্ষ্য গণতান্ত্রিক অধিকার খর্ব করা, ট্রেড ইউনিয়ন ও বামপন্থীদের ওপর আক্রমণ নামিয়ে আনা এবং এমনকি বুর্জোয়া সংসদীয় গণতন্ত্রের পরিসরকেও সঙ্কুচিত করা। সাম্রাজ্যবাদী যুদ্ধ, ফাটকাবাজি নির্ভর প্রযুক্তি শিল্প, উৎপাদনশীলতা আরও বাড়ানোর মরিয়া চেষ্টা এবং সঙ্কটের বোঝা শ্রমজীবী মানুষের ওপর চাপিয়ে দেওয়ার মধ্য দিয়েই এমন একটি ব্যবস্থাকে টিকিয়ে রাখা হচ্ছে, যা নিজের স্ববিরোধিতার সমাধান করতে অক্ষম।
মার্কিন সাম্রাজ্যবাদ নিজের সঙ্কটের বোঝা গ্লোবাল সাউথের দেশগুলির ওপর চাপিয়ে দিতে চাইছে। আর মোদী সরকার মার্কিন চাপের কাছে আত্মসমর্পণ করে সেই বোঝা ভারতের শ্রমিক, কৃষক ও ক্ষুদ্র উৎপাদকদের ওপর চাপিয়ে দিচ্ছে। ভারতের নয়া-উদারবাদী উন্নয়নের মডেল গোড়া থেকেই কাঠামোগতভাবে ত্রুটিপূর্ণ। এর বৈশিষ্ট্য হলো— দেশের অভ্যন্তরে দুর্বল চাহিদা, শিল্পের অসম বিকাশ, অনিশ্চিত কর্মসংস্থান এবং আন্তর্জাতিক অর্থপুঁজি ও আমদানির ওপর ক্রমবর্ধমান নির্ভরতা।
এর ওপর কর্পোরেট সংস্থাগুলিকে বিপুল ছাড় দেওয়া, বেসরকারিকরণ, সরকারি সম্পদ বিক্রি ও সম্পদের বাণিজ্যিকীকরণ, ভরতুকি কমানো এবং বাণিজ্যনীতি— সবকিছুই সরকারি পরিষেবা, কৃষি ও ক্ষুদ্র শিল্পের ওপর আক্রমণ নামিয়ে আনছে। গ্রামীণ কর্মসংস্থানের নিশ্চয়তা প্রত্যাহার এবং শ্রমকোডগুলি মানুষের অনিশ্চয়তা আরও বাড়াচ্ছে, মজুরি কমিয়ে দিচ্ছে এবং জীবিকাকে বিপন্ন করছে। অমানবিক পরিস্থিতির মধ্যে বেঁচে থাকা শ্রমজীবী মানুষের ওপরই সঙ্কটের বোঝা চাপানো হচ্ছে।
কৃষক ও আদিবাসীরাও একই ধরনের আক্রমণের মুখে পড়ছেন। জমি, বীজ, কৃষি উপকরণ, বিদ্যুৎ ও কৃষিপণ্যের দাম সংক্রান্ত নীতি এবং অবাধ বাণিজ্য চুক্তিগুলি কৃষকদের জীবিকাকে বিপন্ন করছে। জমি অধিগ্রহণ এবং প্রাকৃতিক সম্পদ ধ্বংসের ফলে বহু জনগোষ্ঠী নিজেদের বাসভূমি থেকে উচ্ছেদ হচ্ছেন। জল, জমি ও জঙ্গলের অধিকার রক্ষার লড়াই আজ শ্রমিকশ্রেণির সংগ্রাম থেকে আলাদা নয়। এই ব্যবস্থা যে আসলেই ভেঙে পড়ছে, তা সম্প্রতি প্রধানমন্ত্রীর বণিকসভার ভাষণেই পরিষ্কার হয়ে গেছে। এখন মূল প্রশ্নটি হলো— দেশের সম্পদের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে এবং সরকার কাদের স্বার্থে কাজ করবে?
শ্রমিকশ্রেণিকে এই প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হবে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির দেশব্যাপী সাধারণ ধর্মঘট এবং বিভিন্ন শিল্পাঞ্চলের আন্দোলন প্রমাণ করেছে যে, শ্রমিকদের ঐক্যবদ্ধ শক্তি মালিকপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারে এবং মজুরি বৃদ্ধি আদায় করতে পারে। ছাত্র আন্দোলনও বৃহত্তর গণতান্ত্রিক সংগ্রামে নতুন উদ্দীপনা যোগ করেছে। এই অভিজ্ঞতাগুলি দেখিয়ে দিয়েছে, ঐক্যবদ্ধ প্রতিরোধ শাসকগোষ্ঠীকে কতটা অস্বস্তিতে ফেলতে পারে।
এখন শ্রমিকশ্রেণিকে এই প্রতিরোধকে একটি সমন্বিত রাজনৈতিক ও সাংগঠনিক পালটা আক্রমণে পরিণত করতে হবে। কর্মক্ষেত্রের লড়াইয়ের সঙ্গে গ্রামীণ শ্রমিক, কৃষক, প্রকল্পকর্মী, আদিবাসী, ছাত্র-ছাত্রী এবং সমাজের অন্যান্য অংশের সংগ্রামকে যুক্ত করতে হবে। তাঁদের দাবিগুলিকে জাতীয় রাজনৈতিক বিষয়গুলির কেন্দ্রে নিয়ে আসতে হবে।
এটাই শ্রমিকদের সংসদভবন অভিযানের তাৎপর্য! ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন প্রান্তের শ্রমিকরা দিল্লিতে সমবেত হবেন এবং সংসদের দিকে মিছিল করে এগিয়ে যাবেন। তাঁরা দিল্লিতে আসবেন — কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত প্রকৃত ভারতকে সাথে নিয়ে; বিড়ি ও চা বাগান শ্রমিক, নির্মাণ শ্রমিক, বিদ্যুৎকর্মী, কয়লাখনি শ্রমিক, উৎপাদন শিল্পের শ্রমিক, পরিবহণ শ্রমিক, গিগ কর্মী, প্রকল্পকর্মী— লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ, যাঁদের শ্রমের ওপর গোটা দেশ দাঁড়িয়ে আছে, অথচ শাসকরা যাঁদের কণ্ঠস্বর কখনও শুনতে চায় না। এবার দিল্লিকে শ্রমিকশ্রেণির কণ্ঠস্বর শুনতেই হবে!
দাবিগুলি অত্যন্ত স্পষ্ট ও নির্দিষ্ট।
প্রথমত, চারটি শ্রমকোড বাতিল করতে হবে এবং গ্রামীণ কর্মসংস্থানকে আইনি অধিকার হিসাবে নিশ্চিত করে প্রকৃত অর্থে রেগা পুনরায় চালু করতে হবে, যার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করতে হবে। শ্রমিকদের প্রয়োজন আইনের মাধ্যমে সুনিশ্চিত অধিকার, স্থায়ী ও নিরাপদ কর্মসংস্থান এবং যৌথ দর-কষাকষির অধিকার, আট ঘণ্টার কর্মদিবস, সামাজিক সুরক্ষা এবং যথেচ্ছ ছাঁটাই ও শোষণের বিরুদ্ধে সুরক্ষা।
দ্বিতীয়ত, বিভিন্ন সরকারি প্রকল্পের কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে এবং ৪৫তম ও ৪৬তম ভারতীয় শ্রম সম্মেলনের সুপারিশ কার্যকর করতে হবে। আশা, অঙ্গনওয়াড়ি ও মিড ডে মিল কর্মীরা দেশের পুষ্টি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা সচল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথচ তাঁদের সম্মানসূচক স্বেচ্ছাসেবক বলে দেখিয়ে মাসে মাত্র ১,০০০ থেকে ৪,৫০০ টাকা দেওয়া হয়। তাঁদের ন্যায্য মজুরি, সামাজিক সুরক্ষা এবং পূর্ণ শ্রমিকের অধিকার দিতে হবে।
তৃতীয়ত, মাসে ৪২,০০০ টাকা আইনি ন্যূনতম মজুরি এবং স্বনিযুক্ত মানুষের জন্য ন্যূনতম ৪২,০০০ টাকা আয়ের নিশ্চয়তা দিতে হবে। সর্বজনীন পেনশন দিতে হবে মাসে ২১,০০০ টাকা। সরকারকে এমন কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যাতে প্রত্যেকের জীবনধারণের উপযোগী ন্যূনতম আয় নিশ্চিত হয়। যেখানে তা সম্ভব নয়, সেখানে সরাসরি আর্থিক সহায়তার মাধ্যমে পরিবারের আয় এই স্তরে পৌঁছে দিতে হবে।
চতুর্থত, সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে। স্থায়ী প্রকৃতির কাজ করা চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণ করতে হবে এবং সমান কাজের জন্য সমান মজুরি নিশ্চিত করতে হবে।
পঞ্চমত, কর্মক্ষেত্রে নিরাপত্তা বিধি লঙ্ঘন বন্ধ করতে হবে, পেশাগত নিরাপত্তার মানদণ্ড কঠোরভাবে কার্যকর করতে হবে এবং পরিদর্শন ব্যবস্থা শক্তিশালী করতে হবে। শ্রমিকদের আইনি অধিকার লঙ্ঘন, শিল্পক্ষেত্রে দুর্ঘটনা এবং প্রতিরোধযোগ্য মৃত্যুর দায় মালিকপক্ষকে নিতে হবে। শ্রমিকদের সংগঠন গড়া ও ধর্মঘটের অধিকার রক্ষা করতে হবে। নিজেদের অধিকারের দাবিতে লড়াই করার জন্য শ্রমিকদের অপরাধী করা চলবে না।
ষষ্ঠত, আদিবাসী ও অন্যান্য জনগোষ্ঠীর জীবন ও জীবিকার ভিত্তি যে জল-জমি-জঙ্গল ও প্রাকৃতিক সম্পদ, তা জোর করে অধিগ্রহণ ও ধ্বংস করা বন্ধ করতে হবে। জল, জমি ও জঙ্গলের অধিকার এবং আমাদের রাষ্ট্রায়ত্ত জাতীয় সম্পদ রক্ষা করতে হবে। উচ্ছেদ হওয়া মানুষের পুনর্বাসন দিতে হবে, পুনঃপ্রতিষ্ঠা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে। উন্নয়নের নামে কর্পোরেট সংস্থাগুলির হাতে মানুষের সম্পদ ও অধিকার তুলে দেওয়া চলবে না।
এই দাবিগুলির পাশাপাশি এসআইআর প্রত্যাহার এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি করছি আমরা। সরকার শ্রমজীবী মানুষের অধিকার খর্ব করবে, তাঁদের দুর্দশা বাড়াবে এবং সমাজের মূল্যে কর্পোরেট সংস্থাগুলিকে সম্পদশালী হতে দেবে— অথচ দাবি করবে যে তারা দেশের স্বার্থে কাজ করছে, তা হতে পারে না। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সর্বজনীন পেনশনের অধিকার সরকারকে নিশ্চিত করতেই হবে।
শ্রমিকশ্রেণি আজ এই লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে। কর্পোরেট আধিপত্যের বিরুদ্ধে বৃহত্তর গণতান্ত্রিক সংগ্রামের সঙ্গে অর্থনৈতিক দাবির লড়াইকে যুক্ত করছে। স্থায়ী ও চুক্তিভিত্তিক, সংগঠিত ও অসংগঠিত— সব ধরনের শ্রমিকের মধ্যে সংহতি গড়ে তুলছে। তারা কৃষক, আদিবাসী, ছাত্র-ছাত্রী এবং সমাজের অন্যান্য অংশের মানুষকেও ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। মানুষের ক্ষোভকে সংগঠিত শক্তিতে এবং প্রতিরোধকে ধারাবাহিক পালটা আক্রমণে পরিণত করাই আজকের লক্ষ্য।
২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে দিল্লিকে শ্রমিকশ্রেণির এই শক্তিশালী আত্মপ্রকাশের কেন্দ্র হয়ে উঠতে হবে। যাঁরা দেশ গড়েন, সম্পদ উৎপাদন করেন এবং শিল্প ও পরিষেবা ক্ষেত্রকে সচল রাখেন, সেই শ্রমজীবী মানুষই এই ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে উঠে দাঁড়াবেন, যে ব্যবস্থা সাধারণ মানুষের ওপর সঙ্কটের বোঝা চাপিয়ে কর্পোরেট স্বার্থকে রক্ষা করে।
জাতীয় রাজধানী থেকে শ্রমিকশ্রেণির কণ্ঠস্বর গর্জে উঠুক। এই মিছিল শ্রমিকের অধিকার, জীবিকার নিরাপত্তা, সামাজিক ন্যায় এবং শোষণমুক্ত ভবিষ্যতের দাবিতে আরও শক্তিশালী, ব্যাপক ও দৃঢ় আন্দোলনের এক নতুন অধ্যায়ের সূচনা করুক।
Comments :0