পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা ২৫ বছরের চুক্তি করেছে আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের সঙ্গে। আদানি গোষ্ঠীর সংস্থা পাওয়ারপালস ট্রেডিং সলিউশনস লিমিটেডের সঙ্গে এই চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে আগামী ২৫ বছর ধরে ২,৫০০ মেগাওয়াট নিরবচ্ছিন্ন পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ সরবরাহের বরাত পেয়েছে আদানির সহযোগী পাওয়ারপালস ট্রেডিং।
এই চুক্তিতে প্রথম বছরে ইউনিট প্রতি বিদ্যুতের দর ধার্য হয়েছে ৫.৬০ টাকা। পরবর্তী বছরগুলিতে চুক্তির শর্ত অনুযায়ী আরও বাড়বে দর।
তবে দর সামনে এলেও দরপত্রের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ২১ নভেম্বরের সরকারি ঘোষণায় ডব্লিউবিএসইডিসিএল (WBSEDCL) জানায়নি যে অন্য কোন কোন সংস্থা দরপত্র জমা দিয়েছে। প্রতিযোগীরা কত দর দিয়েছিল, তা-ও জানায়নি।
জানা গিয়েছে, মূল চুক্তিটি ১,৭৫০ মেগাওয়াট বিদ্যুতের, যার সঙ্গে WBSEDCL-এর হাতে অতিরিক্ত ৭৫০ মেগাওয়াটের 'গ্রিনশু অপশন' (চাহিদা অনুযায়ী বাড়তি বিদ্যুৎ নেওয়ার সংস্থান) রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে মোট ২,৫০০ মেগাওয়াটের চুক্তি। চুক্তির মেয়াদ ২৫ বছর। ২০২৮’র ১ জুলাই থেকে মূল চুক্তি বাস্তবায়ন শুরু হবে।
বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় সংস্থাগুলির ২৫ বছরের স্থির দর ৪.৮২–৫.২৬টাকা। তার তুলনায় পশ্চিমবঙ্গের চুক্তিতে প্রথম বছরেই ইউনিটে ৫.৬০ টাকা দর যথেষ্ট চড়া।
Adani Power Contract West Bengal
চড়া দরে আদানির থেকে বিদ্যুৎ কেনার চুক্তি রাজ্যের
×
Comments :0