SIR TRIBUNAL Supreme Court

ট্রাইবুনালকে বাদ পড়া ভোটারদের আবেদনে প্রাধান্য দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

জাতীয়

ভোটার তালিকায় নাম তোলার আবেদনে ট্রাইবুনালকে প্রাধান্য দিতে বলল সুপ্রিম কোর্ট। সোমবার, ২৩ নভেম্বর, পশ্চিমবঙ্গের এসআইআর আপিল ট্রাইব্যুনালগুলিকে সুপ্রিম কোর্টের আরও নির্দেশ, নাম বাদের জন্য আবেদন পরে বিবেচনা করলেও হবে। কারণ নাম বাদ দেওয়ার আবেদন বিবেচনা করা এখনই জরুরি নয়।   
সামনেই পৌরসভা নির্বাচন থাকায় এদিন কলকাতা কর্পোরেশনের ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের দায়ের করা আপিলগুলোকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এসআইআর চলাকালীন ‘লজিক্যাল ডিসক্রেপান্সি’ বা যুক্তিগ্রাহ্য অসঙ্গতি থাকার যুক্তিতে নাম বাদ দেয় নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে বিচারপতিরা ভোটার তালিকায় নাম তোলার আবেদন বিবেচনা করেন। তারপর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। কিন্তু এর পরও ভোটার তালিকায় যে নাম রয়েছে তার বিরুদ্ধে আবেদন দায়ের করে নির্বাচন কমিশন। সম্প্রতি কমিশনের কে এই সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে দায় ঠেলাঠেলি চলছে। 
আরেকদিকে বাদ যাওয়ার পর সাধারাণ বহু ভোটার নাম তোলার জন্য ট্রাইবুনালে আবেদন জানিয়েছেন। দু’ধরনের আবেদন মিশে থাকায় নাম তোলার আবেদন প্রাথমিক গুরুত্ব পাচ্ছে না। অথচ দেখা গিয়েছে নাম তোলার যত আবেদন বিবেচিত হয়েছে তার ৯৩ শতাংশই ট্রাইবুনাল মেনে নিয়েছে। নাম বাদ যাওয়ায় এই অংশ সরকারি প্রকল্পের বাইরে। এই অংশের আবেদনই অগ্রাধিকার দিতে বলেছে সুপ্রিম কোর্ট।
সওয়ালে আইনজীবী প্রশান্ত ভূষণ উল্লেখ করেছেন যে ট্রাইবুনালে প্রায় ৩৮ লক্ষ আবেদন জমা হয়েছে। অথচ আবেদনের নিষ্পত্তির হার অত্যন্ত কম। সে অবস্থায় নাম বাদ পড়া ভোটারদের আবেদন আগে গুরুত্ব দেওয়া উচিত।
উল্লেখ্য, ভোটার তালিকায় নাম ওঠার পরও কমিশনের তরফে প্রায় ১৬ লক্ষ নাম বাদ দেওয়ার আবেদন জমা পড়ে ট্রাইবুনালে। বাকি আবেদন নাম বাদ যাওয়া ভোটারদের।    এই প্রসঙ্গেই সুপ্রিম কোর্ট বলেছে, নাম বাদ দেওয়ার জন্য বা অন্তর্ভুক্তির বিরুদ্ধে দায়ের করা আপিলগুলির শুনানি যেন আপাতত স্থগিত রাখা হয়। তাঁর পরিবর্তে, এসআইআর'র পর নির্বাচনী তালিকা থেকে যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের দায়ের করা আপিলগুলিকে অগ্রাধিকার দিতে হবে। 
প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনাকে নিয়ে গঠিত বেঞ্চ ট্রাইব্যুনালগুলোকে আপিলগুলো দুটি ভাগে বিভক্ত করার নির্দেশ দিয়েছে। প্রথমত, ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের দায়ের করা আপিল এবং দ্বিতীয়ত, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে দায়ের করা আপিল।
ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিরুদ্ধে দায়ের করা আপিলগুলোর ক্ষেত্রে কোনও জরুরি অবস্থা না থাকায়, সেগুলো আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে, তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের দায়ের করা আপিলগুলোকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, "দ্বিতীয় পর্যায়ের আপিলগুলোর ক্ষেত্রে কোনও জরুরি পরিস্থিতি নেই, তাই সেগুলো আপাতত স্থগিত রাখা যেতে পারে। চূড়ান্ত নিষ্পত্তির ক্ষেত্রে প্রথম পর্যায়ের আপিলগুলোকে অগ্রাধিকার দিতে হবে।" 
আদালত নির্বাচন কমিশনকে কলকাতা হাইকোর্টের সঙ্গে পরামর্শ করে আপিল ট্রাইব্যুনালগুলির ক্ষমতা বৃদ্ধিরও নির্দেশ দিয়েছে। পাশাপাশি,  নির্বাচন কমিশনকে আপিলগুলির দ্রুত নিষ্পত্তির জন্য কলকাতার বিভিন্ন এলাকায় ট্রাইব্যুনালগুলির জন্য বিকল্প স্থান খুঁজে বের করতেও বলা হয়েছে।
এদিকে এদিন সওয়ালে আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন বলেছেন, নির্বাচন কমিশনের নিজের হলফনামায় বলা হয়েছে যে নাম বাদ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের সিইও আবেদন জানিয়েছেন। কিন্তু সিইও-র এমন আবেদন জানানোর এক্তিয়ার নেই। তিনি বলেছেন, এক্ষেত্রে বিষয়টি এমন যে নির্বাচন কমিশন তারই আপিল ট্রাইবুনালে  আবেদন জানাচ্ছে। 
এই সওয়ালের ভিত্তিতে সুপ্রিম কোর্ট তালিকায় থাকা নাম বাদের আবেদন পরে দেখার নির্দেশ দেয়। নাম তোলার আবেদনকেই আগে গুরুত্ব দিতে হবে। 
   

Comments :0

Login to leave a comment