নতুনপাতা
পার্বণ ১৪৩৩
মণ্ডা মিঠাই
শিশু-কিশোরের সলিল : পল্লব মুখোপাধ্যায়
২২ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
সংগীতস্রষ্টা ও সাহিত্যিক সলিল চৌধুরী ছোটদের জন্য অসামান্য কিছু ছড়া, কবিতা ও
গান রচনা করেছেন যা বাঙালির শৈশবকে সমৃদ্ধ করেছে। তাঁর সৃষ্টিতে কল্পনা ও
বাস্তবতার মেলবন্ধন এবং গল্পের মতো নাটকীয় ভঙ্গি প্রকাশ পেয়েছে। 'ইসকাবনের
দেশে', 'বুলবুল পাখি ময়না টিয়ে', 'তাইরে নাইরে না' কিংবা অন্নদাশঙ্কর রায়ের কবিতায়
তাঁর সুরারোপিত 'তেলের শিশি ভাঙল বলে' গানগুলি আজও জনপ্রিয় ও সমাদৃত |
সলিল চৌধুরী শিশুদের জন্য ২৫টিরও বেশি যুগান্তকারী বাংলা গান রচনা করেছিলেন
যেগুলি ১৯৭৭ থেকে ১৯৯০ সালের মধ্যে প্রকাশিত হয়েছিল। কালজয়ী এই গানগুলির
বেশিরভাগই তাঁর মেয়ে অন্তরা চৌধুরীর কণ্ঠে জনপ্রিয় হয়ে ওঠে; অনেক ক্ষেত্রে এই
গানগুলির নির্মাণে স্ত্রী সবিতা চৌধুরীরও অবদান ছিল।
সলিল রচিত ও সুরারোপিত 'বুলবুল পাখি ময়না টিয়ে', 'ও মাগো মা', 'না দির দির দা নাচ তো
দেখি আমার পুতুল সোনা', 'ইস্কাবনের দেশে', 'হবুচন্দ্র রাজা', 'এক যে ছিল দুষ্টু ছেলে',
'কানা মাছি ভোঁ ভোঁ', 'আয় রে ছুটে আয়', 'খুকুমণি গো সোনা', 'পুতুল পুতুল', 'এক যে ছিল
মাছি', 'ও সোনা ব্যাঙ', 'কেউ কখনও ঠিক দুপুরে রায়পুরেতে যেও না', 'তাইরে নাইরে না'
প্রভৃতি গানগুলি ছিল বাংলার শিশু-কিশোরদের বড় হয়ে ওঠার সঙ্গী | একাধারে কল্পনার
রাজ্যে ভ্রমণ, অন্যধারে শৈশবেই মূল্যবোধের তালিম দিয়েছিল এই গানগুলি | শিশুদের
পছন্দ-অপছন্দ খুব ভালো বুঝতেন সলিল চৌধুরী | শিশু মনস্ত্বত্ত্ব তাঁকে ভাবাত |
সলিলের গানে যে বাচ্চা মেয়েটি বুলবুল পাখিকে দুধভাত সন্দেশ দিয়ে মেখে খাওয়ানোর
কথা ভাবত বা 'পাঁচী' নামে মাছির সঙ্গে উড়তে উড়তে যার মন পৌঁছে যেত রাঁচীতে, সেই
একটু বড় হয়ে চারপাশের কঠিন বাস্তবকে ক্রমশ বুঝতে শিখছিল | মা-কে বলেছিল, 'ও
মাগো মা অন্য কিছু গল্প বলো/এক যে ছিল রাজা রাণী অনেক হল'| তার মনে প্রশ্ন
জেগেছিল, 'কেন সেদিন অঞ্জনাকে স্কুলের থেকে/ মাইনে দিতে পারেনি বলে তাড়িয়ে
দিল?'
শৈলী এবং আঙ্গিকগত দিক থেকে প্রচলিত ছড়ার বিপরীতে, সলিল চৌধুরীর শিশুদের
গানগুলি সামাজিক ভাষ্য, কল্পনাপ্রসূত গল্প বলার, লিমেরিকস এবং সমৃদ্ধ
অর্কেস্ট্রেশনকে মিশ্রিত করেছে পশ্চিমী এবং ভারতীয় উভয় শাস্ত্রীয় সংগীতের
ঐতিহ্যের মধ্যে। ১৯৭০-এর দশক ও আশির দশকের শুরুর দিকে সলিল শিশুদের জন্য এক
বিশেষ ধরনের সঙ্গীতসম্ভার সৃষ্টি করেছিলেন। তাঁর এই সৃজনে উচ্চাঙ্গ শিল্পের সঙ্গে
সহজবোধ্য আনন্দময় উপাদানের এক চমৎকার সমন্বয় ঘটেছিল যেখানে ছিল
পরিশীলিত কর্ড প্রোগ্রেশন, পাশ্চাত্য বাদ্যযন্ত্রের ব্যবহার, সিন্থ-পপ বা
ইলেকট্রনিক সাউন্ডস্কেপ এবং জটিল কোরাল বিন্যাস।
সলিল চৌধুরী-র গানের অন্যতম বিশেষত্ব ছিল তাঁর একান্ত 'সলিলি' ভঙ্গী | তাঁর
গানগুলিতে অনন্যসাধারণ বাণী ও সুর এমন ভাবে মিলেমিশে আছে যে তাকে আলাদা করা
শক্ত | গীতিকার সলিল চৌধুরীকে সমৃদ্ধ করেছেন সুরকার সলিল চৌধুরী আবার সুরকার
সলিল চৌধুরী-র কাছে গীতিকার সলিল চৌধুরী-র ঋণের শেষ নেই | গীত রচনায় তাঁর
একান্ত নিজস্ব শব্দ প্রয়োগ এবং ছন্দ অলঙ্কারের ব্যবহার নতুন ব্যঞ্জনার সৃষ্টি
করেছিল | সেই ব্যঞ্জনারই প্রকাশ ঘটেছিল তাঁর একান্ত নিজস্ব ধরনের সুর প্রয়োগে
| তাঁর রচিত ও সুরারোপিত ছোটদের গান, শুনতে শুনতে, গুন্ গুন্ করতে করতে কবে বড়দের
গানে পরিণত হয়ে গেছে |
অন্য কবির কথায় সুরারোপের ক্ষেত্রে আরও উজ্জ্বল হয়ে ওঠেন সলিল চৌধুরী |
সুকান্ত ভট্টাচার্যের 'রানার' বাংলা গানের ইতিহাসে এক সোণালী মাইলফলক হিসেবে
চিহ্নিত হয়ে আছে | প্রকৌশল বা আঙ্গিক নানা দিক থেকেই 'রানার' নতুন ও অভিনব |
দীর্ঘ এই কবিতার ছত্রে ছত্রে অজস্র ডিটেইলিং, এক অপরূপ চিত্রধর্মীতা | নানা
ভাবের প্রকাশ রানারের জীবনকে আমাদের অনুভবের স্তরে নিয়ে যায় | কবিতার প্রতিটি
শব্দকে গুরুত্ব দিয়ে ছোট ছোট ভাব জাগিয়ে তুলে মূল ভাবটিকে গড়ে তোলা হয় নৈপুণ্যের
সঙ্গে যে কাজ আদৌ সহজ ছিল না | সত্যেন্দ্রনাথ দত্তের 'পাল্কির গান' সলিল
চৌধুরীর অসাধারণ সুরসৃষ্টির এক অনন্য নজির | সহজ সরল সুরের সঙ্গে নানা পর্দায়
'হুম হু না' ধ্বনির ব্যবহার এক আশ্চর্য চিত্রপট গড়ে তোলে | পাল্কির গতি, সময়,
পাল্কিবাহকদের উন্মাদনা, ক্লান্তি, সহজেই মূর্ত হয়ে উঠে সমস্ত সুরপ্রয়োগকে
অর্থবহ করে তোলে | অন্নদাশঙ্করের 'তেলের শিশি ভাঙলো বলে' কবিতায় সুরারোপ তাঁর
সহজ-সরল সুর প্রয়োগের আর একটি উজ্জ্বল নিদর্শন |
স্রষ্টা সলিল চৌধুরী-র অতৃপ্তি, অস্থিরতা ও উদ্বেগের প্রকাশ তাঁর বেশ কিছু গানে
স্পষ্ট | মনে পড়ে যায় তাঁর সৃষ্ট 'সাত ভাই চম্পা'-র স্মৃতি | 'আর রাজবাড়ি সাতরাণী
মায়ের ঘরে/ফিরে যাব না, যাব না, যাব না রে/ ঘরে ক্ষুধার জ্বালা পথে যৌবন
জ্বালা/রাজার কুমার আর আসে না ঘোড়ায় চড়ে'| রূপকথার কাহিনিকে সলিল নিয়ে এলেন
রূঢ় বাস্তবের মাটিতে | রূপকথা, কল্পনার রাজ্যে তিনি শিশু-কিশোর-দের অনায়াসে নিয়ে
গেছেন | কিন্তু গল্প বলা বা ছড়া শোনানোর আঙ্গিকেও তিনি কোমল মনে, সুকুমার মননে
ক্লান্তিহীনভাবে রোপণ করে গেছেন সমাজমনস্কতা, সংবেদনশীলতার বীজ | এখানেই
গীতিকার, সুরকার হিসেবে সলিল চৌধুরী অনন্য, এখানেই তাঁর স্বাতন্ত্র্য ও
প্রাসঙ্গিকতা |
__________
Comments :0