চিকিৎসার আশায় দূরদূরান্ত থেকে রোগীরা ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ছুটে এলেও, সুস্থ হওয়ার বদলে সেখানে গিয়ে এখন সাধারণ মানুষকে প্রাণভয়ে তটস্থ থাকতে হচ্ছে। অভিযোগ হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে ওয়ার্ড মাস্টারের ঘর, এমনকি ইসিজি বিভাগের মতো সংবেদনশীল জায়গাতেও অবাধে পথকুকুর ঘুরে বেড়াচ্ছে। সরকারি হাসপাতালের এই চরম অব্যবস্থা ও স্বাস্থ্যবিধির বেহাল দশা নিয়ে রোগীর পরিবারের সদস্যরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
রোগীদের পরিজনদের অভিযোগ, দিন হোক বা রাত হাসপাতাল চত্বর ছাপিয়ে একেবারে চিকিৎসা কক্ষগুলির ভেতরেও পথকুকুর ঢুকে পড়ছে। কখনও ওয়ার্ড মাস্টারের ঘরের সামনে তাদের শুয়ে থাকতে দেখা যাচ্ছে, আবার কখনও ইসিজি করানোর জন্য অপেক্ষমাণ রোগীদের পায়ের কাছ দিয়ে নির্বিকারে সারমেয়র দল হেঁটে যাচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, জরুরি বিভাগের মতো জায়গায়, যেখানে মুমূর্ষু রোগীদের নিয়ে যাওয়া হয়, সেখানেও এদের অবাধ যাতায়াত।
আউটডোরে চিকিৎসক দেখাতে আসা রোগীর পরিজন কমল সরকার ক্ষোভ উগরে দিয়ে বলেন, “হাসপাতালে মানুষ আসে সুস্থ হতে। কিন্তু এখানে এসে দেখছি কুকুরের রাজত্ব চলছে। কখন কাকে কামড়ে দেয়, সেই ভয়ে বাচ্চাদের নিয়ে থাকা দায় হয়ে পড়েছে। ওয়ার্ডের ভেতরেও যদি কুকুর ঢুকে পড়ে, তবে রোগীদের সংক্রমণ ছড়ানোর ভয় তো থেকেই যাচ্ছে।”
হাসপাতাল চত্বরে নিরাপত্তারক্ষী মোতায়েন থাকা সত্ত্বেও কীভাবে মূল ভবনের ভেতরে ও বিভিন্ন বিভাগে কুকুর ঢুকে পড়ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়
বাসিন্দাদের একাংশের মতে, হাসপাতালের গেটে নজরদারির অভাব এবং চত্বরে যত্রতত্র খাবারের উচ্ছিষ্ট পড়ে থাকার কারণেই কুকুরের উপদ্রব দিন দিন বাড়ছে।
ঘটনায় প্রশাসনের ভূমিকা ও স্বাস্থ্য দপ্তরের নজরদারি নিয়ে সিপিআই(এম) প্রশ্ন তুলেছে। ধূপগুড়ি এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদারের অভিযোগ, ‘‘রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার চেহারাটা এই ঘটনাতেই স্পষ্ট। কোটি কোটি টাকা খরচের বিজ্ঞাপন দেওয়া হলেও বাস্তবে সাধারণ মানুষের ন্যূনতম চিকিৎসা পরিষেবা ও নিরাপত্তাটুকুও নিশ্চিত করতে ব্যর্থ প্রশাসন। হাসপাতালের জরুরি বিভাগে যদি কুকুর ঘুরে বেড়ায়, তবে রোগী সুরক্ষার আর কী অবশিষ্ট থাকে? নিরাপত্তারক্ষীরা কোথায়, আর হাসপাতাল কর্তৃপক্ষই বা কী করছে?’’ অবিলম্বে হাসপাতাল চত্বরকে কুকুরমুক্ত করা এবং রোগীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে সরব হয়েছেন তিনি।
একটি সরকারি হাসপাতালের ভেতরে এভাবে কুকুরের ঘুরে বেড়ানো কেবল নিরাপত্তার গাফিলতি নয়, চরম অস্বাস্থ্যকরও বটে। সচেতন নাগরিক থেকে শুরু করে রাজনৈতিক মহল সকলেরই দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ অবিলম্বে কড়া পদক্ষেপ গ্রহণ করুক।এখন দেখার, রোগীদের এই আতঙ্ক কাটাতে হাসপাতাল প্রশাসনের টনক কবে নড়ে।
Dhupguri Sub-divisional Hospital
ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পথকুকুরের অবাধ ঘোরাফেরা, আতঙ্কে রোগীরা
×
Comments :0