Migrant Workers From Balabhut

ভিবি-জিরামজি প্রকল্পের কাজে আগ্রহ নেই বলাভূতের পরিযায়ী শ্রমিকদের

জেলা

ফাইল ছবি

জয়ন্ত সাহা: তুফানগঞ্জ
ভিন রাজ্যে পাড়ি দেওয়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে রাজ্য সরকার তাদের ফোন নাম্বার ধরে ধরে ‘কল’ করছে, ‘ঘরে ফিরে এলে মিলবে ভিবি-জিরামজি প্রকল্পে কাজ! রাজ্য সরকারের এই ডাকে অবশ্য কোচবিহার জেলার অন্য গ্রামের মতই তুফানগঞ্জের বালাভূতের পরিযায়ী শ্রমিকদের এতটুকু সাড়া নেই! অথচ বালাভূত বাজার থেকে ৪০০ মিটার এলাকার মধ্যে ভিন রাজ্যে গত চার দিনে মারা গেছেন ৪ জন! এদের মধ্যে আজিজুল হক(৩৮) গত বৃহস্পতিবার রাজস্থানের জয়পুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আর তাঁর মরদেহ এম্বুলেন্সে নিয়ে বালাভূতে ফেরার পথে শনিবার সকালে উত্তরপ্রদেশের  পূর্বাঞ্চল এক্সপ্রেসের বারাবাঁকির সুবেহা থানার অন্তর্গত গেঁরোয়া গ্রামের কাছে রাস্তার পাশে দাঁড়ানো একটি পিকআপ ভ্যানে ধাক্কা মারে। আর তাতেই এম্বুলেন্সের দুই চালক সহ মারা যান। তাঁরা হলেন বালাভূতের পরিযায়ী শ্রমিক আজিজুলের বন্ধু রফিকুল হক ও আমিনুল হক। তাদের দেহ সোমবার ফিরবে বালাভূতে। এদিকে পৃথক ঘটনায় বালাভূতেরই আরেক দম্পতির শিশুপুত্র অসাবধনতায় প্লাইউড মেশিনে পড়ে গিয়ে মারা গেছে। শনিবারই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বালাভূতের মাটিতে।
গ্রামের বাসিন্দা জীবেশ চৌধূরীর কথায়, ‘‘আমাদের এই এলাকায় প্রায় ৪০০ বাড়ি আছে। প্রতিবাড়ির একজন বা দুজন ভিন রাজ্যে কাজ করে। গ্রামে তো কোন কাজ নেই। তাই এত কিছুর পরেও ফের সবাই ভিন রাজ্যেই যাবে। পরিবারের পেটের খিদে মেটাতে। পথ দুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিকদের প্রতিবেশী সোবাহান আলী, দেলোয়ার হোসেন আর শাহিনুর হকের কাছে জানতে চেয়েছিলাম এই গ্রামের এত মানুষ ভিন রাজ্যে কাজ করে, এরকম ঘটনা গত ৬ মাসে আর ঘটেছে? ওদের জবাব, ‘‘আমাদের এই এলাকায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু মিছিল তো লেগেই আছে। বালাভূতের পরিবার নিয়ে কেরলার প্লাইউড কারখানায় কাজ করতেন খয়বর আলি এবং নরিমা বিবি নামে এক দম্পতি। তাদের ৬ বছরের শিশু মিরাজ শেখ অসাবধনতাবশত দুদিন আগেই মেশিনে ঢুকে দলা পাকিয়ে গেছে। অসহায় বাবা-মা সন্তান মিরাজের কফিন বন্দী দেহ নিয়ে শনিবারই বালাভূতে ফিরেছেন। এলাকার দুই যুবকের মৃত্যুর শোক বুকে নিয়েই এলাকার মানুষ শেষকৃত্যে যোগ দিয়েছেন। হয়তো সন্তান হারানো ওই দম্পতিও ফের পেটের খিদে মেটানোর তাগিদে কাজের জন্য ফিরে যাবেন ভিন রাজ্যে। কর্মহীন বালাভূতের এটাই নির্মম বাস্তব সত্য।’’
বালাভূতের বাসিন্দা জীবেশ চৌধূরী বলেন, ‘‘এই মৃত্যু মিছিলের পরেও গ্রামের যুবকেরা ভিন রাজ্যে যেতে বাধ্য। কারণ কাজ নেই গ্রামে। যারা ভিন রাজ্যে কাজে যায় তাদের পরিবারের সদস্য যারা বাড়িতে থাকেন তাদের প্রতি দিন রাত কাটে উৎকন্ঠায়। ফোনে একটাই জিজ্ঞাসা, ভালো আছিস তো? ভালো থাকিস।’’ নিরাপত্তা নেই জেনেও কাজের খোঁজে স্রোতের মত ভিন রাজ্যে যায় কোচবিহারের যুবকেরা।
উল্লেখ্য গত ১৫নভেম্বর সেকেন্দ্রাবাদে পথ দুর্ঘটনায় প্রাণ হারান মাথাভাঙার গোপালপুরের কলেজ পড়ুয়া শুভংকর কার্যী। তিনিও পরিযায়ী শ্রমিক ছিলেন। রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের ফেরাতে যায়, তবুও সারা জেলার মত বালাভূতের পরিযায়ীরাও ফিরতে আগ্রহী নয়। তাদের বক্তব্য, এখানে কাজের গ্যারান্টি কোথায়? জয়পুরে কাজ করা বালাভূতের হাসেন আলী দুজন বন্ধুকে নিয়ে মৃতদেহ নিয়ে বালাভূতে ফিরছেন। সেই বলছে,‘‘যাই ঘটুক আবার কাজে যেতে হবে। নইলে নিজেই কি খাবো! আর পরিবারের অন্যরা কি খাবে? ১২৫ দিনের কাজের টোপে ভুলছি না।’’
এদিকে রাজ্য সরকার বলছে ভিবি- জিরামজি প্রকল্পে বছরে ১২৫ দিন কাজ মিলবে। অদক্ষ শ্রমিকেরা পাবে দিনে ৩০০ টাকা, অর্ধদক্ষরা দিনে পাবে ৪৫০ টাকা, দক্ষ শ্রমিকেরা পাবে ৬০০ টাকা পর্যন্ত। এসব শুনে পরিযায়ী শ্রমিক হাসান আলীর বক্তব্য রাজস্থান, কেরলায় বছরে ৩৬৫ দিন কাজ মেলে। আছে ওভারটাইমের সুযোগ। আর মজুরি? দক্ষরা ৮০০ থেকে ১০০০ টাকা, অদক্ষরা ৫০০ থেকে ৬০০ টাকা। তাঁর পষ্ট বক্তব্য এখানে ফিরবে কোন বোকা? সরকারী হিসেবে ভিন রাজ্যে রয়েছে ২২ লক্ষ ২৪ হাজার শ্রমিক। যদিও কৃষক সভার কোচবিহার জেলা সম্পাদক আকিক হাসান বলছেন, ‘রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিকের সংখ্যা বিষয়ক দেওয়া তথ্য সঠিক নয়। সরকারের দাবির দেড়গুন শ্রমিক এই মুহুর্তে ভিন রাজ্যে রয়েছেন।’

Comments :0

Login to leave a comment