শনিবার দুপুর থেকে কোনও খোঁজ ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। অবশেষে রবিবার সকালে বাড়ির কাছের একটি পুকুর থেকে উদ্ধার হল অনুপম জানা (৪০)’র মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শ্যামপুর থানার কমলপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি অনুপম। দীর্ঘক্ষণ তাঁর কোনও খোঁজ না মেলায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি। রবিবার সকালে বাড়ির অদূরে একটি পুকুরে মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর পেয়ে শ্যামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে সেটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
Body Found
নিখোঁজের দেহ মিলল পুকুরে, চাঞ্চল্য শ্যামপুরে
×
Comments :0