Supreme Court KMC

বুধবার সুপ্রিম কোর্টে ফের পৌর মামলার শুনানি

জাতীয় রাজ্য

কলকাতা পৌরসভার আসন পুনর্বিন্যাস নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়লো রাজ্য। সোমবার কলকাতা পৌরসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত দুটি মামলাব শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। এদিন শুনানির পর বুধবার ফের এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে।
কলকাতা এবং হাওড়া পৌরসভায় আসন পুনর্বিন্যাস করে বাড়ানো হয় ওয়ার্ড সংখ্যা। এই প্রক্রিয়া নিয়ে বিরোধীদের পক্ষ থেকে একাধিক আপত্তি তোলা হয়। কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা।
এদিন রাজ্যের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি প্রধান বিচারপতির এজলাসে জানান, হাইকোর্টে যে মামলাটি করা হয়েছিল তাতে কলকাতা পৌরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়নি। মূল আপত্তি জানানো হয়েছিল ওয়ার্ডগুলির সীমানা নির্ধারণ নিয়ে। তিনি স্পষ্ট জানান এই ওয়ার্ড পুনর্বিন্যাস রাজ্য সরকারই করেছে। পৌর কমিশনার স্মিতা পাণ্ডে স্বাধীন ভাবে কোনও সিদ্ধান্ত নেননি বলেই আদালতে জানান তিনি।

ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে আপত্তি শোনার জন্য রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছিল, তা-ও এ দিন এজলাসে তুলে ধরেন সলিসিটর জেনারেল। তিনি জানান, এর জন্য রাজ্য সরকার ১০ জন আধিকারিককে নিযুক্ত করেছিল। তারাই আপত্তির শুনানি করেছিলেন। পুনর্বিন্যাস নিয়ে আপত্তির শুনানি নিয়ম মেনেই করা হয়েছে বলে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে আদালতের কাছে।

বিচারপতি জয়মাল্য বাগচী রাজ্যকে প্রশ্ন করেন, ‘কলকাতা পৌরসভা যদি ভেঙে দেওয়া হয়ে থাকে এবং নির্বাচিত পৌরসভার অস্তিত্বই না থাকে, তাহলে সেই পৌরসভার কাছ থেকে ৬০১ নম্বর ধারায় সুপারিশ কী ভাবে পাওয়া সম্ভব? যে সংস্থার অস্তিত্ব নেই, তার সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকার কী ভাবে ওই আইনি ক্ষমতা প্রয়োগ করবে?’

সিপিআই(এম) কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দীপু দাস ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে মামলা করেন হাইকোর্টে। হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ তাতে কোনও অন্তর্বর্তী নির্দেশ না দিয়েই দু’পক্ষের কাছে হলফনামা চেয়েছিল। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে এবং তার পরের দু’সপ্তাহের মধ্যে মামলাকারীকে হলফনামা দিতে বলেছিলেন। সিঙ্গল বেঞ্চের ওই অবস্থানকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন দীপু দাস। তার কথায় এই সময়ের মধ্যে নির্বাচন হয়ে যাবে যার ফলে মামলার কোন গুরুত্ব থাকবে না।
ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এখনই পৌরভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। আসন পুনর্বিন্যাস নিয়ে যে মামলা হয়েছিল, তার শুনানি শেষ হয়েছে। তার আগে ভোটের বিজ্ঞপ্তি জারি করা যাবে না। দীপু দাসের হয়ে হাইকোর্টে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
বিকাশরঞ্জন ভট্টাচার্যের কথায়, পৌরসভা ভেঙে যাওয়ার পরে পুর কমিশনারের ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ করার ক্ষমতাই নেই। অথচ তিনি সেই ক্ষমতা প্রয়োগ করেছেন। 
অভিযোগ, ওয়ার্ডগুলির সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে যুক্তিসঙ্গত সামঞ্জস্য রাখা হয়নি। ওয়ার্ডগুলির জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান এবং প্রশাসনিক সামঞ্জস্যের বিষয়গুলি যথাযথ ভাবে বিবেচনা করা হয়নি।
আইনজীবী শামিম আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আগামী ৬ ডিসেম্বর হাইকোর্ট মামলার রায় ঘোষণা করবে। ততদিন নির্বাচন ঘোষণা করা যাবে না বলে জানিয়েছে আদালত। সরকারের আইনজীবী দাবি করেছেন সাধারণ মানুষ এই পুনর্বিন্যাস সংক্রান্ত কোন অভিযোগ জানায়নি। বলে রাখা ভালো শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর থেকে আপত্তি জানতে চাওয়া হয়েছিল।’
তিনি বলেন, কলকাতা পৌরসভা দাবি করেছিল জনবিন্যাস মাথায় রেখে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হবে। কিন্তু দেখা গিয়েছে কোন জনবিন্যাসকে মাথায় রেখে তা করা হয়নি। এমন কিছু ওয়ার্ড রয়েছে যেখানে পাঁচ হাজার ভোটার আবার কোথাও ২০ হাজার। বিধানসভা ভোটের ফলাফলকে মাথায় রেখে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া জন্য ওয়ার্ড ভাগ করা হয়েছে।

Comments :0

Login to leave a comment