মুক্তধারা
পার্বণ ১৪৩৩
গল্প : সৌহার্দ্য
রাহুল চট্টোপাধ্যায়
২২ নভেম্বর ২০২৬ - ৪র্থ বর্ষ
সৌহার্দ্য বাড়ি ফিরছে। চাকরি করে বিদেশে।পুজোতে কোনবারই আসা হয় না।ঐ সময় বাকি সহকর্মী যারা বাঙালি তারা ছুটি নেয়। এরপর জগদ্ধাত্রী পুজোর সময় একটু ছুটি নিয়ে আসে সে। বাড়িতে পুজো হয়। একেবারে ঘুরে যায়।
লন্ডন থেকে দিল্লি,তারপর প্লেন,তারপর ক্যাব,তারপর ট্রেন। 'উঃ কতো জার্নি'- কথাটা ভেবেই দীর্ঘশ্বাস ফেলে ট্রেন কামরায় ফাঁকা জানলার কাছে বসে পড়ে ।হাতে ধরা ম্যাগাজিনটার পাতা দ্রুত উল্টে যায়, কিছুই দেখে না,অথচ দেখে। এমন পাতা উল্টিয়ে দেখতে দেখতে চোখ আটকে যায় একটা খবরে। 'কলকাতায় বই বিক্রি নিয়ে ঝামেলা'-
খুঁটিয়ে খবরটা পড়ে সে। বই, পুলিশ, বুলডোজার, ময়লা ফেলা গাড়ি সব পরপর এগিয়ে চলে তার চোখের সামনে দিয়ে। একসময় যখন সে কলেজ করতো তখন বই কাঁধে নিয়ে, সাজিয়ে গুছিয়ে স্টল করেছে, কতো রাত পর্যন্ত স্টলে বসে থেকেছে। এমন ঘটনা তো শোনেনি। পাশাপাশি স্টলে যাওয়া, চা খাওয়া হয়েই থাকতো। কেমন অবাক লাগে তার!
স্টেশন এসে যায়। নেমে বাড়ির পথ। এখনো রিক্সা চলে এখানে। রিক্সাওয়ালার সঙ্গে কথায় কথায় জানতে পারে তার ছেলেটা স্টেশনে যে দোকান চালাতো চায়ের, সেটা কোন রাত্তিরে কারা এসে ভেঙে দিয়েছে। ভ্রু টা কুঁচকে যায় সৌহার্দ্যর। বই, চায়ের দোকান,সব কেমন মিলেমিশে একটা ধাক্কা দেয় তার মনে। এ কোন দেশ তার, এমন তো ভাবে নি সে। কখনো তো ভাবেনি এখানকার জীবনে এমন সব মারণব্যাধি এসে ঢুকেছে।
বাড়ি এসে পড়ে। রিক্সাওয়ালার টাকা মিটিয়ে বাড়ির দরজায় পা রাখে সৌহার্দ্য। দেখে মা দাঁড়িয়ে রয়েছে। লাল পাড় শাড়ি , হাতে ডালা।
'আয় সদু, মায়ের পুজো যে শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি জামাকাপড় ছেড়ে নে। একটু মিস্টি জল খেয়ে চলে আয়'।
সৌহার্দ্য মায়ের সামনে দাঁড়িয়ে পড়ে,বলে,
'মা গো এখন একটু বিশ্রাম নিই, পরে আসবো।'
চুপ করে আবার বলে,' মা গো জগদ্ধাত্রী মা কে বোলো সমাজটাকে একটু দেখতে, বড়ো অনিয়ম চলছে যে। '
মা একটু দাঁড়িয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে মিষ্টির ডালাটা নিয়ে মণ্ডপের দিকে এগিয়ে যায়। সৌহার্দ্য মায়ের দিকে তাকিয়ে থাকে, তারপর তার ঘরের দিকে এগোয়।
Comments :0