ছাগলের টোপে বনদপ্তরের পাতা খাঁচায় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ ধরা পড়ল। রবিবার গভীর রাতে বানারহাট চা বাগানের রিয়াবাড়ি এলাকার ১৫ নম্বর সেকশনে ঘটনা। চিতা ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বাগানের শ্রমিকরা।
বনদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বানারহাট চা বাগান এবং সংলগ্ন রিয়াবাড়ি এলাকায় একাধিক চিতাবাঘের আনাগোনা দেখা যাচ্ছিল। বাগানের বিভিন্ন সেকশনে চিতার উপস্থিতিতে শ্রমিক মহলে তীব্র আতঙ্ক ছড়ায়। বিশেষ করে কাজে যাওয়ার সময় বা বাগানের ভিতরে কাজ করার মুহূর্তে চিতার মুখোমুখি হওয়ার আশঙ্কায় শ্রমিকরা ভুগছিলেন।
শ্রমিকদের নিরাপত্তার কথা ভেবে পরিস্থিতির গুরুত্ব বুঝে বাগান কর্তৃপক্ষ বনদপ্তরের দ্বারস্থ হন এবং খাঁচা পাতার আবেদন জানান। সেই আবেদনের ভিত্তিতে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের উদ্যোগে প্রায় ২০ দিন আগে ১৫ নম্বর সেকশনে খাঁচা পাতা হয়। খাঁচার ভিতরে টোপ হিসেবে একটি ছাগল রাখা হয়েছিল।
অবশেষে রবিবার গভীর রাতে পূর্ণবয়স্ক চিতাবাঘটি ছাগলের টোপের লোভে খাঁচায় ঢুকে পড়ে। চিতাটি বন্দি হয়। খবর পেয়ে সোমবার ভোররাতে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে নিরাপদে সংরক্ষিত জঙ্গলের গভীরে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়।
একটি চিতাবাঘ ধরা পড়ায় বাগানে কাজকর্ম নিয়ে কিছুটা স্বস্তি ফিরলেও ওই এলাকায় আরও চিতাবাঘ লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন। ফলে এখনও শ্রমিকরা সতর্কতা বজায় রেখেই কাজ করছেন।
Comments :0