ফের বড় রকমের অশান্তি মণিপুরে। সিআরপিএফ ক্যাম্পে হয়েছে হামলা। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন দু’জন। মঙ্গলবারই বিষ্ণুপুর জেলায় বোমা হামলার তদন্তের ভার এনআইএ-কে দিয়েছে রাজ্যের বিজেপি সরকার।
প্রশাসন জানিয়েছে যে উপদ্রুত এলাকায় পুলিশ, আসাম রাইফেলস এবং সিআরপিএফ’র জওয়ানদের মোতায়েন করা হয়েছে। শান্তি ফিরিয়ে আনতে যৌথ অপারেশন চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
মঙ্গলবার মণিপুরের বিষ্ণুপুরে সিআরপিএফ ক্যাম্পে হামলা হয়। আধা সামরিক বাহিনীর গুলিতে অন্তত দু’জন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও পাঁচ।
তার আগে বোমা বিস্ফোরণে এই এলাকাতেই মৃত্যু হয় দুই শিশুর। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী গোবিন্দাস কনথৌজাম বলেছেন, শিশুদের মৃত্যুর ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়। বিক্ষুব্ধ মানুষ দল বেঁধে মইরাঙ ট্রঙলাওবির সিআরপিএফ ক্যাম্পের দিকে এগতে থাকে। বিস্ফোরণ স্থলের কয়েকশো মাইল দূরেই এই ক্যাম্প। মহিলারাও ছিলেন বিক্ষুব্ধদের মধ্যে। তারা ক্যাম্পে ঢুকে গাড়িতে আগুন লাগায়। ভাঙচুরও করে। আত্মরক্ষায় গুলি চালিয়েছে আধা সামরিক বাহিনী। গুলিতে দু’জনের মৃত্যু হয়েছে।
মণিপুরে ভয়াবহ গোষ্ঠীসংঘর্ষের তিন বছর পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সংখ্যাগুরু মেইতেইদের সঙ্গে আদিবাসী সংখ্যালঘু কুকি সম্প্রদায়ের সংঘর্ষের জেরে আইনের শাসন কার্যত ছিল না বিস্তীর্ণ অংশে। রাজনৈতিক স্তরে বড় অংশ তার জন্য বিজেপি-আরএসএস’র বিভাজনের নীতিকে দায়ী করেছে। এই অংশের বক্তব্য, ভোটে জিততে বিজেপি মেইতেইদের সমর্থন নিশ্চিত করেছে বিদ্বেষ প্রচার চালিয়ে। তার মারাত্মক ফলাফল ভুগছেন মণিপুরবাসী।
Manipur Blast
জ্বলল সিআরপিএফ ক্যাম্পে, বোমায় মৃত্যু শিশুদের, ফের উত্তপ্ত মণিপুর
×
Comments :0