Rationalist Youtuber Arrested in Danton

যুক্তিবাদীকে-বিজ্ঞানকর্মীকে গভীর রাতে বাড়ি থেকে তুলে গ্রেপ্তার দাঁতনে, ধিক্কার সর্বত্র

রাজ্য জেলা

যুক্তিবাদী, বিজ্ঞানকর্মী সুরজিৎ শীকে রবিবার আদালতে পেশ করছে পুলিশ। ছবি: চিন্ময় কর

প্রকাশ্যে হামলায় জড়িত দুষ্কৃতীদের ছুঁয়েও দেখে না পুলিশ। অথচ বিজ্ঞানকর্মী এবং যুক্তিবাদের পক্ষ সরব যুবক সুরজিৎ শী-কে গ্রেপ্তার করা হলো গভীর রাতে বাড়ি থেকে তুলে। 
পুলিশের ভূমিকায় তীব্র নিন্দা জানিয়েছে প্রগতিশীল সব অংশ। প্রতিবাদ জানিয়েছেন সিপিআই(এম) পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিজয় পাল। 
বিজ্ঞানকর্মী এবং স্যোসাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সারের পাশাপাশি ‘জনকন্ঠ’ পোর্টালের কর্মী সুরজিত শী।
বজরঙ দলের এক কর্মীর অভিযোগকে হাতিয়ার করে সুরজিৎকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা হলো, এই বজরঙ দল এবং তার কর্মীদের বিরুদ্ধে ধর্মীয় উস্কানি দিয়ে হামলা হুজ্জুতির গুচ্ছ অভিযোগ রয়েছে। 
গত শুক্রবার গভীর রাতে তাঁকে বাড়িতে গিয়ে গ্রেপ্তার করা হলেও দাঁতন থানার পুলিশ রবিবার, ২৫ অক্টোবর, তাঁকে আদালতে তোলে। 
জেলা এবং রাজ্য জু্ড়ে প্রগতিশীল চিন্তাধারায় আস্থা রাখেন এমন বহু মানুষ এবং সংগঠন এই বিজ্ঞানকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি তুলেছে।
আরএসএস এবং তার অনুগামী সংগঠন বজরঙ দল হিন্দু দেবদেবীদের অবমাননার অভিযোগ জানায়। অভিযোগ, প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর মতামতের বিপক্ষে মত জানানোরও। দাঁতনে বজরঙ দলের এক কর্মী সায়নদীপ দাসের করা অভিযোগের ভিত্তিতে সুরজিৎ শি-কে গ্রেপ্তার করা হয়েছে।
এমন ঘটনার তীব্র সমালোচনা করে বিজয় পাল বলেন, ফ্যাসিস্ট বিজেপি দিল্লিতে যা করছে এরাজ্যেও তাই করছে। সরকারের বিরুদ্ধে মত প্রকাশের কন্ঠরোধ করতে এমন পদক্ষেপ। অথচ পুলিশের সামনে বুকস্টল ভাঙচুর করে হামলাবাজরা ঘুরে বেড়াচ্ছে।  পাল বলেছেন, সুরজিৎ শী-র মুক্তি না হওয়া পর্যন্ত যে কোনও পরিস্থিতিতে তাঁর পাশে আছি আমরা। 
সুরজিতের ‘জনকণ্ঠ’
ইউটিউব চ্যানেলের কিছু ভিডিও-তে বিভিন্ন বিষয়ে প্রশ্ন  তুলে বিজ্ঞান মনস্কতার পক্ষে প্রচার করা হয়। দেড় লাখের ওপর সাবস্ক্রিপশন রয়েছে চ্যানেলের।  যুক্তি ও বিজ্ঞান সম্মত চিন্তা দিয়ে সব কিছু বিবেচনা করার কথাও মানুষের কথা প্রচার করে চলেছেন সুরজিৎ শী।
স্নাতক গ্রামীণ যুবক সুরজিতের বাড়িতে জেরক্স ও কম্পিউটারের কাজের সঙ্গে এমন চর্চা করেন। বাড়িতে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দেড় বছরের সন্তান রয়েছে।

Comments :0

Login to leave a comment