কলকাতা এবং হাওড়া পৌরসভার নির্বাচনের প্রার্থী চুড়ান্ত করতে দুদিনের বৈঠকে বসেছে রাজ্য বিজেপি। রয়েছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বনসল, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাহুল সিনহা, বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী তাপস রায়, পূর্ণিমা চক্রবর্তী, স্বপন দাশগুপ্ত সহ একাধিক নেতৃত্ব।
নভেম্বর মাসের শেষের দিকে কলকাতা এবং হাওড়ায় পৌরসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা কর্পোরেশনে ওয়ার্ড সংখ্যা বেড়ে হয়েছে ২০৯, হাওড়াতেও বেড়েছে ওয়ার্ড। এই ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু তারই মধ্যে শুরু হয়েছে পৌরসভা নির্বাচনের প্রস্তুতি।
বিজেপি সূত্রে খবর এই বৈঠক থেকে বনসলের উপস্থিতিতে তারা চুড়ান্ত করবে প্রার্থী তালিকা। চলতি মাসের শেষের দিকেই প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। কে কোন ওয়ার্ডের প্রার্থী হবে তা নিয়ে বিজেপির অন্দরে যেমন লড়াই রয়েছে তেমন বহু প্রাক্তন তৃণমূল কাউন্সিলর টিকিটের জন্য যোগাযোগ রাখছে বলেও খবর পাওয়া যাচ্ছে। অনন্যা ব্যানার্জি, জুঁই বিশ্বাস, দেবলীনা কুমারের মতো একাধিক নাম তালিকায় রয়েছে যারা এবার বিজেপির হয়ে টিকিট পেতে পারেন।
শমীক ভট্টাচার্য এই জল্পনা উড়িয়ে দিলেও সুকান্ত মজুমদার এই কথাকে উড়িয়ে দেননি এদিন। তার কথায় তিনটি বিষয়কে মাথায় রেখে তারা টিকিট দেবেন। সুকান্তের কথায়, যার জয়ের সম্ভাবনা রয়েছে, স্বচ্ছ ভাবমূর্তি এবং কাজের অভিজ্ঞতা রয়েছে এমন লোককেই দেওয়া হবে টিকিট।
উল্লেখ্য এবার পৌরসভা নির্বাচনের প্রার্থী ঠিক করার আগে বিজেপি দপ্তরের বাইরে বসানো হয়েছে ড্রপ বক্স। যেখানে দলের কর্মীরা যেমন নিজের এলাকার পছন্দের প্রার্থীর নাম ফেলতে পারবেন তেমন সাধারণ মানুষও পারবেন। আবার কেউ নিজে প্রার্থী হতে চাইলে তিনি নিজেও ড্রপ বক্সে গিয়ে আবেদন জমা করতে পারেন। এখনও পর্যন্ত কত আবেদন এসেছে তা জানানো হয়নি রাজ্য বিজেপির পক্ষ থেকে।
তবে প্রার্থী তালিকা চুড়ান্ত করার পাশাপাশি একাধিক জেলার জেলা সভাপতি পদেও বদল আনতে চলেছে রাজ্যের শাসক দল। নভেম্বরের শেষের দিকে কলকাতার এবং হাওড়ায় ভোটের পর অন্য পৌরসভা গুলোর ভোট হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। তার আগে জেলার সংগঠন গুলোকে গুছিয়ে নিতে চাইছে বিজেপি।
গত ছয় মাসে বিজেপি সরকারের বিভিন্ন কার্যকলাপে মানুষের মধ্যে তাদের নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কখনও হকার উচ্ছেদ, কখনও সাম্প্রদায়িক উষ্কানি একাধিক বিষয় নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে।
BJP
প্রার্থী বাছাইয়ের জন্য দুদিনের বৈঠকে রাজ্য বিজেপি
×
Comments :0