মীর আফরোজ জামান: ঢাকা
বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বালিবোঝাই ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন ২০ জন। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে।
নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার দুর্ঘটনায় ১৪ জনের মুখে হয়েছে বলে জানিয়েছেন। তিনি জানান, নিহতদের পরিচয় জানার চেষ্টা হচ্ছে।
বনপাড়া পুলিশ ফাঁড়ির আধিকারিক শামীম হোসেন এই জানান, বরগুনা থেকে আসা চাঁপাই নবাবগঞ্জগামী আরপি পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী বালিবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। তিনি জানান, আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। সড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নাটোর দমকল বিভাগের উপ-পরিচালক আক্তার হামিদ জানান, খবর পেয়ে দমকল উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় ভেতর আটকেপড়া যাত্রীদের উদ্ধারে বেগ পেতে হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী আধিকারিক লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। সড়কটি প্রশস্ত করার জন্য ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে কথা বলবেন তিনি। দুর্ঘটনাস্থলে রয়েছে জেলা প্রশাসন।
Comments :0