Pinarayi Vijayan on Book Stall

বুলডোজার নয়, জয়ী হবে বই, বার্তা পিনারাই বিজয়নের

জাতীয়

বুলডোজার নয়। জয়ী হবে বই জয়ী হবে মুক্ত চিন্তা। পশ্চিমবঙ্গে একের পর এক বুক স্টলে বিজেপি আরএসএস বাহিনীর হামলায় ধিক্কার জানিয়ে এ কথা বললেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য এবং কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
কেবল শহরের বুকে নয়, বাস্তব হলো, বন্যায় ভেসে যাওয়া মালদহের মানিকচক এও বুক স্টল নিয়ে বসেছেন সিপিআই(এম) কর্মীরা। লক্ষণীয় মানিকচকের মথুরাপুর এ বুক স্টলে ভিড় জমাতে দেখা গিয়েছে স্কুল এবং কলেজের ছাত্র-ছাত্রীদের।


সোমবার, ১৯ অক্টোবর, বিজয়ন বলেছেন, একের পর এক বুক স্টলে হামলা আরএসএস-বিজেপির অসহিষ্ণুতা এবং গণতান্ত্রিক বিরোধিতার প্রতি অবজ্ঞাকে আরো স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছে। 
এদিকে বিজেপির কোন কোন অংশ বুক স্টলের উপর হামলার থেকে নিজেদের আলাদা করে দেখানোর চেষ্টা করছে। রাজ্যে বিজেপি সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সংবাদ মাধ্যমে হামলার নিন্দা করেছেন। ঘটনা হলো প্রতিটি ক্ষেত্রে হামলাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে পরোক্ষে তাদের মদত দিতে দেখা গিয়েছে পুলিশ বাহিনীকে। এই মর্মে অভিযোগও জানিয়েছে সিপিআই(এম)।
যাদবপুর এবং ঢাকুরিয়ায় স্পষ্ট করে পুলিশকে মাঠে নেমে বেছে বেছে বামপন্থীদের স্টল তুলে দেওয়ার চেষ্টা করতে দেখা গিয়েছে। বিজেপির স্টলে হাত না দেওয়া হলেও বামপন্থীদের বই বিক্রির কেন্দ্র সরিয়ে নিতে বলা হয়েছে। 
যাদবপুরে বুক স্টল ঘিরে তুমুল প্রতিরোধের পর হাইকোর্টেও মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার ১৭ অক্টোবর সারা রাত ধরে বুলডোজার আর পুলিশ বাহিনীকে রুখে দিয়েছেন সিপিআই(এম) সহ বামপন্থীরা।


ঢাকুরিয়ায় প্রশাসন নিজে বুক স্টল ভেঙে দিলেও বামপন্থী কর্মীরা রাস্তায় বসে বই বিক্রি করছেন। 
রবিবার হাওড়ার পাঁচলা মোড়  বিজেপি ও আর এস এস দুষ্কৃতীরা বুক স্টল ভাঙতে আসে। খালিশানী কালিতলায় একই  কায়দায় পুলিশ বাধা দেয়। কিন্তু দুই জায়গাতেই প্রতিরোধ  হয় এবং পুনরায় বুকস্টল চালু হয়। প্রবল প্রতিরোধে পিছু হটে পুলিশ  ও দুষ্কৃতীরা। 

এদিন মাঝরাতে পাঁচলা মোড়ের বুক স্টল পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। রাতেই পার্টিকর্মীরা জড়ো হয়। সোমবার পার্টির পক্ষ থেকে রাজাপুর থানায় অভিযোগ দায়ের করা  হচ্ছে জানা গেছে। এদিন পুনরায় পাঁচলা মোড়ে বুক স্টল হবে বলে জানিয়েছেন পার্টি নেতৃত্ব। অন্যদিকে রবিবার কুলগাছিয়ায় বিজেপি দুষ্কৃতীরা বুক স্টল বন্ধ করতে এলে পার্টি কর্মীদের প্রতিরোধে পিছু হটে। বাগনানের নুন্টিয়ায় বুক ষ্টল বিজেপির দুষ্কৃতি বাহিনী রবিবার সকালে ভেঙ্গে দেওয়ার পর বিকালে পুনরায় বুকস্টল পুনর্গঠন করে বুক ষ্টল চালু হয় এলাকার মানুষের ও পার্টি কর্মীদের সহযোগিতায়। 
এদিকে বই পড়ার চর্চাকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে শামিল হয়েছেন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের পড়ুয়ারা। ক্যাম্পাসের গণতন্ত্র বাঁচিয়ে রাখার লড়াইয়ের পাশাপাশি ক্যাম্পাসের বাইরে রাজ্যজুড়ে বামপন্থীদের বইয়ের স্টল স্টলে যে বুলডোজার রাজ চলছে তার বিরুদ্ধে রাস্তায় নামার সিদ্ধান্ত নিলেন চলচ্চিত্র শিক্ষার পড়ুয়ারা।
সম্প্রতিএসআরএফটিআইয়ের রেজিস্ট্রারের তরফে একটি নির্দেশিকা জারি করে চব্বিশ ঘণ্টার মধ্যে পড়ুয়াদের হোস্টেল ফাঁকা করে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। ভিন রাজ্য থেকে আসা প্রায় ৮০ থেকে ১০০ ' র কাছাকাছি পড়ুয়াদের পক্ষে রাতারাতি টিকিট সংগ্রহ করে বাড়ি ফিরে যাওয়া যে কার্যত অসম্ভব সেকথা কর্তৃপক্ষকে জানিয়েছিলেনও পড়ুয়ারা। কিন্তু খাবারের মেস বন্ধ করে দেওয়া থেকে পড়ুয়াদের বিরুদ্ধে মিথ্যে মামলা জারি করে, ৬ জন পড়ুয়াকে দুটো সেমিস্টারের জন্য বহিষ্কারের নোটিশ ধরানোর মাধ্যমে ক্যাম্পাসের ভেতর ফ্যাসিবাদী কায়দা চালানোর চেষ্টা চলছে বলে পড়ুয়াদের অভিযোগ। পড়ুয়াদের এই অভিযোগ মূলত  এসআরএফটিআইয়ের বর্তমান উপাচার্য আরএসএস ঘনিষ্ঠ সন্তোষ আজমেরার বিরুদ্ধে। এসআরএফটিআই ছাত্র সংসদের সম্পাদক সুদীপ চক্রবর্তী জানান , কর্তৃপক্ষের হুঁশিয়ারির তোয়াক্কা না করেই হোস্টেলে রয়েছেন পড়ুয়ারা। চলছে উপাচার্যের পদত্যাগের দাবিতে এবং পড়ুয়াদের ওপর হিন্দু জাগরণ মঞ্চ ও অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের হামলার বিরুদ্ধে ন্যায়বিচার আদায়ের লক্ষ্যে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচিও।

Comments :0

Login to leave a comment