বিসর্জন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল আরামবাগের সতীতলা! দুই পাড়ার সংঘর্ষে উত্তেজনার জেরে আটক করা হয়েছে ৬ জনকে।
দুর্গাপুজোর দশমীর দিন প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে আরামবাগের সতীতলা এলাকা। বুধবার সন্ধ্যায় বিসর্জনের অনুষ্ঠান শেষ হতেই দুই পাড়ার মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই বচসা ক্রমে সংঘর্ষের চেহারা নেয়। মারধর, বাড়িতে ঢুকে হামলা এবং ভাঙচুরের অভিযোগ ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিসর্জনের সময় এলাকার কিছু শিশু আনন্দ করছিল। অভিযোগ, সেই সময় তাদের সঙ্গে বচসা ও মারধরের ঘটনা ঘটে। আহত শিশুদের পরিবারের কাছে খবর পৌঁছতেই সতীতলা এলাকার কয়েকজন প্রতিবেশী ঘটনাস্থলে ছুটে আসেন। এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ।
অভিযোগ উঠেছে, বাঁধ পাড়া এলাকায় প্রায় ৭০ থেকে ৮০ জন যুবক সতীতলার কিছু বাড়িতে ঢুকে মারধর ও ভাঙচুর চালায়। জানলার কাঁচ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় অতিরিক্ত পুলিশ ফোর্স।
ঘটনাস্থলে পৌঁছান আরামবাগ থানার আইসি সমিত তালুকদার। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
সূত্রের খবর, এই ঘটনায় তিনজন মহিলা ও তিনজন পুরুষ-সহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ।
পাশাপাশি ব্যান্ডেলে দুই পুজো কমিটির মধ্যে মারামারির জেরে আহত হয়েছেন তিনজন।
ব্যান্ডেল কুলিপাড়ায় দু’টি পুজোর ভাসান চলছিল বুধবার রাতে। নিজেদের মধ্যে ঝামেলা বাধে।মারামারি থেকে উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
একজনের মাথা ফেটে সাতটি সেলাই পরেছে। বিজেপির এক বুথ সভাপতিকে চড় থাপ্পড় মারা হয় বলে অভিযোগ।
Arambagh Clash Idol Immersion
বিসর্জন ঘিরে তুমুল উত্তেজনা আরামবাগে, ৩ মহিলা সহ আটক ৬
বিসর্জন ঘিরে রণক্ষেত্র আরামবাগের সতীতলা এলাকা।
×
Comments :0