সুপ্রিম কোর্টের রায়কে ইতিবাচক আখ্যা দিয়েছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি। তিনি বলেছেন, কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য পিনারাই বিজয়নকে লক্ষ্যবস্তু বানিয়েছে কেন্দ্রীয় সংস্থা ইডি। কিছু বিভ্রান্তিও ছড়ায়। সম্পূর্ণ বানানো অভিযোগের ভিত্তিতে অপর পার্টিনেতা মহম্মদ রিয়াস এবং পিনারাইয়ের কন্যাকে জড়ানো হয়েছে।’’
গত বুধবার, ২১ অক্টোবর, সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ রায়ে বলেছে সিএমআরএল-এক্সালজিক মামলায় পিনারাই বিজয়ন এবং সংশ্লিষ্টদের কেরালা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন জানানোর সুযোগ দিতে হবে। দুই বিচারপতি জয়মাল্য বাগচী এবং ভি মোহনার বেঞ্চের বলেছে, উচ্চতর বেঞ্চে আবেদন জানানোর সুযোগ না রাখা অনুচিত।
বিজয়ন, তাঁর কন্যা বীণা টি এবং জামাতা মহম্মদ রিয়াস পিএ কেরালা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আবেদন দায়ের করেছিলেন। সুপ্রিম কোর্ট সেই রায়ের ভিত্তিতে শুরু পুলিশের তদন্তকে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।
এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের প্রশ্নে বেবি বলেন, ‘‘কংগ্রেসের এক বিধায়কের দায়ের করা অভিযোগের ভিত্তিতে কেরালা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে শুনানি হয়। পুরনো একটি অভিযোগকেই নতুন করে পেশ করা হয়েছে।’’ তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্টের রায় কেবল ইডি-র বিপক্ষেই যায়নি, গিয়েছে কেরালার ভিডি সতীশন সরকারের বিরুদ্ধেও। রাজনৈতিক প্রতিহিংসার মনোভাব থেকেই এই সক্রিয়তা। রাজ্যের কংগ্রেস সরকার তড়িগড়ি যেভাবে এফআইআর দায়ের করেছে তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। এখন হাইকোর্ট ডিভিশন বেঞ্চ পক্ষে বিপক্ষে যুক্তি শুনবে। আমরা নিশ্চিত যে আইনি লড়াইয়ে প্রমাণ করতে পারব যে পিনারাই বিজয়নের বিরুদ্ধে এই অভিযোগ সাজানো।’’
এক প্রশ্নে বেবি বলেন, ‘‘প্রাথমিক তদন্ত না করে, অভিযুক্তের বক্তব্য না শুনেই এফআইআর দায়ের কেন, সে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।’’
Baby on SC observation Regarding Vijayan's appeal
বিজয়নের বিরুদ্ধে তদন্ত স্থগিত, সুপ্রিম কোর্টের রায়কে ইতিবাচক বললেন বেবি
×
Comments :0