Aamir Khan

টাইগার, অমিতাভ ছাড়াও নিশানায় ছিলেন আমির খান

জাতীয়

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে দাবি তদন্তকারী সূত্রের। অভিযোগ, মুম্বইয়ে থাকার সময় বলিউডের একাধিক তারকার বাড়িতে নজরদারি চালিয়েছিল অভিযুক্তরা। সেই তালিকায় রয়েছেন সলমন খান, আমির খান, অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত শুটাররা জানিয়েছে, তাদের মূল লক্ষ্য ছিলেন সলমন খান। তবে তার বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের কড়া নিরাপত্তা দেখে সেই পরিকল্পনা থেকে পিছিয়ে আসে তারা বলে সূত্রের দাবি।
তদন্তকারী সূত্রের খবর, সলমন খানকে নিশানা করা কঠিন বুঝতে পেরে অন্য বলিউড তারকাদের বাড়ির আশপাশেও নজরদারি চালানো হয়। আমির খানের বান্দ্রার বাড়ির আশপাশে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা প্রায় এক মাস ধরে নজরদারি চালিয়েছিল বলে মুম্বই পুলিশের তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছে এনডিটিভি। গুলি চালানোর ঘটনার আগে তিন দফায় ওই এলাকায় রেকি করা হয়েছিল বলে সূত্রের দাবি।
আমির খান কখনও ছবির শুটিংয়ের কাজে বাড়ির বাইরে থাকতেন, আবার কখনও দীর্ঘ সময় বাড়ির ভিতরেই থাকতেন। ফলে তাকে নাগালে পাওয়া কঠিন হয়ে পড়েছিল বলে তদন্তকারী সূত্রের বক্তব্য। এই পরিস্থিতিই শেষ পর্যন্ত তাকে নিশানা করা হয়নি বলে দাবি।
গত ১৮ অক্টোবর সন্ধ্যায় মুম্বইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী। গাড়ির জানলা দিয়ে দর্শকদের দিকে হাত নাড়ছিলেন অভিনেতা। সেই সময় মোটরবাইকে চেপে আসা দুই ব্যক্তি তার গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনায় অল্পের জন্য রক্ষা পান টাইগার। তবে তার গাড়ির চালক এবং এক পথচারী আহত হন।
মুম্বই পুলিশের দাবি, গাড়ি লক্ষ্য করে পাঁচ থেকে ছ'রাউন্ড গুলি চালানো হয়েছিল। এই ঘটনায় এখনও পর্যন্ত রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং হরিয়ানা থেকে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তকারী সূত্রের দাবি, সলমন খানকে নিশানা করার পরিকল্পনা সফল না হওয়ায় সহজে নাগাল পাওয়া যাবে, এমন একজন তারকাকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয় অভিযুক্তরা। সামাজিক মাধ্যমের রিল এবং ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্ট দেখে তারা জানতে পারে, টাইগার শ্রফ প্রতি রবিবার জুহুর পুষ্প নার্সি গ্রাউন্ডে ফুটবল খেলতে যান। সেই তথ্যের ভিত্তিতেই তাকে নিশানা করা হয় বলে অভিযোগ।
পুলিশের মতে, বলিউডের মধ্যে আতঙ্ক ছড়ানো এবং এক বড় তারকাকে নিশানা করাই ছিল এই ষড়যন্ত্রের উদ্দেশ্য।
টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর দায় স্বীকার করে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন বলে অভিযোগ গ্যাংস্টার অনিল পণ্ডিতের বিরুদ্ধে। মুম্বই পুলিশ তাকে এই মামলায় পলাতক অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে। তদন্তকারীদের দাবি, অনিল পণ্ডিতের সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ রয়েছে। ওই গ্যাংয়ের কার্যকলাপের একটি অংশ আমেরিকা থেকে পরিচালিত হচ্ছে বলে সন্দেহ তদন্তকারীদের।
এদিকে আমির খানকে ঘিরেও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি অডিয়ো ক্লিপ এবং পোস্ট, যেখানে আরজু বিষ্ণোই ও টাইসন বিষ্ণোই নামে ব্যক্তিদের বক্তব্য রয়েছে বলে দাবি করা হচ্ছে। ওই অডিয়ো ও পোস্টে আমির খানের তৃতীয় বিয়ে এবং গৌরী স্প্র্যাটের সঙ্গে তার সম্পর্ককে কেন্দ্র করে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। সেখানে 'লাভ জিহাদ'-এর অভিযোগ তুলে অভিনেতাকে শিক্ষা দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আমির খানের বাড়ির আশপাশে নজরদারি চালানোর অভিযোগ এবং সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া অডিয়ো ক্লিপ দু'টি বিষয়ই খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। টাইগার শ্রফের গাড়িতে হামলার সঙ্গে এই হুমকির কোনও প্রত্যক্ষ যোগ রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে।
একাধিক বলিউড তারকাকে ঘিরে নজরদারি, হামলার পরিকল্পনা এবং সামাজিক মাধ্যমে হুমকির অভিযোগ সামনে আসায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ এখনও সমস্ত তথ্য যাচাই করছে। অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি আদালতে প্রমাণিত হওয়া বাকি।

Comments :0

Login to leave a comment