Witchcraft Suspicion

ফের ডাইনি সন্দেহে পিটিয়ে খুন বীরভূমের ময়ূরেশ্বরে

জেলা

ফের অন্ধবিশ্বাস আর কুসংস্কারের শিকার এক আদিবাসী বৃদ্ধা। নৃশংস হামলায় ক্ষতবিক্ষত হয়েছে এই মহিলার দেহ। লাঠির আঘাত, ধারালো অস্ত্রের কোপে চিরতরে বন্ধ হয়েছে বৃদ্ধ মহিলার শ্বাস। ডাইনি সন্দেহে পিটিয়ে খুনের তালিকায় জুড়েছে বীরভূমের আরও এক আদিবাসী মহিলার নাম। এবারের ঘটনাস্থল বীরভূমের ময়ূরেশ্বর থানার বেলিয়া গ্রাম। সেখানেই শুক্রবার রাতে ঘটেছে এমন রোমহর্ষক ঘটনা। ঘটনা ঘিরে রীতিমত থমকে গিয়েছে গ্রাম। পুলিশি টহলে তটস্থ এলাকা। গ্রাম প্রায় পুরুষশূণ্য। 
নির্মম পাশবিক হামলায় মৃত্যু হয়ে বৃদ্ধার নাম চুরকি হেমব্রম (৭০)। তাঁকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে গ্রামেরই বাসিন্দা শিবলাল কিস্কু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। গ্রাম সূত্রে জানা গেছে, শুক্রবার গ্রামে ‘হোলি’ পরব চলছিল। গ্রামের মানুষ মেতেছিল উৎসবের মেজাজে। রাত দশটা নাগাদ আচমকা চেঁচামচি শুনে গ্রামের মানুষ জড়ো হন শিবলালের বাড়ির সামনে। সেখানেই দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে চুরকি হেমব্রমের দেহ। ক্ষতবিক্ষত হয়েছে ধারালো অস্ত্রের আঘাতে। ততক্ষনে প্রাণও বেরিয়ে গিয়েছে মহিলার। প্রতক্ষ্যদর্শীদের দাবি, প্রথমে লাঠির আঘাত ও পড়ে কুড়ুল দিয়ে কুপিয়েই খুন করা হয়েছে মহিলাকে। ঘটনা ঘিরে রীতিমত উত্তেজনা ছড়িয়েছে গ্রামে। খবর পেয়ে গ্রামে পৌছে অভিযুক্ত শিবলাল কিস্কু সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও পঁচিশ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। পুলিশের হাতে আটক হওয়ার সময় শিবলাল কিস্কু জানিয়েছেন, ‘‘মহিলা ডাইনি। আগে আমার ছেলের বৌকে খেয়েছে। রাতে রাতে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় ক্ষতি করার জন্য। শুক্রবার রাতে আমার বাড়ি এসেছিল। তখনই কথাকাটাকাটি হয়।’’ 
এলাকার মানুষের বক্তব্য, এই মহিলার সাথে আগেও বিবাদ হয়েছে শিবলালদের। পুরোনো আক্রোশ ছিল উভয়পক্ষের মধ্যে। মৃতার ছেলে ভুবন হেমব্রমের অভিযোগ, ‘‘শিবলালই মাকে রাতে ওদের ঘরে নেমন্তন্ন করেছিল। মা গেলে নিজেদের বাড়ির উঠোনেই মায়ের উপর চড়াও হয় শিবলালরা। সেখানেই মাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।’’

Comments :0

Login to leave a comment