Bangladesh Measles

বাংলাদেশে ২৪ ঘন্টায় হামে আরও ১১ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা

বাংলাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে।
এর মধ্যে হামের উপসর্গে ৯ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য দপ্তর।
মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪৭৫। এর মধ্যে ৭৭ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে।
সোমবার সকাল ৮টা থেকে  মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে ৩ জন করে রয়েছে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। জেলা হিসেবে ঢাকা ও মৌলভীবাজারে সবচেয়ে বেশি দুজন করে শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশে হামের উপসর্গ চিহ্নিত হয়েছে ১ হাজার ২৬৪ জনের। হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন। নতুন করে ৭৩ জনের হাম চিহ্নিত হয়েছে।
বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি, ৫৪৪ জন, হামের উপসর্গ চিহ্নিত হয়েছে ঢাকা বিভাগে। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ২৩০ জন এবং বরিশাল বিভাগে ১৪৭ জন। 

Comments :0

Login to leave a comment