বিশ্বজিৎ দাস: গুয়াহাটি
দুলিয়াজান একই পরিবারের ৩ সদস্যকে খুনের মামলার দুই অভিযুক্ত, রাজু দাস ও আমির দাস, বুধবার সকালে ডিব্রুগড় জেলার বালিজান চা বাগানের কাছে পুলিশের সাথে সংঘর্ষে আহত হয়েছেন। পুলিশি অভিযানের সময় দুজনেরই পায়ে গুলি লাগে। সংবাদ সংস্থার খবরে জানা গেছে একই পরিবারের ৩ সদস্যকে খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তদন্তকারী দল অভিযুক্তদের একটি পুলিশ গাড়িতে করে দুলিয়াজানের বালিজান চা বাগানে নিয়ে যাচ্ছিল। রাত প্রায় ১১টা নাগাদ তল্লাশি অভিযান চলাকালীন অন্ধকারের সুযোগ নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। সেই সময় পুলিশ মোট পাঁচ রাউন্ড গুলি চালায়, যার মধ্যে চারটি অভিযুক্তদের পায়ে লাগে। এই ঘটনায় দুজন পুলিশও আহত হন। তাদের দুলিয়াজানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তদেরও দুলিয়াজান অয়েল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
গত ১৬ নভেম্বর আসামের দুলিয়াজানের কমলাবাড়িতে একই পরিবারের তিন সদস্যকে খুনের অভিযোগে অভিযুক্তরা হলেন রাজু ও আমির। পুলিশের বক্তব্য পরিবারের ওই তিন সদস্যকে হাতুড়ি ও লোহার রড দিয়ে আক্রমণ করা হয়েছিল। এরপর বাড়ি থেকে নগদ টাকা, সোনার গয়না এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করা হয়। নিহতরা হলেন অয়েল ইন্ডিয়া লিমিটেডের অবসরপ্রাপ্ত কর্মচারী চন্দ্রকান্ত ভূঁইয়া, তাঁর স্ত্রী এলিজা ভূঁইয়া এবং তাঁদের মেয়ে নিহারিকা ভূঁইয়া।
পুলিশ সূত্রে খবর রাজু ওই বাড়িতে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করত। তদন্তে পুলিশ জানতে পারে যে, রাজু অনলাইন গেমিং এবং বেটিংয়ে প্রায় ৪ লক্ষ টাকা হেরে আর্থিক সংকটে ভুগছিল। সে তার বাবার কাছ থেকেও টাকা ধার করেছিল। তদন্তকারীরা সন্দেহ করছেন, টাকা আদায়ের জন্যই সে বাড়িটিতে ডাকাতি করেছিল। রাজু বেশ কয়েক বছর ধরে ভুইয়া পরিবারের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করত, তাই তাদের বাড়ি এবং দৈনন্দিন কাজকর্ম সম্পর্কে তার ভালোই ধারণা ছিল। ঘটনার একদিন পর গ্রেপ্তার রাজু এবং আমিরকে আসামের শিবসাগর জেলার সিমালুগুড়ি রেলস্টেশন থেকে গ্রেপ্তার করে পুলিশ। 'অবধ আসাম এক্সপ্রেস' ট্রেন থেকে তাদের গ্রেপ্তার করে। তদন্তকারীরা সন্দেহ করছেন, অভিযুক্তরা বেঙ্গালুরুতে পালিয়ে যাওয়ার আগে গুয়াহাটি পৌঁছানোর চেষ্টা করছিল। পুলিশ পরে বাড়ি থেকে চুরি হওয়া জিনিসপত্র, যার মধ্যে সোনা ও রুপোর গয়না, নগদ টাকা এবং মোবাইল উদ্ধার করে। পুলিশের দাবি ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তদের নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। তখনই গুলিচালায় পুলিশ। গুলিতে জখম হয় দুই অভিযুক্ত। ঘটনায় দুই পুলিশও আহত হন।
Assam Encounter
আসামে এনকাউন্টারে জখম একই পরিবারের ৩ সদস্যকে খুনে অভিযুক্ত ২
×
Comments :0