প্রদীপ্ত রায়: কলকাতা
বিজেপি-র আগ্রাসী রাজনীতির কোপে এবার নেতাজী সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত কলকাতা কর্পোরেশন। কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর ক্লাবে প্রথা ভেঙে ছুটির দিনে টাঙানো হলো বিনায়ক দামোদর সাভারকর ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতি। মঙ্গলবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ড. বি আর আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেল এবং বীরেন্দ্রনাথ শাসমলের মতো বিশিষ্ট ব্যক্তিত্বের ছবির সঙ্গে এই দুই প্রতিকৃতিও লাগানো হয়। যুক্ত করা হয়েছে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ ও মহারানা প্রতাপের ছবিও। কিন্তু বোর্ডবিহীন কলকাতা কর্পোরেশনে ছুটির দিনে কার নির্দেশে এই কাজ হলো, তার কোনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর ক্লাব বা অন্য কোনও জায়গায় এর আগে সাভারকরের প্রতিকৃতি ছিল না।
কাউন্সিলর ক্লাব মূলত কর্পোরেশনের বর্তমান ও প্রাক্তন কাউন্সিলরদের বিশ্রাম, পারস্পরিক আলোচনা এবং দাপ্তরিক কাজের জায়গা। এতদিন সেখানে মূলত কলকাতা কর্পোরেশনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত প্রাক্তন কাউন্সিলর, প্রাক্তন বোরো চেয়ারম্যান এবং জাতীয় স্তরে দায়িত্ব পালন করা ব্যক্তিদের প্রতিকৃতি রাখা হয়েছে। কর্পোরেশনের সঙ্গে প্রত্যক্ষ প্রাতিষ্ঠানিক সম্পর্ক না থাকা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও সাভারকরের ছবি সেখানে স্থান পাওয়ায় স্বাভাবিকভাবেই উঠছে ঐতিহাসিক ও রাজনৈতিক যৌক্তিকতার প্রশ্ন।
কলকাতা কর্পোরেশনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের স্বাধীনতা আন্দোলন এবং বাংলার গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাজনৈতিক ঐতিহ্য। ১৯২৩ সালের কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্টের মাধ্যমে পৌর প্রশাসনে গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ১৯২৪ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ কলকাতার প্রথম নির্বাচিত মেয়র হন। তাঁর উদ্যোগেই সুভাষচন্দ্র বসু কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৩০ সালের ২২ আগস্ট কারাবন্দি অবস্থাতেই কলকাতার মেয়র নির্বাচিত হন নেতাজী। ফলে কলকাতা কর্পোরেশন শুধু একটি প্রশাসনিক প্রতিষ্ঠান নয়, ঔপনিবেশিক শাসনবিরোধী সংগ্রামেরও গুরুত্বপূর্ণ স্মারক।
অন্যদিকে, সাভারকরের রাজনৈতিক জীবনের বহুল আলোচিত অধ্যায় হল ব্রিটিশ সরকারের কাছে তাঁর একাধিক ক্ষমাপ্রার্থনামূলক আবেদন বা মার্সি পিটিশন। আন্দামানের সেলুলার জেলে বন্দি থাকাকালীন ১৯১১, ১৯১৩, ১৯১৪, ১৯১৭ ও ১৯২০ সালে তিনি মুক্তির আবেদন জানান। ১৯১৩ সালের ১৪ নভেম্বরের আবেদনে মুক্তি পেলে ব্রিটিশ সরকারের প্রতি অনুগত থাকা এবং সাংবিধানিক পথে রাজনীতি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে ঐতিহাসিক নথিতে উল্লেখ রয়েছে। ১৯২০ সালের আবেদনেও সাংবিধানিক পথে চলা এবং নির্দিষ্ট সময় পর্যন্ত ব্রিটিশবিরোধী রাজনীতি থেকে দূরে থাকার অঙ্গীকার ছিল।
কাউন্সিলর ক্লাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতি স্থাপনের ফলে নেতাজির সঙ্গে তাঁর রাজনৈতিক মতপার্থক্যের ইতিহাসও নতুন করে আলোচনায় এসেছে। ১৯৪০ সালে হলওয়েল মনুমেন্ট অপসারণের দাবিতে আন্দোলন গড়ে তুলেছিলেন নেতাজী। সেই সময় শ্যামাপ্রসাদ ছিলেন হিন্দু মহাসভার অন্যতম প্রধান নেতা। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের বিরোধিতা করে ওই বছরের মে মাসে ঝাড়গ্রামের এক সভায় হিন্দু মহাসভার সমালোচনা করেছিলেন নেতাজী। হিন্দু মহাসভার সাংগঠনিক বিস্তার ও রাজনৈতিক প্রভাব নিয়েও দু’জনের অবস্থানের বিরোধ ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন ব্রিটিশ ইউনিয়ন জ্যাককে স্যালুট করতে অস্বীকার করার অভিযোগে দুই ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্যামাপ্রসাদ। সেই সিদ্ধান্তেরও বিরোধিতা করেছিলেন নেতাজী।
নেতাজী ও শ্যামাপ্রসাদের সম্পর্ক নিয়ে বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সাম্প্রতিক মন্তব্যও নতুন করে বিতর্ক তৈরি করেছে। ১৯৪০ সালে কলকাতা কর্পোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন ফরওয়ার্ড ব্লককে ‘গুন্ডা’ বলে আখ্যা দিয়েছিলেন। সেই ঘটনার জন্য ঘুরিয়ে নেতাজিকেও দায়ী করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ।
প্রতিবেদকের বক্তব্য, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বা সাভারকরের আপসহীন সংগ্রামের নজির নেই। অন্যদিকে, কলকাতা কর্পোরেশনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ব্রিটিশবিরোধী আন্দোলনের বহু অধ্যায়। সেই প্রতিষ্ঠানে রাজনৈতিক ক্ষমতার জোরে সাভারকর ও শ্যামাপ্রসাদের প্রতিকৃতি স্থাপন করে ইতিহাসের ব্যাখ্যা বদলানোর চেষ্টা নিন্দনীয়।
নতুন করে লাগানো ছবিগুলির মধ্যে রয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ড. বি আর আম্বেদকর, বীরেন্দ্রনাথ শাসমল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সাভারকর, ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ এবং মহারানা প্রতাপ। লক্ষ্মীবাঈ ও মহারানা প্রতাপের ঐতিহাসিক অবদান নিয়ে প্রশ্ন নেই। কিন্তু কাউন্সিলরদের ব্যক্তিগত আলাপচারিতার ঘরে তাঁদের প্রতিকৃতি স্থাপনের প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।
কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘মনীষীদের ছবিকে ঢাল করে কর্পোরেশনের উপর শ্যামাপ্রসাদ-সাভারকরকে চাপিয়ে দেওয়া অত্যন্ত নিন্দনীয়। এর মধ্য দিয়ে কলকাতার ব্রিটিশ ঔপনিবেশিকতাবিরোধী লড়াইকে ছোট করা হচ্ছে।’’
কলকাতা কর্পোরেশন কোনও রাজনৈতিক দলের কার্যালয় নয়। স্বাধীনতা সংগ্রামী, ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী, সমাজসংস্কারক এবং নানা রাজনৈতিক মতাদর্শের মানুষের অবদান এই প্রতিষ্ঠানের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে কি একটি ঐতিহাসিক প্রতিষ্ঠানের অতীত ও ঐতিহ্যের মূল্যায়নের মাপকাঠিও বদলে দেওয়া হবে? নতুন করে সেই প্রশ্নই সামনে এসেছে।
Comments :0