Free Bus Travel For Women

সরকারি বাস নেই ধূপগুড়ির একাধিক রুটে, বঞ্চিত মহিলারা

জেলা

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী পয়লা জুন থেকে সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাচ্ছেন। কিন্তু ধূপগুড়ি মহকুমার এক বিস্তীর্ণ কৃষি বলয়ের হাজার হাজার মহিলা এই পরিষেবা থেকে সম্পূর্ণ বঞ্চিত। কারণ, তাঁদের এলাকায় কোনও সরকারি বাসই চলাচল করে না। বিশেষ ভাবে ধূপগুড়ি থেকে ডাউকিমারি হয়ে নাথুয়া পর্যন্ত দীর্ঘ রুটে কোনও সরকারি বাস নেই। ফলে এই সমস্ত এলাকার মহিলাদের যাতায়াতের জন্য ছোট গাড়ি কিংবা টোটোর ওপর নির্ভর করতে হচ্ছে। এবার এই বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে ওই রুটে দ্রুত সরকারি বাস পরিষেবা চালুর দাবি জানিয়েছেন এলাকার মহিলারা। ধূপগুড়ি থেকে নাথুয়ার দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার।স্থানীয় মহিলাদের অভিযোগ,বেসরকারি ছোট গাড়িতে ধূপগুড়ি থেকে নাথুয়া যাওয়ার ভাড়া ৩০ টাকা, যেখানে সাধারণ টোটো ভাড়া ৫০ টাকা। এই রুটে সরকারি বাস চালু হলে একদিকে যেমন মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন,অন্যদিকে তাঁদের দৈনিক যাতায়াতের খরচে বড়সড় সাশ্রয় হবে।
নাথুয়া এলাকার কলেজ ছাত্রী অনুকা কুন্ডু জানান,সপ্তাহে ছয়দিন তাঁকে পড়াশোনার জন্য ধূপগুড়িতে আসতে হয়। তাঁর কথায় ‘‘সরকারি বাস পরিষেবা চালু থাকলে নাথুয়া থেকে ধূপগুড়ি যাতায়াতের জন্য ভাড়ার অনেক গুলো টাকা বেঁচে যেত। আমাদের মতো ছাত্রীদের এতে খুব উপকার হতো।’’ একই সুর শোনা গেল কলাবাড়ি চা বাগানের শ্রমিক চামেলী ওরাওঁয়ের গলায়। তিনি বলেন, ‘‘বিভিন্ন প্রয়োজনে আমাদের প্রায়ই ধূপগুড়ি বা বানারহাটে যেতে হয়। সরকারি বাসে মহিলাদের কোনও ভাড়া লাগছে না। কিন্তু আমাদের এই রুটে সরকারি বাসই নেই। এখানে বাস চালু করা হলে আমাদের মতো গরিব খেটেখাওয়া মানুষের অনেকটা সুবিধা হয়।’’
এলাকার এই জ্বলন্ত সমস্যা নিয়ে সরব হয়েছেন বামপন্থী যুব নেত্রী মায়া রায়। তিনি বলেন,‘‘নাথুয়া, ডাউকিমারি সহ সংলগ্ন গ্রামীণ এলাকার বহু মহিলা ও কলেজ ছাত্রী রোজ পড়াশোনা, চিকিৎসা কিংবা নানা জীবিকার তাগিদে ধূপগুড়ি সহ বিভিন্ন এলাকায় যান। পয়লা জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হলেও, এই এলাকায় কোনও সরকারি বাস না থাকায় সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামীণ স্তরের মহিলারা। এটা চরম বৈষম্য।’’ 
অবিলম্বে ধূপগুড়ি-নাথুয়া রুটে অন্তত দুটি সরকারি বাস পরিষেবা চালু করার দাবি জানিয়েছেন। এই বাস চালু হলে স্কুল-কলেজের ছাত্রী থেকে শুরু করে সাধারণ শ্রমজীবী মহিলাদের নিত্যদিনের ভোগান্তি কমবে এবং তাঁরা সরকারি সুবিধার আওতাভুক্ত হতে পারবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Comments :0

Login to leave a comment