মল্লিকবাজারের বহুতলে আগুন। দমকলের ১০টি ইজ্ঞিন চেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার। এদিন বেলা ১২টার পর আগুন লাগার খবর পাওয়া যায়। স্থানীয়রা জানাচ্ছেন বহুতলের যেই জায়গায় আগুন লেগেছে তা একটি গোডাউন। সেখানে বহু দাহ্য পদার্থ থাকায় আগুন লেগেছে।
এলাকা ঘন বসতিপূর্ণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দমকলের পাশাপাশি স্থানীয়রাও চেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার। আশপাশে বাড়ি এবং দোকান থাকায় দমকলের পক্ষে ঢুকতে সমস্যা তৈরি হচ্ছে। আগুনের ভয়াবহতা এতটাই যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দূর থেকে দেখা যাচ্ছে ধোঁয়া।
প্রত্যক্ষদর্শী শুভম সাউয়ের কথায়, ‘আমার মা প্রথমে আগুন আগুন করে চিৎকার করতে থাকে। প্রথমে ভেবেছিলাম বাইরের বিদ্যুৎ-এর তারে আগুন লেগেছে। তারপর জানালা দিয়ে দেখা যায় নীচের গোডাউন থেকে আগুনের শিখা। আমরা সবাই আতঙ্কে বাইরে চলে আসি।’ স্থানীয়দের কথায় যেই বাড়িতে আগুন লেগেছে সেখানে বহু পরিবার থাকে। সবার মধ্যে তৈরি হয় আতঙ্ক। রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে বাইরে চলে আসেন অনেকে। বাসিন্দাদের কথায় গোটা বাড়ি আগুনের তাপে গরম হয়ে গিয়েছে।
রাস্তা ছোট হওয়ায় বার বার আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকে। দমকলের এক আধিকারিক জানান যেই জায়গায় আগুন লেগেছে তার পুরোটাই শাড়ির গোডান। একদিক দিয়ে জল দিতে তারা সক্ষম হলেও অন্যদিক দিয়ে তাদের ঢুকতে সমস্যা হচ্ছে রাস্তা ছোট হওয়ায়। তবে দমকলে চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে। দমকল জানিয়েছে বাড়িটিতে ফাটল ধরতে শুরু করেছে। আশপাশে দোকান এবং বাড়ি থাকায় আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে এসেছে। সুরক্ষার কথা মাথায় রেখে গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
Comments :0