Assembly election 2026: Shyampukur

শ্যামপুকুর: শেষ পর্বের প্রচারে বিমান বসু, উচ্ছ্বাস জনতার

রাজ্য কলকাতা বাংলা বাঁচানোর ভোট

সোমবার প্রচারের শেষ দিনে শ্যামপুকুরে বামফ্রন্ট প্রার্থীকে নিয়ে মিছিলে বিমান বসু, নরেন চ্যাটার্জি। ছবি ও ভিডিও: অরিজিৎ মণ্ডল

পূজা বোস

"শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে ১১টি ওয়ার্ড। আর সেই ১১টি ওয়ার্ডে রয়েছে হরেক রকমের সমস্যা। 
তবে সাধারণ মানুষের সমস্যা নিয়ে ভাবিত নন এই অঞ্চলের তৃণমূলের বিধায়ক। নারী ও শিশুকল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী তিনি। কিন্তু এই এলাকার স্কুলগুলো বন্ধ, নেই মহিলাদের সুরক্ষা, পাড়াগুলো এখন নেশার থেকে পরিণত হয়ে গেছে। 
এই কেন্দ্র বড় অংশের মানুষ রয়েছেন যারা মৃৎশিল্পের সঙ্গে যুক্ত, প্রতিমা তৈরি করেন কিন্তু তাঁদের উন্নয়নের কথা ভাবে না কেউ। 


এই বিধানসভা কেন্দ্রে কলকাতা কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে বহু মানুষ রয়েছেন যাঁরা বাঁশ শিল্পের সঙ্গেও যুক্ত। তাদের সহায়তায় কোন ব্যবস্থা গ্রহণ করেনি সরকার। তাই মানুষ তাঁদের ভবিষ্যতের কথা ভেবে বামেদেরই তাদের ভবিষ্যৎ রক্ষার দায়িত্ব দিতে চাইছে, সোমবার এবারের বিধানসভা ভোটের শেষ প্রচার মিছিলে বললেন বামফ্রন্ট কর্মী তাপস প্রামানিক। 
সোমবার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ঝুমা দাসের সমর্থনে একটি বিশাল রোড শো-র আয়োজন করা হয়। সেখানে প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চ্যাটার্জি ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ  নেতৃবৃন্দ। 
এদিনের মিছিলে ফরওয়ার্ড ব্লকের ঝান্ডা হাতে মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রার্থীর সঙ্গে পরিচিত হতে বহু মানুষই এদিন রাস্তার দু’ধারে জড়ো হয়েছিলেন। কেউ হাত নাড়ছিলেন, কেউ আবার করছিলেন ভিডিও। বাড়ির বারান্দায় দাঁড়িয়েও বহু মানুষ প্রার্থীর প্রতি তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। 
মিছিলে অংশ নেওয়া এক তরুণী দীপা জানা বলেন, "শ্যামপুকুর কেন্দ্র ফরওয়ার্ড ব্লকের ট্রাডিশনাল সিট্। দুই ফুল মিলে আমাদের মতো তরুণ প্রজন্মকে এপ্রিল ফুল বানাচ্ছে। আর তাই বামেই ভরসা রাখছে জেনজি'রা।" 
এদিন মিছিলের ফাঁকে প্রার্থী ঝুমা দাসের সঙ্গে কথা হলে তিনি বলেন, "জয় নিয়ে আমরা আশাবাদী । " তিনি বলেন, ‘‘আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছি। সাধারণ মানুষ নিজে থেকেই আমাদের সঙ্গে এসে তাদের সমস্যার কথা ভাগ করে নিয়েছেন। আমরা বলেছি এলাকার যে যে স্কুল বন্ধ হয়ে গিয়েছে আমরা সেই সবকটা স্কুলের তালা আমরা খুলব। পাশাপাশি করব মিড ডে মিলের ব্যবস্থাও। নারীদের নিরাপত্তার ব্যবস্থা করব। যে পাড়াগুলোতে নেশার ঠেকের রমরমা হয়েছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারব শুধু আমরাই। মানুষ বুঝছেন, তাই আমরাও মানুষের রায়ের উপর আস্থা রাখছি।" 
এদিনের মিছিল থেকে বিমান বসু বলেন, "এই এলাকার মানুষের কথা যাতে বিধানসভায় সোচ্চারে পৌঁছে দেওয়া যায় তার জন্যই বাম প্রার্থী ঝুমা দাসকে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি। সাম্প্রদায়িক বিজেপি’র মানুষে মানুষে বিভেদ তৈরি করার নীতিকে রুখতে এবং নৈরাজ্যবাদী টিএমসি যাদের চুরির কোনও শেষ নেই, এই পশ্চিমবাংলাকে বাঁচাতে তাদের পরাস্ত করতে, রাজ্যে শান্তি শৃঙ্খলার উন্নয়ন ঘটাতে এখানকার ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এই আশা রাখছি। " 
এদিনের মিছিল থেকে নরেন চ্যাটার্জি বলেন, "সংবিধানে মানুষের যে গণতান্ত্রিক অধিকারের কথা বলা হয়েছে তা যাতে মানুষ সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারেন তার জন্য আমাদেরই সহায়তা করতে হবে। এবারে বাংলার মানুষ গণতন্ত্রের পক্ষে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক অভূতপূর্ব ঐকমত্য গড়ে তুলেছেন। আর তাকে ইভিএমে প্রতিফলিত করার দায়িত্ব বামপন্থীদেরই নিতে হবে।"

Comments :0

Login to leave a comment