Dhupguri

গান্ধীজিকে ‘দেশদ্রোহী’ দাগিয়ে ধূপগুড়িতে বিতর্কে বিজেপি প্রার্থী

জেলা

ভোটের মুখে বেলাগাম মন্তব্য করে বিতর্কের শিখরে ধূপগুড়ির বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আধা-সেনা কর্মী নরেশ রায়। পুলিশ আধিকারিককে শাসানি দেওয়ার রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি জাতির জনক মহাত্মা গান্ধীকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ শানালেন তিনি। গেরুয়া প্রার্থীর মুখে গান্ধীজি সম্পর্কে এই কুরুচিকর মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় বিজেপির ‘আসল নাথুরামপন্থী’ চেহারা প্রকাশ পেয়ে গেছে বলে সরব হয়েছে বাম নেতৃত্ব। শনিবার সন্ধ্যায় ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোড়া-২ গ্রাম পঞ্চায়েতের কালীরস্থান এলাকায় বিজেপির একটি পথসভা ছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মেজাজ হারান নরেশ রায়। কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে তিনি ভারতের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেন বলে অভিযোগ। সভাতেই তিনি দাবি করেন, কংগ্রেস একটি রাষ্ট্রবিরোধী দল। এমনকি মহাত্মা গান্ধীকে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে দিয়ে তিনি দাবি করেন, গান্ধীজিই দেশ বিভাজন করেছেন। একইসাথে মুখ্যমন্ত্রীকেও ‘রাষ্ট্রবিরোধী’ নেত্রী বলে তোপ দাগেন তিনি।
ইতিমধ্যেই এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে নরেশ রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি সাফাইয়ের পথে না হেঁটে জানান, শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভা নিয়ে ব্যস্ত থাকায় এই মুহূর্তে কোনো মন্তব্য করবেন না। বিজেপি প্রার্থীর এই ঔদ্ধত্যের তীব্র নিন্দা জানিয়েছে সিপিআই(এম)। ধূপগুড়ি এরিয়া কমিটির সদস্য নেতা নির্মাল্য ভট্টাচার্য বলেন, ‘‘আরএসএস-বিজেপির মজ্জাতেই গান্ধী-বিদ্বেষ ও বিভাজনের রাজনীতি রয়েছে। নাথুরাম গডসের উত্তরসূরিরা যে সুযোগ পেলেই গান্ধীজিকে অপমান করবে, এটাই স্বাভাবিক। একদিকে দেশপ্রেমের ভণ্ডামি, আর অন্যদিকে জাতির জনককে দেশদ্রোহী বলা— বিজেপির এই দ্বিচারিতা ধূপগুড়ির সচেতন মানুষ ব্যালটেই জবাব দেবেন।’’ 
রাজনৈতিক মহলের মতে, বারবার উস্কানিমূলক মন্তব্য করে বিজেপি প্রার্থী আসলে উন্নয়নের ইস্যু থেকে নজর ঘোরাতে চাইছেন। তবে গান্ধীজিকে নিয়ে এই কুরুচিকর আক্রমণ গেরুয়া শিবিরের অস্বস্তি যে কয়েক গুণ বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।

Comments :0

Login to leave a comment