বই | রবীন্দ্র প্রসঙ্গে এক অমূল্য সংকলন
কৃশানু ভট্টাচার্য্য
মুক্তধারা | ৪র্থ বর্ষ | ১৯ মে ২০২৬ | কবিপক্ষ
গত শতাব্দীর তিরিশ চল্লিশের দশকে রবীন্দ্রনাথকে বিশ্লেষণ করবার ক্ষেত্রে যে কয়জন তাত্ত্বিক সমালোচক। বিশেষ স্থান অর্জন করেছিলেন তাদের মধ্যে বিজয় লাল চট্টোপাধ্যায় অন্যতম। ১৯৩২ সালের ১৫ই এপ্রিল রবীন্দ্রনাথের সাহিত্য বিশ্লেষণ করতে গিয়ে ১৯৩১ সালে বিজয়লাল রচিত বিদ্রোহী রবীন্দ্রনাথ গ্রন্থটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত ঘোষণা করেছিল। এর পরবর্তী স্তরে ১৯৩৬ সালে তিনি রচনা করেন রিয়ালিস্ট রবীন্দ্রনাথ। ১৯৩৮ রচনা করেন রবীন্দ্র সাহিত্যে পল্লী চিত্র। ১৯৬২ তে রচনা করেন রবি তীর্থে। এই চারটি গ্রন্থ এবং তার সঙ্গে রবীন্দ্রনাথকে লেখা বিজয়লাল চট্টোপাধ্যায় এর নয়খানি এবং বিজয়লাল চট্টোপাধ্যায় কে লেখা রবীন্দ্রনাথের ১৩ খানি চিঠি কে নিয়ে 1991 সালে পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ প্রকাশ করেছিল রবীন্দ্রনাথ নামে বিজয়লালের এই প্রবন্ধ সংকলনটি। এই প্রবন্ধ সংকলন টির সম্পাদনা করেছিলেন সত্যজিৎ চৌধুরী এবং সুধীর চক্রবর্তী।
সাহিত্য সমালোচক বিজয় লাল জন্মগ্রহণ করেছিলেন ১৮৯৯ এর ৯ সেপ্টেম্বর তিনি কৃষ্ণনগরে শ্রীরামকৃষ্ণ পাঠাগারের প্রতিষ্ঠাতা ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন কবি। তাঁর রাজনৈতিক জীবনের আদর্শ ছিলেন গান্ধী। আবার সাহিত্য জীবনে তিনি একদিকে যেমন রবীন্দ্রনাথকে আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন তার পাশাপাশি রাশিয়ার সাম্যবাদ তাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। সুসন্তান বিজয় লাল কলেজ জীবনে মার্কিন কবি হুইটম্যানের কাব্য এবং তাঁর গণতান্ত্রিক নীতির প্রতি বিশেষভাবে শ্রদ্ধাশীল ছিলেন। একসময় তিনি সাংবাদিকতার কাজও করেছেন।
বিজয়লালের যে চারটি গ্রন্থ আলোচ্য সংকলনে সংকলিত হয়েছে তার প্রতিটি ছত্রে ছত্রে আমরা দেখি রবীন্দ্র সাহিত্যের বিভিন্ন রচনার উল্লেখযোগ্য অংশকে উদ্ধৃত করে তাকে পাঠকের সামনে নতুনভাবে উপস্থাপিত করার চেষ্টা । এর পাশাপাশি তিনি অন্তর্জাতিক সাহিত্যের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথকে বিশ্লেষণ করবার চেষ্টা করেছেন।
বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রায় ১০০ বছর আগে রচিত এই আলোচনা গুলি রবীন্দ্রনাথকে চিনে নিতে আমাদের নতুনভাবে পথ দেখাতে পারে। সুখের কথা, এই প্রবন্ধ সংকলনটি এখনো দুষ্প্রাপ্য নয়। আগ্রহীরা এই প্রবন্ধ সংকলনটি এখনো সংগ্রহ করে পরলে রবীন্দ্র সাহিত্যের বিশ্লেষণের দিক থেকে নতুন চিন্তা ভাবনা সম্পর্কে অবহিত হবেন।
রবীন্দ্রনাথ : বিজয়লাল চট্টোপাধ্যায়
পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ
সম্পাদনা সত্যজিৎ চৌধুরী এবং সুধীর চক্রবর্তী
Comments :0