Leopard Attack

চিতাবাঘের হামলায় আহত চা শ্রমিক, বানারহাটে আতঙ্ক

জেলা

ডুয়ার্সের চা বলয়ে ফের চিতাবাঘের হানা। সোমবার সকালে বানারহাট ব্লকের পলাশবাড়ী চা বাগানে চিতাবাঘের আক্রমণে গুরুতর জখম হলেন এক মহিলা শ্রমিক। এই ঘটনাকে কেন্দ্র করে বাগান জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত শ্রমিকের নাম মুনি গোড়ে। সোমবার সকালে তিনি বাগানের ৭১ নম্বর সেকশনে অন্যান্য শ্রমিকদের সাথে পাতা তোলার কাজ করছিলেন। সেই সময় আচমকাই ঝোপের আড়াল থেকে একটি চিতাবাঘ তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। মহিলার চিৎকারে সহকর্মীরা লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে ছুটে এলে চিতাবাঘটি সংলগ্ন জঙ্গলে পালিয়ে যায়।
চিতাবাঘের নখের আঘাতে ওই মহিলার শরীর ও হাতে গভীর ক্ষত তৈরি হয়েছে। রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত বানারহাট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত।
খবর পেয়ে বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার বনকর্মীরা এলাকায় পৌঁছান। পরিস্থিতির ওপর নজরদারি চালানো হচ্ছে। তবে এই ঘটনার পর থেকে শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন স্থানীয় শ্রমিক সংগঠনগুলিও। বনদপ্তরের পক্ষ থেকে শ্রমিকদের দলবদ্ধভাবে কাজ করতে এবং সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment