আগামী ২৯ এপ্রিল বুধবার পশ্চিমবঙ্গে ১৪২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজ্যের ভোটার তালিকা সংশোধনের পরেও, বুধবার যে ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে তার মধ্যে ২৩টিতে এখনও পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার বেশি। এই তালিকার শীর্ষে রয়েছে যাদবপুর। ওই কেন্দ্রে পুরুষের থেকে ১১ হাজার ৭৫৯ জন বেশি মহিলা ভোটার রয়েছেন। এছাড়াও, পানিহাটিতেও পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার বেশি। দ্বিতীয় দফায় ৩ কোটি ২১ লক্ষ ৭৩ হাজার ৮৩৭ জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ১ কোটি ৫৭ লক্ষ ৩৭ হাজারের বেশি। দ্বিতীয় দফায় ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। থাকছে ৩৮ হাজার ২৯৭ রাজ্য পুলিশ।
দ্বিতীয় দফার ভোটের প্রচার সোমবার সন্ধ্যায় শেষ হয়েছে। এসআইআর থেকে নাম বাদ যাওয়া যে সমস্ত ভোটাররা ট্রাইব্যুনালে আপিল করেছিলেন। তাদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। ট্রাইব্যুনাল দ্বিতীয় দফার জন্য ১ হাজার ৪৬৮ জন ভোটারকে তালিকাভুক্ত করেছে। কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট ১ হাজার ৪৭৪ টি আবেদন খতিয়েদেখে ১ হাজার ৪৬৮ জন ভোটারকে ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে। ৬ জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তালিকায় যুক্ত হয়েছে কলকাতা দক্ষিণের ৬৭৭ জন, কলকাতা উত্তরের ৫৯৬ জন, হাওড়ার ৭৭ জন, নদিয়ার ৩৯ জন, উত্তর ২৪ পরগনার ৩৪ জন, দক্ষিণ ২৪ পরগনার ৩০ জন, পূর্ব বর্ধমানে ৮ জন এবং হুগলির ৭ জনের নাম যুক্ত হয়েছে ভোটার তালিকায়। এসআইআর পর্বে উত্তর ২৪ পরগনার ভোটার তালিকা থেকে ১২.৬ লক্ষেরও বেশি নাম বাদ দেওয়া হয়েছে। কলকাতায় প্রায় ৭ লক্ষ, হাওড়ায় ৬ লক্ষ, হুগলিতে ৪.৬৮ লক্ষ, দক্ষিণ ২৪ পরগনায় ১০.৯১ লক্ষেরও বেশি এবং নদিয়ায় প্রায় ৪.৮৫ লক্ষ নাম মুছে ফেলা হয়েছে। দ্বিতীয় দফার ভোট হবে কলকাতা সহ পূর্ব বর্ধমান, নদীয়া, হুগলী, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায়। বুধবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোটগ্রহণের আগে নির্বাচন কর্মীদের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। মঙ্গলবার সকাল থেকেই ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টারগুলো থেকে ভোট কর্মীরা ইভিএম মেশিন ও ভোট পরিচালনা সংক্রান্ত সরঞ্জাম নিয়ে নিজ নিজ বুথে রওনা দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায়। এই দফায় রাজ্যের সাতটি জেলার মোট ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। নদিয়ার ১৭ টি বিধানসভা, উত্তর ২৪ পরগনার ৩৩টি বিধানসভা দক্ষিণ ২৪ পরগনার ৩১ টি বিধানসভা, কলকাতার ১১ টি , হাওড়ার ১৬ টি, হুগলির ১৮ টি এবং পূর্ব বর্ধমানের ১৬ টি বিধানসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কমিশন সূত্রে খবর দ্বিতীয় দফার ভোটে মোট ৪১ হাজার ১টি ভোটগ্রহণ কেন্দ্র খোলা হচ্ছে। এর মধ্যে ৩৯ হাজার ৩০১টি প্রধান এবং ১ হাজার ৭০০টি অক্সিলিয়ারি কেন্দ্র। শহরাঞ্চলে ১৪ হাজার ২১৮টি এবং গ্রামাঞ্চলে ২৫ হাজার ৮৩টি প্রধান ভোটগ্রহণ কেন্দ্র থাকবে। মোট কেন্দ্রের মধ্যে ৮ হাজার ৮৪৫ টি সম্পূর্ণ মহিলা পরিচালিত। এছাড়া ২৫৮টি মডেল ভোটগ্রহণ কেন্দ্র এবং ১৩টি বিশেষ ভাবে স্বক্ষম কর্মীদের পরিচালিত কেন্দ্র রাখা হয়েছে। গড়ে প্রতিটি কেন্দ্রে ভোটার সংখ্যা ৭৮৫। এই দফায় মোট ১ হাজার ৪৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ২২০ জন মহিলা।
প্রথম দফায় ৯৩ শতাংশের বেশি ভোট পড়েছে ১৫২ টি বিধানসভায়। দ্বিতীয় দফার ১৪২টি আসনের মধ্যে ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ১২৩টি আসন জিতেছিল। বিজেপি জিতেছিল ১৮টি এবং আইএসএফ পেয়েছিল একটি আসন। দ্বিতীয় দফা নির্বাচনের আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য পুলিশকে কড়া নির্দেশকা দিয়েছে কমিশন। ভোটারদের ভয় দেখানো বা ভোটদানে বাধা দেওয়ার মত ঘটনা এড়াতে এবার বিশেষভাবে নজরদারি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা ছটায় শেষ হবে ভোট গ্রহণ পর্ব। তারপরই দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের এক্সিট পোল প্রকাশ হবে সংবাদ মাধ্যমে।
West Bengal election phase 2
কাল ভোট, ট্রাইব্যুনালে যুক্ত আরও ১ হাজার ৪৬৮
×
Comments :0