Strait of Hormuz

হরমুজ সংকটে এলএনজি উদ্বেগে বাংলাদেশও

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখন বন্ধের উপক্রম। আমােরিকা ইজরায়েলের চাপানো যুদ্ধে  সমস্যায় বিশ্ব। বাংলাদেশেও জ্বালানি নিরাপত্তার বড় সংকট দেখা দিয়েছে। পারস্য উপসাগরের সঙ্গে সংযোগকারী এই পথ দিয়েই গত বছর বাংলাদেশের অর্ধেকের বেশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি হয়েছে।
কেপলার ইনসাইট ও উড ম্যাককেঞ্জির তথ্যমতে, গত বছর বাংলাদেশ ৫০ ভাগের বেশি এলএনজি সংগ্রহ করেছে কাতার ও সংযুক্ত আরব আমিরাশাহী থেকে। ২০২৫ সালে বাংলাদেশ মধ্যপ্রাচ্য থেকে প্রায় ৩৬ লাখ টন এলএনজি আমদানি করে, যার প্রধান উৎস ছিল কাতার।
মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম প্রধান গ্যাস উৎপাদনকারী অঞ্চল। পাইপলাইনের বদলে বিশেষায়িত জাহাজে করে এখান থেকে গ্যাস আসে। ফলে বাংলাদেশের মতো অনেক দেশের জন্যই হরমুজ প্রণালি অপরিহার্য।
ফিন্যান্সিয়াল টাইমসের (এফটি) প্রতিবেদনে বলা হয়েছে, কাতার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলএনজি রপ্তানিকারক। বৈশ্বিক এলএনজি সরবরাহের প্রায় ২০ শতাংশ আসে কাতার থেকে। কেপলার ইনসাইটের তথ্যে দেখা যায়, কাতার থেকে এলএনজি আমদানিতে চীন ও ভারত শীর্ষে থাকলেও এশীয় ক্রেতাদের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানও তালিকার ওপরের দিকে রয়েছে।
২০২৫ সালে পাকিস্তান তার এলএনজি চাহিদার ৯৯ শতাংশই কাতার ও সংযুক্ত আরব আমিরাশাহী থেকে পূরণ করেছে। আর ভারত ও বাংলাদেশ তাদের চাহিদার অর্ধেকের বেশি এই দুই দেশ থেকে আমদানি করেছে।
এদিকে ওমান হরমুজ প্রণালির বাইরে থেকে এলএনজি রপ্তানি করে। ফলে উপসাগরীয় অঞ্চল বন্ধ হয়ে গেলেও ওমান থেকে সরবরাহ অব্যাহত থাকতে পারে। তবে কাতারের বিশাল উৎপাদনের তুলনায় ওমানের উৎপাদন নগণ্য। তাই বাংলাদেশের জ্বালানি আমদানির জন্য হরমুজ প্রণালিই এককভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ।
২০২২ সাল পর্যন্ত রাশিয়া ছিল বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারী। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর তাদের বিক্রি কমে যায়। এখন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারী। এরপরই রয়েছে কাতার ও অস্ট্রেলিয়া।
বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকলে বিশ্ববাজারে ১৫ শতাংশ এলএনজি সরবরাহ কমে যাবে। এমন পরিস্থিতিতে এশীয় ক্রেতাদের যুক্তরাষ্ট্র থেকে গ্যাস আমদানির জন্য তীব্র প্রতিযোগিতায় নামতে হবে।
বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের জন্য এলএনজি অপরিহার্য। ফলে হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বিঘ্নিত হলে বাংলাদেশ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে।

Comments :0

Login to leave a comment