Bangladesh Flight Middle East

যুদ্ধের জেরে মধ্য প্রাচ্যের সব বিমান স্থগিত করল ঢাকা

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা 

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের চলমান সংঘাতের কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট আপাতত স্থগিত করা হয়েছে। এছাড়াও, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ কিছু নির্দেশনাও জারি করেছে। শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ মহাব্যবস্থাপক বোসরা ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট আপাতত বন্ধ রাখা হয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, কুয়েত ও বাহরিনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের পালটা হামলার পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় উড়ান পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক নিরাপত্তাজনিত পরিস্থিতিতে ইরানে ইসরায়েল কর্তৃক হামলার ঘটনার পর মধ্যপ্রাচ্য অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাহরিন, কুয়েত, দুবাই ও কাতারসহ কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট রুটসমূহে নির্ধারিত কয়েকটি বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব অথবা পুনঃনির্ধারণ করা হয়েছে।

Comments :0

Login to leave a comment