মীর আফরোজ জামান: ঢাকা
দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এবারের নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে ৫০টি রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীসহ মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৮১ জন। নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মহম্মদ সানাউল্লাহ।
বৃহস্পতিবার সারা দেশে জাতীয় সংসদ ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সানাউল্লাহ জানান, মোট ৪২ হাজার ৬৫৯টি কেন্দ্রে সশরীরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৯৯টি কেন্দ্রে পোস্টাল ভোট গণনা করা হবে। সব মিলিয়ে মোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৯৫৮টি। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ।
এদিকে বুধবার পুলিশ জানায় যে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক ঠাকুরগাঁও জেলার জামাত নেতা আমির বেলাউদ্দিন প্রধানের কাছ থেকে ৭৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। কুমিল্লার মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালী নামে এক জামাত নেতাকে আটক করেন স্থানীয়রা। প্রশাসন জানিয়েছে এই ব্যক্তির কাছ থেকে ২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।
সানাউল্লাহ জানান, বাংলাদেশে কমিশন অনুমোদিত পর্যবেক্ষক থাকছেন ৪৫ হাজার ৩৩০ জন। এর মধ্যে ৩৫০ জন বিদেশি পর্যবেক্ষক রয়েছেন, যা আরও বাড়তে পারে। সংবাদ সংগ্রহের জন্য ৯ হাজার ৭০০ জন সাংবাদিক নিবন্ধন করেছেন, যাদের মধ্যে ১৫৬ জন বিদেশি সংবাদকর্মী।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকছে ৯ লাখ ৫৮ হাজার সদস্য। প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে ইউএভি (ড্রোন) এবং বডি ওর্ন ক্যামেরা। এছাড়া ৯৫ শতাংশের বেশি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
সংশোধিত নিয়ম অনুযায়ী এবার ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক থাকতে পারবে। নির্বাচনের দিন প্রতি দুই ঘণ্টা অন্তর অগ্রগতির রিপোর্ট প্রদান করা হবে (মোট চারবার)। গণভোট ও সংসদ নির্বাচনের ফলাফল একই সাথে ঘোষণা করা হবে। বেশিরভাগ ফলাফল মধ্যরাতের মধ্যে পাওয়া যাবে বলে আশা করছে কমিশন। পরের দিন সকালে রিটার্নিং অফিসার ‘ফর্ম-১৮’ তে স্বাক্ষর করার পর আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশিত হবে।
কমিশন জানিয়েছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ পর্যন্ত ৩০০টি মামলা দায়ের এবং ৫০০টিরও বেশি তদন্ত করা হয়েছে। এছাড়া ১৩ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ৮৫০টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এদিকে, মঙ্গলবার অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন।
Comments :0