ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃত পরিযায়ী শ্রমিকের নাম রামপ্রবেশ মুদি(৩৫)। বাড়ি মানবাজার ২ ব্লকের চৌকান গ্রামে। কর্মস্থল গোয়া থেকে বাড়ি ফেরার পথে ঘটে মর্মান্তিক পরিণতি। খড়গপুরের কাছে রেললাইনের ধার থেকে উদ্ধার হয়েছে ওই পরিযায়ী শ্রমিকের নিথর দেহ। মৃত শ্রমিকের বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা, স্ত্রী এবং দুই সন্তান। এই কঠিন সময়ে শোকাতপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সিপিআই(এম) নেতৃত্ব।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাজের সূত্রে গোয়ায় থাকতেন ওই যুবক। সেখান থেকে ফেরার পথেই বিপত্তি ঘটে। খড়গপুর স্টেশনের কাছে রেললাইনে তাঁর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। জিআরপি দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ময়নাতদন্ত শেষ হওয়ার পর মরদেহটি রাতেই তার গ্রামে নিয়ে আসা হচ্ছে তার মৃতদেহ। ঘটনার খবর পাওয়া মাত্রই সক্রিয় হয় ডিওয়াইএফআই জেলা নেতৃত্ব। প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে দেহ ফিরে আনার সমস্ত ব্যবস্থাই তারা করেছেন। মৃত যুবকের বাড়িতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি সুব্রত মাহাতো, সম্পাদক চিরঞ্জিত মুখার্জী, সিপিআই(এম) জেলা সম্পাদক মন্ডলী সদস্য রথু সিং ও ত্রিদিব চৌধুরী, প্রাক্তন যুব নেতা কান্তিময় মাহাত সহ এলাকার সিপিআই(এম) নেতৃত্ব। কান্নায় ভেঙে পড়া পরিবারটিকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তাঁরা।
সংগঠনের জেলা নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, "রাজ্যে কর্মসংস্থানের অভাবই এই পরিযায়ী শ্রমিকদের ভিনরাজ্যে যেতে বাধ্য করছে। পথেই প্রাণ হারাতে হল এই তরতাজা প্রাণটিকে। আমরা শুরু থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছি। জিআরপির সঙ্গে কথা বলে দ্রুত ময়নাতদন্ত ও দেহ বাড়িতে আনার ব্যবস্থা করা হয়েছে। এই অসহায় পরিবারটির লড়াইয়ে আমরা শেষ পর্যন্ত পাশে থাকব।" উপার্জনের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা পরিবারটি। ডিওয়াইএফআই’র পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, সরকারি তরফে যেন এই পরিবারটিকে দ্রুত আর্থিক সহায়তা প্রদান করা হয়। আপাতত সংগঠনের কর্মীরাই পরিবারের সদস্যদের দেখভাল ও শেষকৃত্যের কাজে তদারকি করছেন।
Migrant Worker Dies
পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার খড়গপুরে
×
Comments :0