Bomb Threat

কাঁথি ও তমলুক পোস্ট অফিসে বোমা আতঙ্ক

জেলা

বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ একটি ইমেল ঘিরেই তীব্র চাঞ্চল্য ছড়ায় কাঁথি ও তমলুক মুখ্য ডাকঘরে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক। প্রাণভয়ে অফিস ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন গ্রাহক ও ডাককর্মীরা।
কাঁথি মহকুমা ডাকঘরের পোস্টমাস্টার প্রশান্ত কুমার মাইতি জানান, এদিন বেলা সাড়ে ১১.৩১ নাগাদ রিজিওনাল অফিস থেকে একটি মেইল আসে। তাতে জানানো হয় দ্রুত পোস্ট অফিস চত্বর খালি করে দিতে হবে। যেহেতু প্রতিটি বড় পোস্ট অফিসেই পাসপোর্ট পরিষেবা অফিস সংযুক্ত আছে সেখানে আরডিএক্স বোম বিস্ফোরণ হতে পারে। কোনও ঝুঁকি না নিয়ে দ্রুত গোটা ভবন খালি করার নির্দেশ দেওয়া হয় ওই মেলে। বিষয়টি জানাজানি হতেই হুড়োহুড়ি পড়ে যায় ভেতরে। কর্মীরা যে যেমন অবস্থায় ছিল কাউন্টার ছেড়ে বেরিয়ে আসেন, আতঙ্কে ছুটতে থাকেন গ্রাহকরাও। কাঁথি শহরের রাস্তার এপারে ওপারে লাগোয়া থানা এবং পোস্ট অফিস। খবর পেয়েই দ্রুত পুলিশ বাহিনী সহ এসডিপিও ঘটনাস্থলে উপস্থিত হন। পোস্ট অফিস, থানার ২০০ মিটারের মধ্যেই এসডিও অফিস ,কোর্ট ,জেলখানা এবং বহু সরকারি অফিস, দোকান বাজারের অবস্থান।
ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত কাঁথি ও তমলুক শহরের সাধারণ মানুষ। ইমেলটি কোথা থেকে এবং কেন পাঠানো হলো, তার নেপথ্যে কোনও নাশকতার ছক রয়েছে নাকি কেউ নিছক আতঙ্ক ছড়াতে এই কাজ করেছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Comments :0

Login to leave a comment