ভোটের মরশুমে ফের বিপর্যস্ত জনজীবন। আসন্ন নির্বাচনের প্রস্তুতি চলছে জোরকদমে। যানবাহন সংগ্রহে সরকারি ও বাণিজ্যিক গাড়ির পাশাপাশি কিছু ক্ষেত্রে ব্যক্তিগত গাড়িও অধিগ্রহণ করা হচ্ছে বলে খবর। উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল ধূপগুড়িতে দেখা দিল তীব্র বাস সংকট। ঘণ্টার পর ঘণ্টা টার্মিনাসে দাঁড়িয়ে থেকেও গন্তব্যে পৌঁছাতে পারছেন না সাধারণ মানুষ। বিশেষ করে শিলিগুড়ি ও জলপাইগুড়িগামী যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে।
শুক্রবার ধূপগুড়ি পৌর বাস টার্মিনাসে গিয়ে দেখা গেল ভয়াবহ চিত্র। হাতেগোনা যে দু-একটি বাস রাস্তায় নামছে, তাতে তিলধারণের জায়গা নেই। বাদুড়ঝোলা ভিড় নিয়েই ঝুঁকি নিয়ে চলছেন যাত্রীরা। বেসরকারি সংস্থার কর্মী রাজু রায় ক্ষোভ উগরে দিয়ে বলেন, “কাজের সময় পেরিয়ে গেল, বাসের দেখা নেই। যেগুলো আসছে তাতে পা রাখা যাচ্ছে না।” একই ভোগান্তির কথা জানান শিলিগুড়িগামী যাত্রী সন্তোষ রায়ও।
পরিবহন কর্মীদের সূত্রে খবর, প্রতিবেশী রাজ্য আসামের বিধানসভা নির্বাচন ও রাজনৈতিক কর্মসূচির কারণে উত্তরবঙ্গের একাধিক রুটের বেসরকারি বাস রিকুইজিশন করে নেওয়া হয়েছে। ফলে স্থানীয় রুটে তৈরি হয়েছে এই তীব্র আকাল। বাধ্য হয়ে অনেক যাত্রী চড়া দামে টোটো ভাড়া করছেন, আবার পকেটের টান থাকায় অনেকে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন। বাস মালিক অরুপ সাহা স্বীকার করে নিয়েছেন, নির্বাচনী কাজে বাস তুলে নেওয়ায় এই অচলাবস্থা। প্রশাসনের সঠিক পরিকল্পনার অভাবেই কেন বারবার সাধারণ মানুষকে এভাবে হয়রানির শিকার হতে হবে, সেই প্রশ্নই তুলছেন ক্ষুব্ধ নাগরিকরা।
Election
নির্বাচনের আগে উধাও বাস, ভোগান্তিতে ধূপগুড়ির নিত্যযাত্রীরা
×
Comments :0